Home খেলাধুলা ফুটবলকে বিদায় বললেন গোলকিপার রানা

ফুটবলকে বিদায় বললেন গোলকিপার রানা

11


স্পোর্টস ডেস্ক

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন জাতীয় দলে খেলা গোলকিপার আশরাফুল ইসলাম রানা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফুটবলকে বিদায়ের ঘোষণা দেন ব্রাদার্স ইউনিয়নের এই ফুটবলার।

বিদায়ী ঘোষণায় রানা বলেন, ‘আপনাদের মাধ্যমেই আসলে ঘোষণা করতে চাই, আগামীকাল মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়েই অবসরের ঘোষণা দিচ্ছি। এটা আসলে সব ধরনের ফুটবল থেকেই অবসর নেওয়া। আমার আসলে পরিকল্পনাই ছিল, ২০২৫ সাল পর্যন্ত ক্লাব ফুটবল চালিয়ে যাব। আমার মনে হচ্ছে, ফুটবল ছেড়ে দেওয়ার এখনই সঠিক সময়।’

মানিকগঞ্জে জন্মগ্রহণ করা রানা পেশাদার ফুটবলে প্রথম খেলেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে। এই দলেই খেলেন ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, ধারে সাইফ স্পোর্টিংয়ে খেলার পর রানা ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত খেলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। এরপর আবারও চট্টগ্রাম আবাহনীতে ফেরার পর ২০২৪ সালে রানা যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। পেশাদার ক্যারিয়ারে এটিই তার শেষ ক্লাব।

জাতীয় দলে রানার অভিষেক হয়েছিল ২০১৫ সালে, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে। লাল-সবুজ জার্সিতে ২৫ ম্যাচ খেলেছেন তিনি। যার সর্বশেষ ম্যাচটি ছিল ২০২১ সালে, সেই নেপালের বিপক্ষেই।