Home আঞ্চলিক এবার কেসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণার দাবি করলেন ইসলামী আন্দোলনের আউয়াল

এবার কেসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণার দাবি করলেন ইসলামী আন্দোলনের আউয়াল

14


স্টাফ রিপোর্টার
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাত পাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের ফলাফল বাতিল করে হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এ অভিযোগ দাখিল করেন।
রবিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় খুলনা যুগ্ম জেলা জজ ১ম বিচারিক আদালত ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলার আরজিতে গত ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাত পাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী ঘোষণা করার কথা উল্লেখ করা হয়েছে।
খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ১২ জুন, ২০২৩ এ হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়। সারাদিন আতংক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১৫৪৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন প্রার্থীকে ৬০০৬৪ ভোট দেখিয়ে ২য় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো। জনতার সাথে কৃত এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধিনে আব্দুল খালেকের ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আরজি জানানো হয়। আদালত আগামী ২৮ মে শুনানির দিন ধার্য করেছেন।