স্টাফ রিপোর্টার
নগরীর সিটি বাইপাস সড়কে ট্রাক তল্লাশি করে ১৯২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তারের মামলার দু’আসামিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড, প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৮ মে) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত দু’আসামি হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা. মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান। রায় ঘোষণাকালে আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরোপয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিম রাস্তায় চেকপোষ্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাক চালক জাহিদুজ্জামান এবং তার পাশে বসা হাসান আলী বসার সিটের নিচে প্লাষ্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় ফেন্সিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহআলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন যার নং- ৬। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।











































