স্টাফ রিপোর্টার
হরিণটানা থানাধিন খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছনে ইসলাম নগরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী কাজী মতিউল হক রাজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তবে কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন কাজী মতিউল হক রাজিব, রাজিবের ভগ্নিপতি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা শেখ মাহবুব আলম ও রাজিবের ভাগ্নে ইমরান মাহবুব তন্ময়। আসামিরা হলেন হরিণটানা থানার ইসলাম নগরের মৃত. মোহাম্মদ আলি গাজীর ছেলে জি এম আবু বকর (৫২), আবু বকরের ছেলে মো. মনির (৩০), মৃত. পীর আলির ছেলে মো. রুবেল (৩৫), মৃত. সাত্তার আকুঞ্জির ছেলে রাকিব আকুঞ্জি (২৬),
হারুন মুন্সি ছেলে কাওসার শিকদার (৪৫), মো. জাকির (৬২), কালা বাবু (৩৫) ও রহিম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, হরিণটানা থানাধিন খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছনে ইসলাম নগরের মৃত. কাজী এনামুল হকের ছেলে কাজী মতিউল হক রাজিবের পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে পুর্ব শত্রুতার জেরে আসামিরা রামদা, চাপাতি, লোহার রড, ধারালো দা ও হাতুড়ি নিয়ে রাজিবের চলাচলের রাস্তা বন্ধ করে জায়গা দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে আসামিরা ঘরে ডুকে চাপাতি দিয়ে রাজিবকে কোপ মারে। রাজিবের স্ত্রীকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। ছোট বোনকে মারপিট করে গলে থাকা নগদ ৩লাখ টাকা, স্বর্ণের চেন ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে রাজিবের ভগ্নিপতি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা শেখ মাহবুব আলম ও তার ছেলে ইমরান মাহবুব তন্ময় এগিয়ে এলে আসামিরা তাদেরও মারপিট করে মারাত্মক জখম করে। তাদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসামিরা চলে যাওয়ার সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এঘটনায় কাজী মতিউল হক রাজিব বাদী হয়ে হরিণটানা থানায় ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যার নং-৬।











































