স্পোর্টস ডেস্ক
টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে রানরেটের মারপ্যাঁচে পিছিয়ে মূল পর্বের যোগ্যতা অর্জন করে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপ নিশ্চিত করা টাইগ্রেসরা আজ সোমবার বিকেলে দেশে ফিরেছে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলছিলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর আগে বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
ফারুক আরো বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব। আমরা আপনাদের প্রতিভা ও সম্ভাবনার উপর বিশ্বাস রাখি এবং আশা করি আপানরা বিশ্ব মঞ্চে জাতিকে গর্বিত করবেন।’










































