স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ বোলারদের কাঁদিয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। যেখানে লিড পায় ৮২ রান।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের ইনিংসের শেষ ৫ উইকেট মেহেদী হাসান মিরাজ দখল করেন। তার কল্যাণেই তিনশর আগে সফরকারীদের ইনিংস থেমেছে। এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে। তবে স্বাগতিকরা এখনও ২৫ রানে পিছিয়ে রয়েছে।
সিলেট টেস্টে বাংলাদেশ কত দূর যেতে চায়? এমন প্রশ্ন অবশ্য শুরুতে এড়িয়েই গিয়েছিলেন আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ।
এরপর মিরাজের কাছে আবারও লক্ষ্যের কথা জানতে চাইলে শুরুতে বলেছেন লিড নেওয়ার দিকেই আপাতত তাকিয়ে তার দল। এরপর একটা সংখ্যার কথাও বলেছেন মিরাজ, ‘এখন যে উইকেট আছে, আমার কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’
এদিকে জিম্বাবুয়েকে থামিয়ে দিতে পারলেও প্রতিপক্ষের রান কি প্রত্যাশার চেয়ে বেশি হয়ে যায়নি—এমন প্রশ্নে মিরাজের উত্তর, ‘কাল কিন্তু ওরা এগিয়ে ছিল। কিন্তু আজকে যখন আমরা শুরু করেছি, অনেক ভালো বল করেছি গতকালের চেয়ে। আমরা যে প্রত্যাশা করেছি, তার ভেতর আটকাতে পেরেছি। হয়তো শেষের দিকে ব্যাটসম্যানরা যে ৩০-৪০ রান করেছে, এটা অতিরিক্ত হয়েছে।’
বাংলাদেশের জন্য এই রান যদিও চাপ হবে না বলে মনে করেন মিরাজ, ‘আমার মনে হয় না এটা চাপ। আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, ভালো সংগ্রহ দিতে পারি। আমরা পরে ডিফেন্ড করতে পারব। টেস্ট ক্রিকেটের এটাই একটা সৌন্দর্য আমার মনে হয়, একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকব। দিন শেষে ভালো যারা খেলবে তারাই ফল পাবে।’










































