খুলনাঞ্চল রিপোর্ট
গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে খুলনাসহ দেশের ৭টি জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় অন্তত ১৬টি রেস্তোরাঁ ও শো-রুমে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরের দিকে কক্সবাজারে পাঁচটি, চট্টগ্রামে তিনটি, সিলেট পাঁচটি, গাজীপুরে চারটি, কুমিল্লায় একটি এবং বগুড়ায় একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মহানগরীর খুলনার কেএফসি ও বাটার দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ মানুষেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল, স্লোগান-সমাবেশ ও ধর্মঘট পালন করেন।
সকাল থেকে সারাদেশের জেলা-উপজেলা শহর ছিল প্রতিবাদমুখর। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ যার যার অবস্থান থেকে পথে নেমে এসে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন, মিছিলে স্লোগান তুলেছেন।
এ বিষয়ে বাটা তাদের জনসংযোগ প্রতিষ্ঠান ‘ফোর থট পিআর’ এর মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে।
সেখানে বলা হয়েছে, “আমরা আমাদের দোকানে আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো দোকান ভাঙচুর করা হয়েছে ও মালামাল চুরি করা হয়েছে। একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে এই ধরনের আচরণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। বর্তমানে আমরা এসব ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি।”
সিলেট: বিক্ষোভ মিছিল থেকে কোমল পানীয় কোকাকোলা বিক্রির কারণে সিলেট নগরীতে ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি থাকা আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটাতেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে নগরীর মিরবক্সটুলার কেএফসি এবং দরগা গেইট এলাকার বাটার শো-রুমে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান।
এ ছাড়া নগরীর আম্বারখানা পয়েন্টে ইউনিমার্ট শপিং সেন্টারে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
কক্সবাজার: বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার পর্যটন জোনের অন্তত পাঁচটি রেস্টুরেন্টে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হলিডে মোড় হয়ে ঘুরে লাবণী হয়ে কলাতলী যায়। এ সময় ভাঙচুর চালানো হয়।
বগুড়া: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বের হওয়া মিছিল থেকে বগুড়ার বাটার শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরের দিকে বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গ্লাস ভাঙচুর করে।
প্রায় আধা ঘণ্টা ধরে তারা সেখানে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেয় এবং ভাঙচুর চালায়। সেখানে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। কিছুটা দূরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও বিপুল সংখ্যক মানুষের সামনে তাদের কিছুই করার ছিল না।
চট্টগ্রাম: বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রামে কেএফসির দুটি রেস্তোরাঁর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। সোমবার বিকালে ‘মার্চ ফর গাজা’ মিছিল থেকে নগরীর নাসিরাবাদ ও চেরাগী পাহাড় মোড়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া জিইসি মোড়ে আন্তর্জাতিক কোমল পানীয় কোকাকোলার সাইনবোর্ডও ভাঙচুর করা হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিকালে নগরীর ষোলশহর থেকে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানিয়ে মিছিল বের করা হয়। যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিভিন্ন বয়েসী লোকজন অংশ নেন।
মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড, ফিলিস্তিনি পতাকা নিয়ে ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি জিইসি মোড়ের দিকে আসার সময় ভেতর থেকে কিছু লোক নাসিরাবাদ সানমার ওশান সিটির পাশের ভবনে কেএফসি রেস্তোরাঁয় ঢিল ছুড়লে সামনের কাচ ভেঙ্গে যায়।
সেখান থেকে কিছু লোক জিইসি মোড়ে জামান হোটেলের কোকোকোলার সাইনবোর্ড ও ভাঙচুর করে। এসময় রেস্তোরাঁটিরও সামনের অংশের কাচ ভেঙ্গে যায়।
গাজীপুর: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাটা শো-রুমসহ কয়েকটি দোকানের সামনে বিলবোর্ড, ব্যানার, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দীন বলেন, বিক্ষোভকারীরা বিকালে বাটা শো-রুমের বাইরের ব্যানার ভাঙচুর করেছে। তবে শো-রুমের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুমিল্লা: কুমিল্লার রাণীর বাজারে কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে কেএফসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।











































