Home খেলাধুলা আরও এক পেসার হারাল ইংল্যান্ড

আরও এক পেসার হারাল ইংল্যান্ড

9


স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ড শিবিরে আরেকটি দুঃসংবাদ। ঘরের মাঠে গ্রীষ্মকালীন টেস্ট সূচির আগে জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না অলি স্টোন। এই পেসারের হাঁটুর চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন। ফলে ১৪ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।


শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, গত মাসে আবু ধাবিতে নটিংহ্যামশায়ারের প্রাক-মৌসুম সফরের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্টোন। এই সপ্তাহে আরও স্ক্যান করানোর পর বোঝা যায় অস্ত্রোপচার প্রয়োজন তার। এখন তিনি পুনর্বাসন শুরু করবেন। ইসিবি ও নটিংহ্যামশায়ার, উভয়ের চিকিৎসক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন ৩১ বছর বয়সী বোলার।

স্টোন এই গ্রীষ্মের ছয়টি টেস্ট খেলতে পারবেন না। আগামী ২২ মে থেকে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। জুন-জুলাইয়ে ভারতের বিপক্ষে আছে পাঁচটি টেস্ট। অগাস্টের মধ্যে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্যে আছেন স্টোন, যেন লন্ডন স্পিরিটের হয়ে ‘দা হান্ড্রেডে’ খেলতে পারেন।

এর আগে স্টোনের টেস্ট অভিষেক ২০১৯ সালের জুলাইয়ে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের তিন গ্রীষ্মে পিঠের চোটে ভোগায় খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। ২০২১ সালে দুটি টেস্ট খেলেন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

তিন বছর পর ২০২৪ সালে তিনি টেস্ট দলে ফেরেন শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে ওই সিরিজে দুই টেস্ট খেলে শিকার করেন ৭ উইকেট। পরে পাকিস্তান ও নিউ জিল্যান্ড সফরের দলে থাকলেও কোনো টেস্ট খেলার সুযোগ তিনি পাননি। বিয়ের জন্য পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফিরে দলে জায়গা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেন তিনি।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনি সাদা বলের ম্যাচ খেলেছেন ১১টি- ১০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।

এদিকে স্টোন ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের পেস আক্রমণে চাপ আরও বাড়ল। হাঁটুতে অস্ত্রোপচারের পর মার্ক উড চার মাসের জন্য ছিটকে গেছেন গত মাসে। গোটা ভারত সিরিজেই হয়তো খেলতে পারবেন না তিনি। দীর্ঘমেয়াদী পায়ের আঙুলের চোটের সঙ্গে লড়ছেন ব্রাইডন কার্স। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করানো অধিনায়ক বেন স্টোকস জিম্বাবুয়ে টেস্টের জন্য ফিট হওয়ার লড়াইয়ে আছেন।