Home Lead যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়!

যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়!

26

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা দিন দিন প্রকট হয়ে উঠছে। নগরীর বিভিন্ন এলাকায় নেই ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। ফলে উন্মুক্ত স্থানে জমে উঠছে আবর্জনার স্তূপ; যা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

৩ মিনিটে পড়ুন
পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাই, কিন্তু দীর্ঘদিনেও এর কার্যকর সমাধান আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেটের পেছনের সড়কে প্রতিদিন জমে থাকা আবর্জনার স্তূপ যেন এক পরিচিত দৃশ্য। কখনো কখনো রাস্তার অর্ধেক অংশ দখল করে ফেলে রাখা হয় ময়লা-আবর্জনা, যা পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি করে। শুধু নিউমার্কেট নয়, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট গাড়ির মাধ্যমে ময়লা সংগ্রহ করে তা ফেলে দেয়া হয় প্রধান সড়কের পাশে। নিরালা মোড়, তেঁতুলতলা মোড়, পিটিআই মোড়, শান্তিধাম মোড়, খালিশপুর গোয়ালখালি মোড়সহ বহু এলাকায় উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা হয়। এতে দিনের অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ এলাকাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।

সিটি করপোরেশন নির্ধারিত সময়ে ময়লা অপসারণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয় না। ফলে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কখনও কখনও নির্ধারিত সময়ে ময়লা না সরানোর কারণে সেগুলো পচে যায় এবং আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এ ধরনের পরিস্থিতি সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলে নিম্নবিত্ত পরিবারগুলোকে, যারা এসব এলাকার আশপাশে বসবাস করেন। শিশু ও বৃদ্ধরা নানা ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়।

সরেজমিনে নগরীর অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে-সেখানে ময়লা ফেলার কারণে ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়ছেন। বিশেষ করে নিউমার্কেট, সোনাডাঙ্গা, খালিশপুর, ওয়ার্ড ২৪ ও ২৬-এর ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্রেতারা অনেক সময় তাদের দোকানের সামনে আসতে চান না। এতে বিক্রয় কমে যাচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী হাসান উজ্জামান বলেন, ‘আমাদের দোকানের পাশে প্রতিদিন ময়লার স্তূপ জমে ওঠে। ক্রেতারা যখন আসে, তখন দুর্গন্ধে টিকতে পারেন না। ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান পাইনি।’

খুলনা চেম্বার অব কমার্সের এক কর্মকর্তা বলেন, ‘শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রগুলোতে যদি এমন অবস্থার সৃষ্টি হয়, তবে এটি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।’

খুলনা সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের প্রশাসক মো. মারুফ রশীদ বলেন, ‘আমরা প্রতিদিন নির্ধারিত সময়ে ময়লা অপসারণের চেষ্টা করি। তবে জনবল ও পরিবহনের সংকটের কারণে আমরা পুরোপুরি সফল হতে পারছি না। নাগরিকদেরও উচিত নির্ধারিত স্থানে ময়লা ফেলা।’

সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর বেগম বলেন, ‘মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন ৭২টি ট্রাক বর্জ্য অপসারণের কাজে ব্যবহার হয়। প্রতিদিন গড়ে ৮০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়। তবে সমস্যা সমাধানে আমাদের আরও জনবল ও পরিবহনের প্রয়োজন।’

খুলনার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হলে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়তে পারে। জলাবদ্ধতা, মশাবাহিত রোগের বিস্তার এবং বাতাসে দূষণের মাত্রা বাড়ার কারণে খুলনাবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।