Home Lead সাবেক মেয়র খালেকের ঘনিষ্টজন এ্যানীর বিরুদ্ধে অনিয়মের পাহাড়

সাবেক মেয়র খালেকের ঘনিষ্টজন এ্যানীর বিরুদ্ধে অনিয়মের পাহাড়

46


স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশন (কেসিসি)’র সাবেক মেয়র পলাতক তালুকদার আঃ খালেকের ঘনিষ্টজন সহকারি কনজারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ উঠেছে। খুলনা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী নূরুন্নাহার এ্যানীর বিরুদ্ধে ভূয়া কাগজপত্র দিয়ে চাকুরি লাভ, মশক নিধনের ওষুধ পাচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তাকে এসব অভিযোগে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের অভিযোগ, সাবেক মেয়র তালুকদার খালেকের সময়ে এ্যানি ছিল অপ্রতিরোধ্য। তুচ্ছ ঘটনায় তিনি কর্মচারী-কর্মকর্তাদের নাজেহাল করতেন। প্রভাব কাটিয়ে লোক নিয়োগসহ নানা অপকর্ম ছিল ওপেন সিক্রেট।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, নানা অভিযোগে চাকুরি থেকে নুরুন্নাহার এ্যানীকে সাময়িক বরখাস্ত হয়েছে। ইতিমধ্যে ব্যক্তিগত শুনানি শেষ হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। গত ৫ মার্চ কেসিসির সচিব শরীফ আসিফ রহমান এ কমিটি গঠন করেন। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানকে আহবায়ক, কনজারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামানকে সদস্য সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
এক সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, কেসিসির বরখাস্তকৃত সহকারি কনজারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানীর বিরুদ্ধে আনীত ৩/২৪নং বিভাগীয় মামলাটি তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়। তবে কত দিন নাগাদ কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করবেন তা উল্লেখ করেননি।
বিভাগীয় মামলায় উল্লেখ করা হয়, রেশমা খাতুন গং ২০২৪ সালের গত ৭ আগস্ট অভিযোগে জানানো হয়, তারা খুলনা সিটি কর্পোরেশনে আউট মৌর্সিং-এ বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত। এ্যানী বিভিন্ন সময়ে তাদের অনেকের কাছ থেকে মাস্টাররোলে চাকুরী দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে আউট সোর্সিং এ চাকুরী দিয়েছেন। আউট সোর্সিং এ চাকুরি দিলেও তাদের ৩০ দিনের কাজ করিয়ে ১৫/২০ দিনের হাজিরা দেন। যার কারণে তারা যে পারিশ্রমিক পান তা দিয়ে তাদের সংসার নির্বাহ করা সম্ভব হয় না। এছাড়া এ্যানী সাবেক মেয়রকে বলে তাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও পরবর্তীতে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বেতন বৃদ্ধির বিষয়ে একাধিকবার তাগিদ প্রদান করলে এ্যানী তাদের চাকুরী থেকে অব্যাহতি প্রদানের হুমকি দেন। এছাড়া তাদের পারিশ্রমিক নিয়েও টালবাহানা করে।
সিটি করপোরেশন এ্যানীকে দেওয়া এক চিঠিতে জানায়, ‘আপনি মশক নিধনের যন্ত্রপাতি, তেল, মালামাল রুমে তালাবদ্ধ রেখে অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে কঞ্জারভেন্সি শাখার কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে আপনার দায়িত্ব প্রাপ্ত স্থানের রুমের তালা ভেঙ্গে কঞ্জারভেন্সি মালামাল বের করে কঞ্জারভেন্সি শাখার কার্যক্রম চালানো হয়। এছাড়া আপনার বিরুদ্ধে নানাবিধ অভিযোগের কারণে খুলনা সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়া আপনার সহকারী কঞ্জারভেন্সি অফিসার পদে চাকুরী পাওয়ার আবেদনে প্যারা মেডিকেল ডিপ্লোমা স্নাতকসহ পাঁচ বছরে অভিজ্ঞতা নেই, এছাড়া একই আবেদনের মার্জিনে আপনার চাহিত অভিজ্ঞতা নেই মর্মে দেখা যায়। আপনি ২০০৩ সালে এস.এস.সি পাশ করেন এবং ২০০৪ সালে এইচ.এস.সি পাশ করেন। এতে প্রমাণ করে আপনি ভূয়া সনদপত্র দাখিল করে চাকুরীতে যোগদান করেন। আপনার এহেন অপরাধ খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৩৮ (ক) (খ) এবং (ঙ) ধারায় বর্ণিত দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, পলায়ন এবং দুর্নীতি পরায়নের সামিল। আপনার এহেন কর্মকান্ডের জন্য কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। সেহেতু, আপনি নূরুন্নাহার এ্যানি, পিতা-শেখ নুরুল ইসলাম, সহকারী কঞ্জারভেন্সি অফিসার, এর বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৩৮ (ক) (খ) এবং (ঙ) ধারায় বর্ণিত দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও দুর্নীতির অপরাধে অভিযোগ আনায়ন করা হলো। ’
নূরুন্নাহার এ্যানী এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমার দীর্ঘ চাকুরী জীবনে বা তার পূর্বে আমি কখনই ফ্যাসিস্ট অপবাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম না। এমন কি পলাতক মেয়র আমার ঘনিষ্টজন নয়। বর্তমানে কেসিসি হতে আমার বিষয়ে বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে।’