স্টাফ রিপোর্টার
জুলাই অভুত্থ্যানের আগে খুলনার কতিপয় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ট আরিফ শেখ এখন ভূয়া সংগঠন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই হয়েছে তার নামে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা। আরিফ শেখ, নগরীর সবুজবাগ ইসলামবাগ মোড়ের মৃত জালাল শেখের পুত্র। পট পরিবর্তনে পাল্টে যাওয়া আরিফ গংদের দাপটে অস্থির স্থানীয় ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে সাধারণ মানুষ। চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ ও খুলনাঞ্চলের অনুসন্ধানে জানাগেছে, পতিত আওয়ামী লীগের আমলে আরিফ শেখ ছিলেন ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আজগারের ঘণিষ্ঠজন। তাঁর সাথেই নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করতেন আরিফ ও তার সহযোগীরা। সু-সম্পর্ক ছিল ২৪নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কাঞ্চন শিকাদারের সঙ্গেও। সেই সময়ে নিজের নামে প্যানা বানিয়ে এলাকায় প্রচার করেন আরিফ শেখ। তবে সময়ের পরিবর্তনে পাল্টে যান আরিফ।
গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে ভোল পাল্টে ফেলেন আরিফ শেখ। নিজের আধিপত্য ও সাম্রাজ্য ধরে থাকতে গড়ে তোলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে ভূয়া সংগঠন। যে সংগঠনের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক তিনি নিজেই। ভোল পাল্টে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করায় ক্ষুব্ধ ২৪নং ওয়ার্ডের বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিফ শেখের আগের ছবি ও পরের ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। তারা এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বায়োজিদ হোসেন বলেন, আরিফ শেখ বিএনপির কোন নেতা বা কর্মী নয়। আমি তাকে ব্যাক্তিগতভাবে চিনি না। যদি সে আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে ওয়ার্ডের একাধিক কর্মী জানান, আরিফ শেখ ও তার সহযোগীরা এখন বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করে চলছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীর ব্যবস্থা দেখতে চাই।
উল্লেখ্য, গত রবিবার রাতে নগরীর শেরে বাংলা রোডের খোলা জ¦ালালি তেল ও পুরনো আসবাবপত্র বিক্রেতা মোস্তাকিম বিল্লাহ লনি’র নিকট চাঁদা দাবি করে আরিফ শেখ। চাঁদা না পেয়ে আরিফ শেখ ও তার বাহিনী মোস্তাকিম বিল্লাহ লনি’র ধাঁরালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় তার একটি আঙ্গুল কেটে গেছে। এ সময় লনি’র ভাই মোঃ আল আমিন জনি এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলিও ছুরিা হয় বলে দাবি করে জনি।
জনি জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর নামে গত কয়েকদিন ধরে তার ভাই লনির নিকট চাঁদা দাবি করে আসছিল আরিফ শেখ ও তার বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তারা হামলা চালায়।
এই ঘটনায় আরিফ শেখেসহ তার বাহিনীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে মোস্তাকিম বিল্লাহ লনি ও মোঃ আল আমিন জনির পিতা মোঃ জাহাঙ্গীর কবির খোকন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা ইতিমধ্যে নিরালার ঘটনায় তদন্ত শুরু করেছি। আমরা বিভিন্ন স্থান থেকে তথ্য নিচ্ছি। খুব শীঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বিএনপির নামে মৌসুমী চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির নামে কোন চাঁদা দাবি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ। একই সাথে বিএনপির নামে চাঁদাবাজি করাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।











































