ঢাকা অফিস।।
গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন আসতে পেরেছি, সামনের পথটুকু পাড়ি দিতে পারব। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই এসব অন্যায়ের বিচার করতে সক্ষম হব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল এ বিষয়ে দ্বিমত পোষণ করবে না। গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের বাকস্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের ন্যায়বিচার করা- এই বিষয়গুলোর প্রতি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-খুনের শিকার পরিবার ও চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল রবিবার সাক্ষাৎ এবং তাদের জন্য ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,
যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেম ও সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, গুমের শিকার বিএনপির গণশিক্ষাবিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।
তারেক রহমান বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে পারি, বিএনপিকে যদি জনগণ আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গুম-খুন-নির্যাতনের বিচার করা। বিগত ১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে যাদের বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই আমরা করব। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, আগামী দিনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশের জনগণ সিদ্ধান্ত দেবেন কারা সরকার গঠন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দল পাক না কেন; তাদের কর্মসূচির মধ্যে থাকবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন, যে পরিবারগুলো নির্যাতনের শিকার হয়েছে- অবশ্যই এসব অন্যায়ের ন্যায়বিচার করা। কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের সঠিক ও সুষ্ঠু বিচার না করতে পারি হয়তোবা দেশে আবার অন্যায় সংঘটিত হতে পারে।
আয়নাঘরের প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে হুমাম কাদের চৌধুরী দেখা করতে এসেছিলেন। তিনি বলেছেন, ভাইয়া আপনাকে যে ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছে। এখানে আমরা অনেকেই আছি যারা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকে নির্যাতনের শিকার হয়েছি, আবার অনেক পরিবার তাদের স্বজনদের এখনও ফেরত পায়নি।
গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের শুভেচ্ছা এবং শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজকে মুক্ত বাংলাদেশ। এই দেশের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনীতির অধিকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা যে আকাক্সক্ষা নিয়ে দেশ ও জনগণের জন্য যুদ্ধ, আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারেন, সেজন্য দোয়া চেয়েছেন তিনি।











































