স্টাফ রিপোর্টার
দেশের গুণী নির্মাতা আশফাক নিপুণ আর দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার এক হয়ে কাজ করলেন একটি সিরিজে। এবারই প্রথম নিপুণের পরিচালনায় এ অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আর বাড়তি পাওনা হচ্ছে একদম মুখ্য চরিত্রে জয়ার এটাই প্রথম ওয়েব সিরিজ! আর এইসব হচ্ছে হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’র জন্য। ‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় খেয়াল করি। সেটা হলো- গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেইসঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সঙ্গে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য রোমাঞ্চের। আশফাক নিপুণ বলেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি।
এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবেন। জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এ নির্মাতা বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’ দেখা যাবে ২৮শে মার্চ থেকে।











































