Home জাতীয় গণপরিষদ নির্বাচন আদায়ে সম্মিলিতভাবে রাজপথে নামব: নাহিদ

গণপরিষদ নির্বাচন আদায়ে সম্মিলিতভাবে রাজপথে নামব: নাহিদ

6


খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা রাজপথে এসেছি জনগণের কথা শোনার জন্য ও তাদের দাবি আদায়ের জন্য। আমরা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আদায়ে সম্মিলিতভাবে খুব দ্রুতই রাজপথে নামব।
সোমবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, মব কালচারের রাজনীতি তৈরি করে বাংলাদেশের ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রকে প্রতিহত করব। যে যার জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করব। কেউ আইন নিজের হাতে তুলে নেব না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার জন্য আমরা কারো ওপর নির্ভর হতে চাই না। সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমেছি। রাজনৈতিক দল গঠন করেছি। আমাদের এ মুহূর্তে সবচেয়ে জরুরি দাবি হচ্ছে বিচার এবং সংস্কার। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে এবং যারাই সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদের সকলের ন্যায্যতার ভিত্তি হচ্ছে এই আহত যোদ্ধা এবং শহিদ পরিবাররা। ফলে তাদের মনের আকাঙ্ক্ষাটা আমাদের সকলকে বুঝতে হবে। শত শত মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করেছেন। আওয়ামী লীগের খুনিদের আসামি করে মামলা করা হয়েছে। তাদের বিচার করা ছাড়াই যদি নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকার ক্ষমতায় চলে আসে তাহলে কী নিশ্চয়তা আছে যে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? আমরা মনে করি ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় দিয়ে দিয়েছেন। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির আর জায়গা হবে না।