নিজস্ব প্রতিনিধি।।
শিবির কর্মী শামীম হত্যা মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
বিজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিবির কর্মী হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান বিজুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিজু ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকাণ্ডসহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
স্থানীয়রা জানান, মোস্তাফিজুর রহমান বিজু এক সময় ভবঘুরে ছিলেন। কোনো রকম জীবন যাপন করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিজুর জীবন ধারা হঠাৎ পাল্টে যায়। সবাইকে তাক লাগিয়ে এমপি আব্দুল মান্নানের প্রভাব বিস্তার করে কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তারপর থেকে বিজুর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সোনার হরিণ ধরা দিতে থাকে। সহায় সম্পদে ভরপুর হয়ে যায়। ধীরে ধীরে লাখপতি থেকে কোটিপতি বনে যান বিজু। এখন একটি পাম্পস নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে তার।











































