চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার হুদাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এমন খবরে হুদা পাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুনের বসতবাড়ীর কাছে বিদ্যমান একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির সদস্যরা গোয়াল ঘরের ভেতরে প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
বিজিবি আরও জানায়, এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।











































