ক্রীড়া প্রতিবেদক
সিরিজের শিরোপা বিবেচনায় ম্যাচটি ছিল ডেড রাবার বা নিয়মরক্ষার। কেননা আগেই প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার জন্য পাওয়ার ছিল সান্ত¡নার জয়। তবে শুধু সান্ত¡নার জয় নয়, অসিরা পেয়েছে আরও বড় পুরস্কার।
মঙ্গলবার রাতে তিন ম্যাচ সিরিজের শেষটিতে পাঁচ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে দখলে রেখেছে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান। প্রথম দুই ম্যাচ জিতে একদিনের জন্য র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ম্যাচ হারায় ফের নিচে নেমে গিয়েছে তারা।
সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুই নম্বরে ছিল ইংল্যান্ড এবং শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। সমীরকণটা এমন ছিল, যদি তিন ম্যাচ সিরিজে অসিদের হোয়াইটওয়াশ করতে পারে ইংল্যান্ড, তাহলে তারাই হবে নতুন এক নম্বর দল। অন্যদিকে অন্তত একটি ম্যাচ জিতলেই শীর্ষস্থান নিজেদের দখলেই রাখবে অস্ট্রেলিয়া। এমন সমীকরণ মাথায় রেখে সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ দুইটি জয় পেয়েছে ইংল্যান্ড। সমান ২৭৩ রেটিং তবে পয়েন্টে এগিয়ে থাকায় র্যাংকিংয়েও এক নম্বরে উঠে গিয়েছিল তারা। কিন্তু র্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব নির্ধারণের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে এখন ২৭৫ রেটিং নিয়ে শীর্ষে তারাই। অসিদের চেয়ে ৪ রেটিং কম নিয়ে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড।
শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বিনিময়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এছাড়া ডেভিড মালান ১৮ বলে ২১, মঈন আলি ২১ বলে ২৩ ও শেষদিকে জো ডেনলি খেলেন ১৯ বলে ২৯ রানের ক্যামিও। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করা খুব একটা সহজ ছিল না অস্ট্রেলিয়ার জন্য। তাদের খেলতে হয়েছে ১৯.৩ ওভার পর্যন্ত, সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটসম্যান। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২৬ বলে ৩৯ রান করে শুরুর ঝড়টা এনে দিয়েছিলেন। এছাড়া মার্কস স্টয়নিস ১৮ বলে ২৬ রান করেন। শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল মার্শ এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
টানা ১১ জয়ে ফাইনালে নাইট রাইডার্স
ক্রীড়া প্রতিবেদক
নানান মুভি-সিনেমায় প্রায়ই নায়কের মুখে শোনা যায়, ‘অসম্ভব বলতে কোনো শব্দ আমার অভিধানে নেই’, এ কথাটির নতুন এক রূপ শুরু করা যেতে পারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সের জন্য। যেখানে তাদের বলতে শোনা যাবে, ‘পরাজয় নামের কোনো শব্দ আমাদের অভিধানে নেই।’
সত্যিই তো তাই! চলতি মৌসুমের সিপিএলে পরাজয় বলতে যে কিছু রয়েছে তা যেনো জানেই না নাইট রাইডার্স। গ্রুপ পর্বের টানা ১০ ম্যাচ জিতে উঠেছিল সেমিফাইনালে। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা ১১ জয় নিয়েই তারা পৌঁছে অষ্টম সিপিএলের ফাইনালে। এ নিয়ে চতুর্থবার ফাইনালে উঠলো ত্রিনবাগো। বলা বাহুল্য, আগের তিনবারই শিরোপা নিজেদের করে নিয়েছিল দলটি। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখে যে কেউ ফাইনাল ম্যাচে চোখ বুঝে ত্রিনবাগোর পক্ষেই বাজি ধরবেন। এবার ফাইনালে ওঠার পথে তারা বিদায় করে দিয়েছে আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াজকে। সিপিএলের ২০১৩ ও ২০১৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জ্যামাইকা, ফাইনালও খেলেছে সে দুইবার। এবার তৃতীয় ফাইনাল তথা শিরোপার লক্ষ্যে সেমিতে নেমেছিল নাইট রাইডার্সের বিপক্ষে। কিন্তু মাঠে পাত্তাই পায়নি তারা। দলে আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েটদের মতো তারকারা থাকলেও একদমই সুবিধা করতে পারেনি দলটি।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান করতে পেরেছে জ্যামাইকা। যা কি না মাত্র ১ উইকেট হারিয়ে ৩০ বল হাতে রেখেই তাড়া করে ফেলেছে টুর্নামেন্টের হট ফেবারিট ত্রিনবাগো নাইট রাইডার্স।
দ্বিতীয় দিনের পরীক্ষায় সবাই নেগেটিভ
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চলছে চার ধাপের করোনা পরীক্ষা। যেখানে অংশ নিচ্ছেন সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। যার প্রথম ধাপটি শেষ হয়েছে মঙ্গলবার। প্রথম ধাপের পরীক্ষায় প্রথম দিন দু’জন করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয় দিনে আক্রান্ত হননি কেউ।
মঙ্গলবার প্রথম ধাপের দ্বিতীয় দিনে জাতীয় দলের ৮ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সংবাদ মাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সবার খবরই ভালো। যেসব সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষা করিয়েছে, তারা সবাই নেগেটিভ। আমার জানা মতে কোন ক্রিকেটারের এদিন করোনা পরীক্ষা হয়নি।’ প্রথম ধাপের প্রথম দিন অর্থাৎ সোমবার জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছিল। সেখান থেকে জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও ইংলিশ ফিজিও নিক লি করোনা পজিটিভ হয়েছেন।
মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আপত্তি ওঠেনি
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দৃশ্যত এখন পর্যন্ত একটি প্যানেল নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী নাবিল আহমেদ-সালাম মুর্শেদীদের নিয়ে কাজী সালাউদ্দিন নির্বাচনি ময়দানে। তবে তাদের বিপক্ষে বিচ্ছিন্নভাবে সব পদেই প্রার্থীতা রয়েছে। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ওপর আপত্তি জানানোর দিনক্ষণ। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থীর ওপরই আপত্তি জমা পড়েনি।
এখন ২১ পদে ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রত্যাহারের সময় ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কোনও প্রার্থীর ওপর আপত্তি না পড়ায় নির্বাচন কমিশনের কাজ কিছুটা সহজ হয়েছে। এখন তারা আরও দ্রুত সময়ে প্রার্থীতা বাছাই করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ তেমনটাই বলেছেন, ‘বিকেল ৩টা পর্যন্ত আপত্তি দাখিলের সময় ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনও আপত্তি দাখিল হয়নি। এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বাছাই। এটার সময় হলো শুক্রবার বিকেল ৩টা। যেহেতু কোনও আপত্তি আসেনি সেহেতু আমরা দ্রুত বাছাই পর্ব শেষ করতে পারবো।’
জাতীয় মহিলা বেসবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল বুধবার থেকে পল্টন মাঠে শুরু হয়েছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০২০’। উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হয়েছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, কমিউনিটি স্পোর্টস কাব সাভার ও স্যান্ড এনজেল বেসবল কাব।
উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ আনসার ২২-০০ পয়েন্টে এসকেএসপি সিরাজগঞ্জ, বাংলাদেশ পুলিশ ১১৬-০১ পয়েন্টে গাজীরচট বেসবল কাবকে, কমিউনিটি স্পোর্টস কাব ০৩-০০ পয়েন্টে নড়াইল জেলাকে এবং স্যান্ড এনজেল বেসবল কাব ১৮-০০ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে শেষ চারে নাম লেখায়। আজ বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও স্যান্ড এনজেল বেসবল কাব। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ আনসার ও কমিউনিটি স্পোর্টস কাব। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা।
বিকেএসপিতে মফিজুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
গতকাল বুধবার অনূর্ধ্ব-১৯ যুবদলের ট্রায়াল ম্যাচে মফিজুল ইসলাম আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। বিকেএসপিতে খেলেছেন অপরাজিত ১২৪ রানের ইনিংস।
আকবর আলীরা এ বছর প্রথমবারের মতো বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতিয়ে এনেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। আগামী যুব বিশ্বকাপে বাংলাদেশকে যেতে হবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এমন সব ট্রায়াল ম্যাচ। তিন দলের সিরিজে বুধবার মুখোমুখি হয়েছিল লাল দল ও নীল দল। লাল দলের হয়ে মফিজুলের ১২৪ বল খেলে ১৩ চার ও ৩ ছয়ে সাজানো ১২৪ রানের ইনিংসটি নির্বাচকদের নজরে আসার মতোই।
মফিজুল ছাড়াও লাল দলের হয়ে আইচ মোল্লা হাফসেঞ্চুরি করেছেন, ৬৫ বলে খেলেছেন ৫৩ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় লাল দল পাঁচ উইকেটে করে ২৫১ রান।
চেন্নাইয়ে হরভজনের জায়গা নিতে পারেন মিরাজও
ক্রীড়া প্রতিবেদক
হরভজন সিংকে এবার দেখা যাবে না আইপিএলে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চেন্নাই সুপার কিংস দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের অফ স্পিনার। এখন তাঁর বিকল্প খুঁজছে চেন্নাই। কে হতে পারেন সেই বিকল্পÍসেটি নিয়ে ভাবছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়াও। তাঁর দেখানো ছয় বিকল্প ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও আছেন। আকাশ চোপড়ার মতে, হরভজনের জায়গা নিতে পারেন তিনিও।
চেন্নাইয়ে যে স্পিনার নেই, তা নয়। ইমরান তাহির, পীযূষ চাওলা, কেদার যাদব, করণ শর্মা, রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন মিচেল স্যান্টনারও। তিন লেগ স্পিনার তো আছেই, দুজন বাঁ হাতি স্পিনারও আছে চেন্নাইয়ের ঝুলিতে। কিন্তু দলটিতে কোনো ফিঙ্গার অফ স্পিনার নেই। আকাশ চোপড়ার যুক্তি, বাঁ হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ফিঙ্গার অফ স্পিনার দরকার চেন্নাইয়ের। বেন স্টোকস, ডেভিড মিলার, শিখর ধাওয়ানদের থামাতে ডান হাতের অফ স্পিনার রাখার প্রয়োজনীয়তা দেখছেন আকাশ। সম্ভাব্য ছয় বিকল্প ক্রিকেটারের নাম বলেছেন তিনি। রোস্টন চেজের নামটা বলেছেন প্রথমেই।
আইসল্যান্ডকে বিধ্বস্ত করল বেলজিয়াম
ক্রীড়া প্রতিবেদক
আইসল্যান্ড পেয়ে একেবারে গোল উৎসবে মাতলো বেলজিয়াম। উয়েফা নেশনস লিগের ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে রবার্তো মার্তিনেসের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। এছাড়া একটি করে গোল করেন ড্রিস মের্টেন্স, আক্সেল উইটসেল ও জেরেমি দোকু।
মঙ্গলবার ঘরের মাঠ ব্রাসেলসে ‘এ’লিগের দুই নম্বর গ্রুপের আইসল্যান্ডকে আতিথেয়তা জানায় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। যদিও ম্যাচের দশম মিনিটে সফরকারীদের আইসল্যান্ডকে এগিয়ে নেন ফ্রিদিয়োনসন। অবশ্য পরের সাত মিনিটে উইটসেল ও বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কেভিন ডে ব্রুইনের কর্নার থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান নাপোলি স্ট্রাইকার মের্টেন্স। ম্যাচের ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড বাতসুয়াই। আর ১০ মিনিট পর আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দোকু। এদিকে একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড।
ক্রোয়েশিয়াকে হারাল ফ্রান্স
ক্রীড়া প্রতিবেদক
২০১৮ বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। তবে স্কোরে কোনো পরিবর্তন নেই, যেন ফাইনালেরই পুনরাবৃত্তি ঘটল। উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়েছে ফরাসিরা।
মঙ্গলবার রাতে স্তাদে দে ফ্রান্সে ‘এ’লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে খেলতে নামে দু’দল। যদিও প্রথমে লিগ নেয় ক্রোয়েশিয়া। ১৬তম মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন দেইয়ান লোভরেন। তবে ৪৩তম মিনিটে সমতার ফেরে ফ্রান্স। অঁতনি মার্সিয়ালের পা থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করতে ভুল করেননি আঁতোয়া গ্রিজমান। প্রথমার্ধের যোগ করা সময়ে আত্মঘাতি গোলে লিড নেয় ফরাসিরা। মার্সিয়ালের শট বল পোস্টে লেগে ফেরার পর ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের হাতে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতা পায় ক্রোয়েশিয়া। মাতেও কোভাসিচের পাসে লক্ষ্যভেদ করেন ইয়োসিপ ব্রেকালো। তবে এরপর আধিপত্য দেখিয়ে ৬৫তম মিনিটে ফের এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রিজমানের কর্নারে থেকে হেডে গোল করেন দাইয়ু উপামিকানো। পরে ৭৭তম মিনিটে বদলি নেমে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন অলিভিয়ে জিরুদ। ডি-বক্সে মার্সেলো ব্রোজোভিচের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে ব্রোজোভিচ ও লোভরেন দেখেন হলুদ কার্ড।
দর্শনীয় ফ্রি-কিকে রোনালদোর সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক মঞ্চে সবশেষ গোলটি করেছিলেন গত বছরের নভেম্বরে, যা তার গোলসংখ্যাকে নিয়ে যায় ৯৯-এ। এরপর থেকেই অপেক্ষা সেঞ্চুরির। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক সূচি পিছিয়ে যাওয়ায় বাড়তে থাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই সেঞ্চুরির অপেক্ষা।
অবশেষে শুরু হয় উয়েফা নেশনস লিগ। যে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগালই। সবাই আশায় ছিলেন, নেশনস লিগের প্রথম ম্যাচেই শততম গোলটি করবেন রোনালদো। কিন্তু এখানেও বিপত্তি। পায়ের ইনফেকশনের ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি। তবে পর্তুগাল জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। দীর্ঘ ৯ মাসের অপেক্ষা শেষে মঙ্গলবার রাতে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামেন রোনালদো। আর এ ম্যাচেই পূরণ হয়েছে তার সেঞ্চুরি। যেখানে দরকার ছিল একটি মাত্র গোল, সেখানে দুইবার লক্ষ্যভেদ করে নিজের গোলসংখ্যাকে ১০১-এ নিয়ে গেছেন এ সুপারস্টার।
অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে ফিরলেন রয়
ক্রীড়া প্রতিবেদক
সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না জেসন রয়। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ শেষে সুখবর পেয়েছে ইংল্যান্ড। চোট কাটিয়ে পুরোপুরি ফিট রয়। এই ওপেনার ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।
আগের ঘোষিত ১৩ সদস্যের দলের সঙ্গে যোগ দিয়েছেন এই ওপেনার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডের সবক’টি হবে ম্যানচেস্টারে। ১১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডের পর বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : ইয়োন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস, মার্ক উড। রিজার্ভস: ডেভিড মালান, ফিল সল্ট, সাকিব মাহমুদ।
বাবরকে সরিয়ে শীর্ষে মালান
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা দুর্দান্ত গেল ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের। আর তাতেই পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ের শীর্ষে উঠে গেলেন ৩৩ বছর বয়সী বাঁহাতি। তিন ম্যাচে করেছেন ১২৯ রান, প্রথম ম্যাচেই ম্যাচ-সেরা পুরস্কার পাওয়া ৬৬ রান। ইংল্যান্ড সিরিজটা জিতেছে ২-১ ব্যবধানে।
মালান বাবরের চেয়ে আটটি রেটিং পয়েন্ট বেশি নিয়ে এই প্রথম ‘এক নম্বর’ হলেন, চারধাপ উন্নতি হয়েছে তার। করোনাভাইরাসের কারণে প্রায় ছয়মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা দলের খেলোয়াড়দের র্যাঙ্কিং যে নিম্নমুখী হবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই আগের র্যাঙ্কিয়ে দুইয়ে থাকা ভারতের লোকেশ রাহুল নেমে গেছেন চার নম্বরে, আর বিরাট কোহলির জায়গা হয়েছে নয়ে। তবে গতকাল বুধবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে অবশ্য ভারত অধিনায়কের একধাপ উপরে উঠেছেন।
ম্যানসিটির প্রথম বর্ষসেরা ডি ব্রুইনা
ক্রীড়া প্রতিবেদক
১৯৭৩-৭৪ মৌসুম শেষে প্রথমবারের মতো ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার চালু করা হয়। তবে শুরুর পর থেকে ম্যানচেস্টার সিটির কোনো ফুটবলারই এই পুরস্কার জিততে পারেনি। প্রথমবারের মতো এই মৌসুমে এসে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
ব্যক্তিগতভাবে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন বেলজিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। দল শিরোপা না জিতলেও উজ্জ্বল ছিলেন ডি ব্রুইনা। প্রিমিয়ার লিগে ১৩ গোলের পাশাপাশি রেকর্ড ২০টি অ্যাসিস্ট করেন। প্রিমিয়ার লিগে এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন আর্সেনালের থিয়েরি অঁরি, ২০০২-০৩ মৌসুমে। এই পুরস্কার জেতার পথে ডি ব্রুইনা পেছনে ফেলেছেন সংক্ষিপ্ত তালিকায় থাকা গতবারের বিজয়ী লিভারপুলের ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড, সাদিও মানে, জর্ডান হেন্ডারসন ও কাব সতীর্থ রাহিম স্টার্লিংকে।
ইউএস ওপেনের সেমিতে ওসাকা
ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেনে অবাছাই শেলবি রজার্সকে হারিয়ে নারী এককে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জাপানের তারকা খেলোয়ার নওমি ওসাকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে শেলবিকে সরাসরি ৬-৩, ৬-৪ গেমে হারান চতুর্থ বাছাই ওসাকা। ফাইনালে ওঠার লড়াইয়ে ওসাকা লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের আরেক খেলোয়াড় জেনিফার বার্ডির সঙ্গে।
এদিকে, পুরুষ এককে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনাল উঠেছেন আলেক্সান্ডার জেভেরভ। প্রথম সেটে হেরে গেলেও দীর্ঘ লড়াই শেষে ক্রোয়েশিয়ার বোরনা কোরিচকে ১-৬, ৭-৬, ৭-৬ ও ৬-৩ গেমে হারান পঞ্চম বাছাই এই জার্মান তারকা।
পিছিয়ে গেল কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই
ক্রীড়া প্রতিবেদক
কোভিড-১৯ মহামারীর কারণে কনকাকাফ অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্ব আগামী বছরের মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রা সংস্থা ফিফা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কনকাকাফ কনফেডারেশনের সঙ্গে আলোচনার পর যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগের সূচিতে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই। নতুন সূচি ঠিক করতে এখন ফিফার সঙ্গে কাজ করবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ।
লা লিগায় এবারও ৫ বদলি
ক্রীড়া প্রতিবেদক
নতুন মৌসুমেও লা লিগার ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে স্পেনের ফুটবলের নিয়ন্তা সংস্থা আরএফইএফ। লিগ কর্তৃপক্ষের অনুরোধে মঙ্গলবার এই নিয়ম ২০২০-২১ মৌসুমে রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি।
করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে সেটি অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর। কাল শুক্রবার শুরু হবে লা লিগার এবারের আসর।











































