Home আঞ্চলিক ঘুষ গ্রহণের মামলায় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারীকে ১০ বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের মামলায় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারীকে ১০ বছরের কারাদণ্ড

9

বিভাগীয় স্পেশাল জজ আদালত

স্টাফ রিপোর্টার
ঘুষ গ্রহণের অভিযোগ প্রমানিত হওয়ায় খুলনা বিভাগী স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে তিনটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে আসামি অলোক কুমার নন্দী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অলোক কুমার নন্দী বাগেরহাট জেলা সদরের চুলকাঠি এলাকার মৃত. নগেন্দ্রনাথ নন্দীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় জজ আদালতে মো: জহুর ই আলমের বিরুদ্ধে স্পেশাল ৪০/৯১ নং মামলা বিচারাধীন ছিল। মামলার আসামির স্ত্রী হাসিনা আলম খোঁজ খবর নিতে আদালতে আসেন। তখন ওই আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দী আসামি জহুর ই আলমকে দেড় লাখ টাকার বিনিময়ে খালাস করিয়ে দেয়ার মিথ্যা আশ্বাস প্রদান করেন। ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি অলোক কুমার নন্দীকে দেড় লাখ টাকা সিএন্ডবি কলোনীর সামনে প্রদান করা হবে বলে হাসিনা আলম আশ্বাস দেন। কিন্তু ওইদিন তিনি কোন টাকা তাকে পরিশোধ এবং তার সাথে দেখাও করেননি। পরে একই বছরের ১৪ মে অলোক কুমার নন্দী মাগুরায় হাসিনা আলমের বাড়িতে যান এবং প্রতারণার আশ্রায় নেয়। এরপর জানানো হয় দেড় লাখ টাকা না দেওয়ায় আদালতের বিচারক আসামি জহুর ই আলমকে বিচারে সাজা প্রদান করেছেন। হাসিনা আলম তখন নন্দীকে জিজ্ঞাসা করেন করনীয় কি আছে। উত্তরে নন্দী জানান দেড় লাখ টাকা প্রদান করলে মামলার যাবতীয় নথি পুড়িয়ে দেবেন। ১৯৯৪ সালের ২৫ মে আসামির স্ত্রী হাসিনা আলম ৬ শতক জমি ও গরু বিক্রি করে দেড় লাখ টাকা যোগাড় করে দু’জনের উপস্থিতে নন্দীকে উক্ত টাকা প্রদান করেন। পরবর্তীতে খাদ্য অধিদপ্তর থেকে জহুর ই আলমের বিরুদ্ধে আদালতের রায়ের সাজা সংক্রান্ত চিঠি পেয়ে আদালতে আত্মসর্ম্পন করলে তাকে কারগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে জহুর ই আলমের স্ত্রী হাসিনা আলম অলোক কুমার নন্দীর কাছে টাকা ফেরত চান। অলোক কুমার নন্দী বিভিন্ন সময়ে হাসিনা আলমকে ২৩ হাজার টাকা প্রদান করেন এবং আর কোন টাকা দিতে পারবেন না বলে তাকে জানানো হয়। এ ঘটনায় হাসিনা আলম খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে ১৯৯৯ সালের ১৭ জুন একটি নালিশী দরখাস্ত করেন। যা বিভাগীয় জজ আদালত হতে একই বছরের ২২ জুন একটি স্মারক খুলনা দুর্নীতি দমন ব্যুরোতে প্রেরণ করেন। ২০০০ সালের ৩০ মে যাবতীয় প্রমাণাদি গ্রহণ শেষে জেলা দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক মিছবাহ উদ্দিন বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন যার নং- ৩০। ২০০৪ সালের ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক সুভাষ চন্দ্র দত্ত আদালতে অলোক কুমার নন্দীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট খন্দকার মুজিবর রহমান।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নগরীর সোনাডাঙ্গা থানাধিন কলাবাগান এলাকায় মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তারের মামলায় এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাতক্ষীরা জেলা সদরের পলাশপোল সরকারি গোরস্থানের পাশের বাসিন্দা মো. আব্দুল মালেকের ছেলে জিয়াউর রহমান (৩০)। রায় ঘোষণাকালে আসামি জিয়াউর রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ৭ জুন রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধিন কলাবাগান এলাকার হালিম মোল্লার বাড়ির সামনে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। এসময় মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ২৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় এসআই মো. হাতেম আলী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং- ৯। ওই বছরের ৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান আদালতে জিয়াউর রহমানকে অভিযুক্ত করে চাজর্শিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট ফারহানা হক।