ঢাকা অফিস।।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসন এবং প্রশাসনে বেহালদশার অবসান ঘটাতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন- এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তারা বলেছে, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়া উচিত। নির্বাচন বিশেষজ্ঞ, সরকারের একাধিক উপদেষ্টাও এ বিষয়ে সহমত পোষণ করেছেন। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সব আলোচনা ও প্রস্তুতি চলছে আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচন ঘিরে।
নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে- এমন ভাবনা থেকে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এদিকে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে চাপ দিচ্ছে সরকারকে। অন্যদিকে দলগুলোর ভেতরে চলছে নিজেদের প্রার্থী বাছাইও। প্রাপ্ত তথ্য বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আসনকেন্দ্রিক
প্রার্থী রীতিমতো চূড়ান্ত করে ফেলেছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলেরও চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। যেহেতু বর্তমান সরকারের নিয়োগ কর্তা এই ছাত্ররা। তাই তাদের দল দ্রুতই নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) একাধিক নির্বাচন কমিশনার বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেই সময় ধরেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এ জন্য আগামী অক্টোবর মাসে নির্বাচনের তফসিল দেওয়ার জন্য যা যা করার দরকার, সেসব কাজ এগিয়ে রাখছে কমিশন। তবে এ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। তাই আওয়ামী লীগের মিত্র দলগুলোরও নির্বাচনে অংশগ্রহণ নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। অন্যদিকে এবারের নির্বাচনে বেশ কয়েকটি নতুন দল অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ঐকমত্য কমিশনের ফলাফল পেলে একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারবেন তারা। তিনি বলেন, আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। এ ক্ষেত্রে এ বছরের জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে কমিশনের- জানান তিনি।
সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হয়ে থাকে। সে ক্ষেত্রে কমিশনও বলছে, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন বিধিবিধান সংস্কার শেষ করতে হবে।
নির্বাচন পর্যবেক্ষকদের মতেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আবদুল আলীম আমাদের সময়কে বলেন, সংস্কার কমিশনের সব সুপারিশ এখনই বাস্তবায়ন সম্ভব না। কিছু সুপারিশ রয়েছে, যেগুলো অধ্যাদেশ জারি করে অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। ইসি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান। এরপর রয়েছে সীমানা পুনর্নির্ধারণের কাজ। সীমানা পুনর্নির্ধারণের জন্য আইনের খসড়াও রেডি করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন ও পর্যবেক্ষকদের নিবন্ধনের ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে বড়জোর ছয় মাস সময় প্রয়োজন। তবে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে এবার নির্বাচন হতে যাচ্ছে, তাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। তারা যদি ডিসেম্বরে নির্বাচন চায়, তাহলে নির্বাচন আয়োজন করতে সরকারের কোনো অসুবিধা দেখছি না।
এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বড় কোনো বাধা দেখছেন না নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। তিনি আমাদের সময়কে বলেন, সংস্কার কমিশন তিন ধরনের প্রস্তাব দিয়েছে। কিছু সংস্কারকাজ তাৎক্ষণিক করা যাবে অর্ডিন্যান্স জারি করে। কিছু আছে মধ্যমেয়াদি আর কিছু আছে দীর্ঘমেয়াদি প্রস্তাব। ফলে সামনের ডিসেম্বরে সংসদ নির্বাচন করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। আমি বড় কোনো বাধা দেখছি না।
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগের মধ্যে সরকারের তরফ থেকে চলতি বছরের ডিসেম্বর বা ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। গত বছর বিজয় দিবসের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।
রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর মধ্যে এরই মধ্যে ছয়টির পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে এবং তা প্রকাশিত হয়েছে। এরপর ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকেরও কথা রয়েছে। গত শনিবার প্রকাশ করা হয়েছে দ্বিতীয় ধাপে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন। এ ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনও শিগগির জমা দেওয়া হবে।











































