Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

21
নীল–গলা ফিদ্দা সাধারণত জলের ধারের তৃণভূমি, ক্ষুদ্র ঝোপ; শীত মৌসুমে উঁচু ঘাসবন, নলতল, পতিত জমি, কচুরিপানার ঝোপে বিচরণ করে। সচরাচর একাকী থাকে। তবে রাতে অন্য পাখিদের সঙ্গে থাকে। এরা আমাদের দেশে সব সময় বাস করে না। শীতের কয়টা মাস বসবাস করে।

মহেশপুরে আ.লীগ নেতা ইউপি সদস্য আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কাজিরবেড় ইউনিয়নে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামকে (৪৬)আটক করা হয়েছে।
শনিবার রাতে মহেশপুর থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে উপজেলার কাজিরবেড়ই ইউনিয়নের ভগবতিতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলামকে আটক করে। আটক আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে কালিগঞ্জ থানার একটি ভাংচুর মামলায় কালিগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) ফয়েজ উদ্দিন মৃধার সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন কালিগঞ্জ থানার একটি মামলায় তাকে আটক করে কালিগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বটিয়াঘাটা প্রতিনিধি
নিরাপদ রাস্তা নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা থানার পল্লীতে ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া-ডুমুরিয়া সড়কে বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কােেরর দাবিতে এ আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত ওই রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, অবিলম্বে যাতে সংস্কার হয় তার ব্যবস্থা গ্রহণ করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয় কলেজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোঃ তোরাব হোসেন ফিরোজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, জামাত নেতা মো: ইয়াসিন আরাফাত, শিক্ষক যথাক্রমে মোঃ শামীম সরদার, বিকাশ মন্ডল, স্বপন কুমার মন্ডল, সেবানন্দ ঢালী, ব্রজেন্দ্রনাথ গাইন, তন্ময় কুমার মন্ডল, ইলিয়াস হোসেন, মাওলানা আঃ জব্বার, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এ এস আই কে এম এনায়েত হোসেন, বিএনপি নেতা মেহেদী হাসান, আবু বক্কার গাজী, যুবদল নেতা মুছা শেখ, মাসুম বিল্লাহ, মামুন মোড়ল, বি এম হানিফ, শিক্ষার্থী আঃ হাকিম, সুমি খাতুন, রিয়া মন্ডলসহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকাবাসী।

আটরায় এজিএম যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খানজাহান আলী থানা প্রতিনিধি
আটরা গিলাতলা মাতমডাঙ্গা যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। এজিএম যুব সংঘের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনি হোসেনের পরিচালনায় ও এজিএম যুব সংঘের উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেগ আব্দুর রাজ্জাক রাজ সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় স্পেশাল বেঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, ফুলতলা উপজেলা সমাজসেবা অফিসার শাহিন আলম, খুলনা এসেন্সিয়াল লেটেক্স প্লান্ট এর ব্যবস্থাপক (উৎপাদন ও প্লান্ট) সুভাষ চন্দ্র বর্মন, খুলনা এসেন্সিয়াল লেটেক্স প্লান্ট এর ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ শাহাবুদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ্বাস, আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম সরদার, এজিএম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খান শাহাদাত হোসেন, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ মোঃ তসলিম ইকবাল, ডাঃ মোঃ খুরশিদ আলম, ডাঃ তৌফিক ইকবাল সুমন, ডাঃ খুকুমণি, ডাঃ সানজিদা ইয়াসমিন স্বর্ণা, ডাঃ শাওন কবির বৃষ্টি, হাফিজুর রহমান শাফি, ইউপি সদস্য জাবেদুল ইসলাম লিটন, ইউপি সদস্য শাহনাজ পারভীন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফা প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান টিটো, শেখ আলতাফ হোসেন, সৈয়দ ফরিদ আহমেদ, সরদার আনজীর আহমেদ অনু, মাহাবুবুর রহমান ডালিম, সৈয়দ রাজমুল ইসলাম রাজ, শেখ ইউসুফ আলী, সৈয়দ কাবেজ আলী, এমডি রবিউল ইসলাম মিল্টন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদর উদ্দিন, শরিফুল ইসলাম রাসুল, সৈকত হোসেন, আনোয়ার হোসেন, মোঃ নূর হোসেন শিমুল, মোঃ মনির হোসেন, মোঃ গোলাম মোস্তফা, শেখ আব্দুর রহিম, মোঃ তহিদুল ইসলাম।

২৭ ফেব্রুয়ারি নির্বাচন
আরইবি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাথে প্রার্থীদের বৈঠক

খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্পঅঞ্চলের শ্যামগজ্ঞ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন আগামি ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
রবিবার বিকাল ৪ টায় শ্রমিক ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খুলনা জেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম , কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক এর সাথে ভোটের দিন ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপুর্ন করার লক্ষে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন প্রার্থীরা।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী মোঃ হাসান শেখ , আমিরুল শেখ। সহ সভাপতি প্রার্থী মোঃ মাসুদ রানা ও তালেব মোড়ল। সাধারন সম্পাদক প্রার্থী মিলন সরদার ও আব্দুল আলী। সহ সাধারন সম্পাদক আবুল কালাম ও রুহল শেখ। সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন ও মোঃ আলী সরদার। প্রচার সম্পাদক মোস্তাইন শেখ ও মোঃ আরিফ গাজী। কোষাধক্ষ মোঃ মিয়ারাজ হোসেন ও শেখ ফজলুর রহমান। ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৫৮ জন ভোটার তাদের ভোটাধকিার প্রয়োগ করবে।

উথলীতে সূর্য তোরণ ক্লাবের কমিটি গঠন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী সূর্য তোরণ ক্লাবের নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ অনিষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উথলী বাজারে সূর্য তোরণ ক্লাবের নিজস্ব কার্যালয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ। ৩০ সদস্য এ কমিটিতে মেজবাহ উদ্দিন জাহিদকে সভাপতি এবং সাজেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে উথলী সূর্য তোরণ ক্লাবের ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু ও স্বপন আলী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, বাবু মিয়া, রুবেল আহমেদ সাঈদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-অর্থ সম্পাদক হজরত আলী, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইনামুল হক, জুয়েল রানা ও আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত ও তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমেদ, ধর্মীয় সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান দেবাশিষ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোশারফ হোসেন, ইদ্রিস আলী ছোট, আনিছুর রহমান চান্দু, সিহাব উদ্দিন, হাসানুজ্জামান ফরহাদ, বকুল হোসেন, নাসির হোসেন লিটন এবং আরিফ হোসেন।

নগরীর বয়রা খানজাহান আলী নূরাণী একাডেমিতে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী নূরাণী একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় বয়রা আব্দুল আজিজের মোড়স্থ জলিল স্বরণী রোড নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী নূরাণী একাডেমীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খানজাহান আলী নূরাণী একাডেমী’র প্রিন্সিপ্যাল মাওলানা এমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদার। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মো. সাইদুর রহমান সাইদ, ইমাম ও খতীব মাওলানা হাসমত উল্লাহ, আসসুন্নাহ আইডিয়াল একাডেমির’র প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ আজমী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ঢালী, অভিভাবক প্রতিনিধি চিকিৎসক মিজানুর রহমান মিল্টন। এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক মো. সাজ্জাদ, মো. আরজু মোল্লা, ফজলুর রহমান, মাসুম বিল্লাহ, আশিকুর রহমান, আব্দুল্লাহ, আল মামুনুর রশীদ, অভিভাবক মো. আব্দুল জব্বার, মো. তরিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, মো. রেজাউল করিম প্রমুখ।

শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড়
কয়রা(খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কয়রার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়।
জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর এক সভা ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় সেগুন বাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ কাওছার আহমেদে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মােঃ শামীম আল মামুনের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভা শেষে খুলনায় কয়রা উপজেলার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএর) কেন্দ্রীয় কমিটির সদস্য মনােনিত করা হয়। অধ্যক্ষ রাজীব কুমার বাছাড় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

কয়রায় দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি ইউনিটের দুর্যোগ মৌসুম সভা
কয়রা (খুলনা)প্রতিনিধি
কয়রায় জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের আয়োজনে দুর্যোগে করণীয় সম্পর্কে ওয়ার্ড সিপিপি সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও জাগ্রত যুব সংঘ (জেজেএসএর) বাস্তবায়নে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিপিপি টিম লিডার আশিকুজ্জামানের সভাপতিত্বে অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন জেজেএস প্রকল্পের এপিও, এস এম এ মজিদ, সিপিপি সদস্যা আব্দুর রাজ্জাক সানা, মিজানুর রহমান লিটন, ইমরান হোসেন, আসাদুজ্জামান সুমন, মুস্তাকিব বিল্যাহ,খাদিজা খাতুন, মুসলিমা আক্তার, ফাতিমা সুলতানা প্রমুখ।
দুর্যোগ মৌসুম সভায় পারিবারিক পর্যায়ে দূর্যোগের ঝুঁকি, দুর্যোগের আগে ও দুর্যোগ পরবর্তীকালীন করণীয়, দুর্যোগের সময় উদ্ধার সম্পর্কে ২০ জন সিপিপি সদস্যকে ফ্লিপ চার্টসহ ঝড়ের বিভিন্ন সংকেত নিয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরায় শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক
সাতক্ষীরা প্রতিনিধি
সুর, ছন্দ, আবৃত্তি, অভিনয় আর আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও শিক্ষক মিলনমেলা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত মিলনমেলায় শিক্ষকরা সুখের দুখের কথা বলে প্রাণ জুড়িয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার অর্ধ শতাধিক স্কুলের শিক্ষকরা এ মিলনমেলায় অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের সবুজ চত্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্যাহ, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নারায়ণ চন্দ্র মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সম্পাদক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল্যা ও জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোর্তজা আহসান এবং পবিত্র গীতা পাঠ করেন মাখন লাল বিশ্বাস।
বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মযে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, মোঃ লিয়াকত আলী, মোঃ এমাদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক ও মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. তৈবুর রহমান ও শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলাম ও এএসএম আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ হাসান ও মহিলা সম্পাদক অর্চনা বালা রায়, সদস্য যথাক্রমে মাখন লাল বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, রাখাল চন্দ্র দাশ, আর এস এম মুফাখখারুল ইসলাম, আবু সাঈদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ রাশেদ আলী, জিয়াউর রহমান, মোঃ নাসির উদ্দীন, মোঃ আলামিন, মূর্তাযা আহাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রমেশ চন্দ্র ঘোষ ও উত্তম কুমার পালসহ জেলার ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “নদী ব্যবস্থাপনা উন্নয়ন” বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।
“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাছখোলা মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান আলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা। উত্তরণের মাঠ কর্মকতা মো. গোলাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব পানি কমিটির সদস্য আফিজা আফরোজ, অর্পণ বসু, সুমা খাতুন, নাঈমুর রহমান চৌধুরী, মাকসুদা জেরিন, মনিরুল ইসলাম, ইশরাত জাহান ফারিহা এবং আনিসা আক্তার।
২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে স্কুল ও কলেজ পর্যায়ের শির্ক্ষাীরে নিয়ে বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, এবং নদী রক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালিত হবে। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় পরিবেশবিদ ও উন্নয়নকর্মীরাও অংশগ্রহণ করবেন।

আশাশুনির দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলা সদরের ৯৭নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ধীরগতিতে স্কুল পরিচালনা কষ্টকর হয়ে উঠেছে। পিইডিপি-৪ প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ অনুমোদন দেওয়া হয়। তিনতলা বিশিষ্ট বিল্ডিং এর ১ম ও ২য় তলায় ৪ টি কক্ষ এবং ৩ তলায় ১টি কক্ষ হবে। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭৯২৮ টাকা। কাজ শুরুর কথা ছিল ২০২৩ সালের জুন মাসে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসাবে পুরাতন বিল্ডিং অপসারণ করে খুবই নিচু করে টিনসেড কক্ষে অস্থায়ী ঘর নির্মান করে ক্লাশ পরিচালনা করা হচ্ছে। অফিসসহ ৪ কক্ষ বিশিষ্ট মাথা ছুঁই ছৃঁই ঘরের মধ্যে কাপড়ের ও চাচের বেড়ার মধ্যে সংকীর্ণ পরিসরে আলো বাতাসের সংকটের মধ্যে শিক্ষার্থীরা বসে ক্লাশ করছে। ১৪০জন ছাত্রছাত্রীর কলকাকলিতে ভরে থাকা স্কুলটি বর্তমানে মৃতপুরীর মত হতে চলেছে। তা স্বত্ত্বেও ঠিকাদার গত ডিসেম্বর-জানুয়ারীতে বেড খোড়া শুরু করেন। একবার মেয়াদ শেষ হওয়ার পর ২৫ সালের ফেব্রুয়ারিতে বেজের কাজ শুরু করেন।
সরজমিন গিয়ে দেখা যায়, মাত্র ৩জন শ্রমিক কাজ করছেন। কবে নাগাদ কাজ শেষ হবে তা বলা কঠিন। কাজের মেয়াদ শেষ হয়ে গেছে ২৪সালের সেপ্টেম্বরে। আবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী জুন মাস পর্যন্ত। প্রকল্পের মেয়াদও শেষ হবে জুন মাসে। তখন এ কাজের পরিণতি কি হবে বলা মুশকিল বলে মন্তব্য করেন স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদা পারভিন।
এব্যাপারে এলজিইডির আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব জানান, কাজের মেয়াদ শেষ হওয়ায় আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে কাজের তৎপরতা বেশ ভাল। এখন ২৫ থেকে ৩০% কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। জুনেই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।

জীবননগর সীমান্তে আসামিবিহীন ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তে বিজিবি এক অভিযানে আসামিবিহীন ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে।
রবিবার বিকালে মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ানের বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর আড়াই টায় মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি এর অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/১এস হইতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ ও ২২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

কেশবপুরে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।এছাড়া তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক লক্ষণ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। ওই রাতে বেগমপুর গ্রামের তাপসের মোড় থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৫৫) কে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি বেগমপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত সাজ্জাদের বিরুদ্ধে ইতিপূর্বে মানবপাচার ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।
একই রাতে উপ-পুলিশ পরিদর্শক হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আটন্ডা গ্রামের আনিছুর রহমান (৩২) কে গ্রেফতার করেন। অন্যদিকে, চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক দীপংকর ও তার টিম ওয়ারেন্টভুক্ত আসামি গোপসেনা গ্রামের মোশাররফ হোসেন (৩৮) কে আটক করে।
এছাড়া, থানার নিয়মিত মারামারি মামলায় ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন তার ফোর্স নিয়ে উপজেলার আগরহাটি গ্রামের হামিদ ফকির (৫০) ও আব্দুর রাজ্জাক (৪৫) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধিকে জানান বর্তমানে মাদকের স্পট গুলো আমি নিজেই অভিযান চালাবো। এই বিষয়ে কোনোরকম ছাড় দেয়া হবে না।

শরণখোলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের ভাসমান লাশ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আব্দুল মোতালেব গাজী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকে খালে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রোববার উপজেলার পূর্ব খাদা চারঘাটা এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের মৃতঃ ইউসুফ গাজীর পুত্র মোতালেব গাজী উপজেলার খাদা গগন মেমোরিয়াল মাদ্রাসায় এবতেদায়ী শাখায় চাকরি করতেন। তিনি গত ৪/৫ বছর পূর্বে অবসরে যান । খাদা চারঘাট এলাকার বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, গত ১৭ বছর ধরে মোতালেব হোসেন চার ঘাটে এলাকার একটি মসজিদ ইমামতি করে আসছেন। তিনি গত ১৮ ফেব্রুয়ারী মোতালেব খাদা এলাকার একদল মুসল্লির সাথে চরমোনাই মাহফিল যান। সেখান থেকে ২০ ফেব্রুয়ারী রাতে ফিরে আসেন। ওই রাতে প্রত্যক্ষদর্শী খাদা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন তিনি একটি অটো ভ্যানযোগে রায়েন্দা থেকে চারঘাট এলাকায় আসেন কিন্তু তাকে কিছুটা অসুস্থ মনে হয়েছিলো। ঐ সময় তিনি তার বাড়ির রাস্তা চিন ছিলেন না তাই তরিকুল তাকে বাড়ীর পথ দেখিয়ে দেয়। ২০ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত থেকে মোতালেব নিখোঁজ হয়। তার দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম বলেন গত ২৫ বছর ধরে তার বড়িতে মোতালেব থাকেন, মাঝে মধ্যে প্রথম স্ত্রীর তিন কন্যা সন্তানদের বাড়িতে বেডাতে যান। গত ১৮ ফেব্রুয়ারী চরমোনাই যাওয়ার পর তিনি আর বাড়ী ফিরে আসেননি। লোক মুখে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে স্বামীর মোতালেবের লাশ সনাক্ত করে পিয়ারা বেগম। শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আজিজুর রহমান ঘটনা স্থল খাল থেকে মৃতদেহ উদ্ধার করে শরলখোলা থানায় নিয়ে যান। তিনি বলেন স্থানীয় লোকজন ও তার দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম সনাক্ত করেছে এটি মোতালেব এর মৃত্যু দেহ কারন মৃতদেহটি ফুলে কিছুটা বীভৎসহয়ে গেছে। মোতালেবের শ্যালক সাখাওয়াত ফকির বলেন তার ভগ্নিপতি অত্যন্ত সহজ-সরল প্রকৃতির লোক ছিলেন। কিভাবে এ ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। তবে পরিবারে পক্ষ থেকে কাউকে সন্দেহ করেননি।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, এলাকাবাসী মোবাইল ফোনে বিষয়টি অব অবগত করলে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার নিকট আত্মীয়রা জানান তিনি হার্টের রোগী ছিলেন। হয়ত বাড়িতে যাওয়ার পথে কোনভাবে খালে পড়ে যেতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে পুরবিষয়টি জানার জন্য লাশের পোস্টমর্টেম রিপোট করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় শরনখোলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিরালা জনকল্যাণ সমিতির নির্বাচন
আকতার সভাপতি, সবুর সাধারণ সম্পাদক

খবর বিজ্ঞপ্তি
নগরীর অন্যতম অভিজাত ‘নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক (২০২৫-‘২৬) সাধারণ নির্বাচনে সভাপতি পদে আকতার হোসেন ফিরোজ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সবুর। সহ-সভাপতি পদে ইজ্ঞিনিয়ার শেখ আব্দুল আলী ও স ম সাইফুল গনি তপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মহসিন হোসেন ও জাহাঙ্গির কবির (টিপু), অর্থ-সচিব পদে সেলিম রেজা (বাবু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক পদে এ এম মামুন অর রশিদ, প্রচার সম্পাদক পদে শেখ হাবিবুল বাসার (মুন), নিরাপত্তা ও বনায়ন বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা রনি, ক্রীড়া সম্পাদক পদে এস এম ফারুক উজ জামান, আইন সম্পাদক পদে অ্যাড. কে এম রাজিবুল ইসলাম নির্বাচিত হন। পরিষদের নির্বাচিত ৫জন নির্বাহী সদস্য হলেন যথাক্রমে মোঃ আব্দুল খালেক, মোঃ ফিরোজ কবির বাবলা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন।
নির্বাচনে গতকাল নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার পর রাত ১০সাড়ে দশটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) পিএইচটি সেন্টার, সমাজসেবা অধিদপ্তর, খুলনা। তাছাড়া নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে প্রবেশন অফিসার আবিদা আফরির্ন ও জেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান।

৮ মার্চ হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের
ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি
খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৮ মার্চ শনিবার নগরীর কাইফেং চাইনিজ রেস্তোরা মিলনায়তনে এক দোয়া ও ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সভা থেকে নুরুল আমিনকে আহবায়ক এবং মোঃ রেজাউল শেখকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এন্তেজামিয়া কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের সদস্য আরাফাতী ভাই বোনদের বিস্তারিত জানার স্বার্থে নিম্নবর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। মোবাইল নম্বর : ০১৭২৬-৭২৮৬৮৮, ০১৯১২-৯৯৮৪৫৮, ০১৭১১-৯৫০৪৮৬, ০১৮১৯-৫৩১৫২০

ডুমুরিয়ায় সীমানা পিলার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক মহিলার সীমানা পিলার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।গত শনিবার দিবাগত রাতে উপজেলার শোভনা মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার রাশিদা আক্তার তার নিজ বসত বাড়ির সামনে দিয়ে পাকা সীমানা পিলার (খুঁটি) পুঁতে ঘেরা বেড়া দিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি ঘটনার রাতে বাড়িতে কেউ না থাকায় কে বা কারা রাতের আঁধারে একাধিক সীমানা পিলার ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে ওই মহিলার মারাত্মক ক্ষতি সাধন হয়। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত মহিলা রাশিদা আক্তার বলেন, প্রতিবেশী একাধিক ব্যক্তির সাথে জমি জমা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমার এ ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি জানান। তিনি আরও জানান প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক আদালতে মামলা ও থানায় জিডি রয়েছে। এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

খুলনা নগরীর আইন-শৃঙ্খলার অবনতিতে নাগরিক আন্দোলনের উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বোগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন নাগিরক আন্দোলন। পরিস্থিতি উন্নতিতে রাজনীতিক ও পুলিশকে সক্রিয় এবং বলিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পবিত্র রমজানে নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে একটি মাস অতিক্রম এবং ঈদের বাজারে নিরাপত্তার স্বার্থে নিরপত্তা বাহিনীকে সতর্ক থাকার ওপর জোর দেয়া হয়ছে।
গতকাল রোববার বিকেলে বিএমএ মিলনায়তনে নাগরিক আন্দোলনের সাপ্তাহিক বৈঠকে এ আহবান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য কাজী মোতাহার রহমান বাবু। সঞ্চালনা করেন শেখ মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসিন, কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ, মোঃ লোকমান হাকিম, এ্যাড. মেহেদী ইনসার, মোঃ আব্দুল মান্নান শেখ, নাজমুল তারেক তুষার, নারী নেত্রী লাকি আজমীর ও ইরানী পারভীন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মাদক ব্যবসা, এলাকার কর্তৃত্ব নিয়ন্ত্রণ, মহল্লার আধিপত্য ও নেতৃত্বের কোন্দলকে দায়ী করেন। হেরোইনের মত ক্যামিক্যাল নীরবে মানুষকে হত্যা করছে। মাদক সেবনের টাকা যোগাড় করতে যেয়ে যুবক অপরাধ জগতে জড়িয়ে পড়েছে। মহানগরীর পাড়ায় পাড়ায় মাদক বিক্রির পয়েন্টগুলো চিহ্নিত করে সমাজসেবীদের সাথে নিয়ে পদক্ষেপ নেয়ার জন্য বক্তারা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানানো হয়। একই সাথে রোজা ও ঈদের বাজারে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি করা হয়।
সভায় বক্তারা বলেন, গত চার মাসে বিভিন্ন মহল্লায় কয়েকটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিইউসি স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নতুন বাজার এলাকায় সিইউসি স্কুলের দ্বিতীয় শাখার রবিবার বিকেলে উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির উপদেষ্টা আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারন সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নতুন বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান, মো: জহিরুল ইসলাম খান জুয়েল, সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড বিএনপি, শাহারুজ্জামান মুকুল,সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড যুবদল,মুফতি সাজিদুর রহমান, জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসানুল্লাহ বাদশা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ, সংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,কোষাধাক্ষ মিম আক্তার মনিকা ,দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস,কার্যকরী সদস্য সালমা আক্তার, ধনঞ্জয় কুমার রায় সহ সংগঠনের আরো অনেকে উপস্থিত ছিলেন।
নতুন স্কুল উদ্বোধন কার্যক্রমে ২২ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।
প্রধান অতিথির বক্তব্য শেষে নতুন স্কুল শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত শিশুসহ সকলকে নিয়ে সিইউসি স্কুলে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়। বক্তব্য পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কয়রায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ আল আমিনকে গ্রেপ্তর করেছে পুলিশ। তিনি দক্ষিণ মদিনাবাদ গ্রামের মৃত আফতাব সানার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ রাজেত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে মদিনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমের মুকুলে স্বপ্ন বুনছেন দাকোপের চাষিরা

মোঃ শামীম হোসেন, দাকোপ
গাছে গাছে ফুটেছে আমের মুকুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই মুকুলের মিষ্টি ঘ্রাণ। সেই ঘ্রাণে চাষিদের মনও চাঙা হয়ে উঠছে। মৌসুমের শুরুতেই কুয়াশা থাকলেও এখন প্রকৃতি বেশ অনুকূলে। ডালে ডালে ভরা আমের মুকুলে স্বপ্ন বুনছেন দাকোপের চাষিরা। গত কয়েক বছরে আম চাষে বদলে গেছে দাকোপের চাষিদের জীবনমান।
চাষিরা জানান, এ জেলায় শীত এখনও রয়েছে, তবে তেমন কুয়াশা নেই। যদি কুয়াশা হয় তাহলে আমের ক্ষতির শঙ্কা রয়েছে। এজন্য বাড়তি যত্ন শুরু করেছেন তারা। স্প্রে, গাছের গোড়ায় পানি দেওয়া, পানি ছিটানো সহ মুকুল আটকাতে প্রয়োজনীয় সব ধরনের যত্ন নিচ্ছেন। এ বছর শুরুতে শীত না থাকলেও শেষ সময়ে এসে শীতের প্রকোপ বাড়ে।
তারা বলেন, শীত বেশি থাকলে আমের মুকুল আসা ও গুটি আমের ক্ষতি হতে পারে। এই মুকুল টিকে থাকলে আমের ফলন ভালো হবে। আবার আগাম আমের দাম ও পাওয়া যাবে।
গতবছর খুলনার দাকোপসহ জেলায় আমের ফলন কম হওয়ায় এবার আশানুরূপ ফলনের আশায় বুক বেঁধেছেন তারা। সরেজমিনে খুলনা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গাছে গাছে ফুটেছে মুকুল, যা ছড়াচ্ছে মুগ্ধতা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। সেই ঘ্রাণে চাষিদের মনও চাঙা। মৌসুমের শুরুতেই কুয়াশা থাকলেও এখন প্রকৃতিও বেশ অনুকূলে। এবার ডালে ডালে ভরা আমের মুকুলে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় চাষিরা স্প্রে, গাছের গোড়ায় পানি দেওয়া, পানি ছিটানোসহ মুকুল আটকাতে প্রয়োজনীয় সব ধরনের যত্ন নেওয়া শুরু করেছেন। ব্যবসায়ীদের আনাগোনাও বেড়ে গেছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, সময়ের আগেই কিছু গাছে মুকুল আসছে। হাড়িভাঙ্গাসহ অন্যান্য আমের মুকুল এবার আগাম হয়েছে। তাতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর খুলনা অঞ্চলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এবার এই অঞ্চলে আগের চেয়ে ফলন বেশি হবে বলে আশা কৃষিবিভাগের।
চাষিরা বলছেন, হাড়িভাঙ্গা আমের একটি রীতি আছে। এক বছর বেশি ফলন হয় তো পরের বছর কম হয় এটাই স্বাভাবিক। দাম কম পাওয়ায় প্রতি বছরই ব্যবসায়ীদের কাছে আমের বাগান আগাম বিক্রি করতে হয় বলে জানান তারা। তবে সরকারি সুযোগ সুবিধা ও হিমাগারের ব্যবস্থা হলে তারা আম বিক্রি করে লাভবান হবেন।
দাকোপ এলাকার গ্রামে বিভিন্ন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাষি অভিযোগ করেন, আমচাষিদের সঠিক পরামর্শ দেওয়ার মতো মনোভাব কৃষি বিভাগের নেই এবং সব ধরনের প্রণোদনা থেকে বঞ্চিত তারা। সরকারি প্রণোদনাগুলোর সঠিক বন্টন হলে আমচাষিরা আরও উপকৃত হতো ও নতুন নতুন চাষি বাড়তো।
কৈলাশগঞ্জ এলাকার চাষি নুর হোসেন বলেন, আমের মুকুল এবার ভালোই আছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাওয়া যাবে। একই উপজেলার বাজুয়া এলাকার সুভাষ বলেন, সঠিক দাম পেলে চাষিরা আরও লাভবান হবেন। এবার আমের ভালো মুকুল এসেছে। গত বছরের চেয়ে বেশি। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন হবে। আশা করছি আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে লাভবান হবেন।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই অঞ্চলের জনপ্রিয় হাঁড়িভাঙা আমসহ অন্যান্য আমের মুকুলে ছেয়ে গেছে। ইতোমধ্যেই হাঁড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এজন্য দেশে-বিদেশে এই আমের চাহিদা সৃষ্টি হয়েছে। এ বছর যে আবহাওয়া পরিষ্কার, বৃষ্টি-কুয়াশা নেই, ঝড় বাতাস নেই, সেই হিসেবে কৃষি বিভাগ আশা রাখছে চাষিরা যদি ভালো করে পরিচর্যা করে তাহলে মুকুল পরবর্তী যে ফল সেটি আশানুরুপ ফলন হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাইকগাছায় চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে বাসাবাড়ি ভাঙচুর:থানায় অভিযোগ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে বাসাবাড়ি ভাঙচুর করে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে বোয়ালিয়া ব্রীজের পার্শে কপোতাক্ষ নদের তীরে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় চিংড়ি ঘের মালিক মাধরী রানী থানায় অভিযোগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
থানার অভিযোগ সুত্রে জানাগেছে, বোয়ালিয়ার মালোপাড়ার মহিতোষ-মাধবী বিশ্বাস দম্পত্তি বোয়ালিয়া ব্রীজের পার্শে চরভরাটি ৪ বিঘা জমিতে বাঁধ দিয়ে বাসা বেঁধে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছেন। মাধবি রানী সরকারি রাজস্ব দিয়ে নিয়ম মেনে ডিসিআরের আবেদনও করছেন। অন্যদিকে, চরভরাটি এ জমি পুর্বপুরুষের দাবি করে স্থানীয় শ্যামল বিশ্বাস গত ১৮ ফেব্রয়ারি ভোরে দখল চেষ্টার পাঁয়তারা করলে বিষয়টি থানা পর্যন্ত গড়ালে পুলিশ দু’পক্ষকে যার-যার অবস্থানে থাকার নির্দেশনা দেন।

এদিকে মাধবী বিশ্বাস অভিযোগ করেছেন পুলিশের নির্দেশ অম্যান্য করে রবিবার দুপুরে বহিরাগত দুর্বত্তদের ইন্ধনে প্রতিপক্ষ শ্যামল বিশ্বাস দম্পত্তি ও তাদের ছেলে সাগর ও ভাই বিমল বিশ্বাস গংরা বাসাবাড়ী ও মাছ ধরা সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ বিষয় সাগর বিশ্বাস জানান, আমার পৌত্রিক সম্পত্তি। নদী ভাঙ্গনে চলে যায়। এখন ভরাট হয়ে গেছে। আমরা সেই জমি দাবি করি। আমরা করোর বাসা ভঙ্গেনি কে ভেঙ্গেছে আমি জানিনা। মাধবী রানীর অভিযোগে পাইকগাছা থানার উপপরিদর্শক আয়ুব আলী ঘটনাস্থলে পৌছে দুই পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি। আমার কাছে দখলবাজের কোন স্থান নেই। দুই পক্ষকে ডাকা হয়েছে। ভাংচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার ভোর রাতে গদাইপুর ইউনিয়নে। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ শনিবার সকালে কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান জানান, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের মুনছুর মিস্ত্রির ছেলে রবিউল মিস্ত্রি(৩০) একটি মানসিক প্রতিবন্ধি কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় তিন মাস ধরে ধর্ষন করে আসছে। গত শুক্রবার ভোররাতে প্রতিবন্ধি মেয়েকে রবিউল মিস্ত্রি পার্শবর্তি একটি সুপারি বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে মেয়েটি বাড়িতে এসে মায়ের সাথে বলে। ওই সময় তার মা বাবা মেয়েকে নিয়ে থানায় এসে ধর্ষণ মামলা করে।
কিশোরী মা জানান, মুনছুর মিস্ত্রির ইট ভাঙ্গার একটি ম্যশিন রয়েছে। আমার দুই ছেলে তার সাথে ইট ভাঙ্গার কাজ করে। সে সুবাদে সে আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। এমন একটি কাজ করবে আমি ভাবতে পারেনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ধর্ষণের বিষয়টি কিশোরী ও তার পিতা মাতার নিকট থেকে শুনে তদন্ত করে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। ধর্ষক গাঁঢাকা দিয়েছে। তবুও গ্রেফতারের জন্য চেষ্টা চালছে। কিশোরীকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি জন্য নেয়া হবে।

কয়রায় আগুনে পুড়ে ছাই দুটি বসতঘর

কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্ৰামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালনা গ্ৰামের মৃত্যু নুর ইসলাম গাজীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, গত দু বছর আগে দিন মজুর নুর ইসলাম অন্যের কৃষি জমিতে সার ছিটানো অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানের জননী বিধবা শাহানারা অতি কষ্টে দিনাতিপাত করতে থাকে। সাহানারা জানান তার দুই ছেলে স্কুলে লেখা পড়ার পাশাপাশি স্থানীয় বেকারী থেকে মালামাল কিনে দোকানে দোকানে বিক্রি করে সংসার চালাতো। সেই ব্যবসার পুঁজি সহ ঘরে থাকা আসবাব পত্র ব্যবহৃত গহনাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক কিছু নগদ অর্থ প্রদান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

দামুড়হুদায় টিউবওয়েলের পাশে পানির গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় বাড়ির টিউবওয়েলের পাশের গর্তের পানিতে ডুবে ৯ মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর দেড় টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের তরিকুল ইসলামের ৯ মাসের মেয়ে তাবাচ্ছুম বাড়ির উঠানে হামাগুড়ি দিয়ে খেলা করছিল।পাশেই তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল।এ সময় তাবাচ্ছুম উঠানের টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যেয়ে ডুবে মারা যায়।পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

একুশে বইমেলার ২৩ তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি
একুশে বইমেলা, খুলনা’র ২৩ তম দিন অতিবাহিত হয়েছে। রবিবার বিকালে মেলামঞ্চের সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয় ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা’র ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পরবর্তীতে ‘ শব্দনীড় আবৃত্তি সংগঠন’ এর বাচিক শিল্পীবৃন্দের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘আরোহী বাউল সঙ্গীত একাডেমি’র শিল্পীবৃন্দ। মেলায় আগত সংস্কৃতিপ্রেমী দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা সাহা তিন্নি।

খুবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব
পর্যটন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে
মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

খবর বিজ্ঞপ্তি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেছেন, গার্মেন্টস খাতের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনায় খাত হতে পারে পর্যটন। গার্মেন্টেস খাতের বৈদেশিক আয় দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বর্তমান অন্তর্র্বতী সরকার পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটন খাতের বিকাশ ঘটলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে পর্যটন খাত। তিনি তরুণ প্রজন্মের জন্য পর্যটন বিষয়ে সম্ভাব্য ধারণা ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয় অবহিত করেন। পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে গহিন বনে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা ও শব্দ দূষণ রোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আজ ২৩ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশে ট্যুরিজম বোর্ড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এ কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে সবার আগে জীববৈচিত্র্য রক্ষার দিকে নজর দেওয়া উচিত। এক্ষেত্রে যাতে গহিন বনে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। প্রধান আলোচক হিসেবে ‘ইকো-গাইডিং ইজ মোর দ্যান জাস্ট এ জব: অপরচুনিটিস ফর দ্য ইউনিভার্সিটি গ্রাজুয়েটস’ শীর্ষক সেশনে পর্যটন খাতে নানা দিক তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) মোঃ আতাউর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস পুষ্প।
উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এ পর্বে আলোচনা করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, পুগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিনিয়র ইকো-গাইড মোঃ নজরুল ইসলাম বাচ্চু, ঢাকা সিটি ট্যুরস এর সিনিয়র ইকো-গাইড সারওয়ার জাহান মিঠু, অ্যারেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ইকো-গাইড আল-আমিন হোসেন আনাস এবং পপুলার ট্যুরস এন্ড ট্রেড এর ইকো-গাইড এক্সপার্ট শুরাজ মাহমুদ (ফারদিন)।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এর শিক্ষক ও কর্মকর্তা এবং বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

খুবিতে দু’দিনব্যাপী শশিমেলার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন উৎসব শশিমেলা-২০২৫’ শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১টায় চারুকলা স্কুলের আঙিনায় দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, শশিভূষণ পাল বাংলাদেশের একজন পথিকৃৎ চিত্রশিল্পী। শিল্পকলায় তাঁর যে অবদান রয়েছে তা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে এ ধরনের মেলা আয়োজনের পাশাপাশি ডকুমেন্ট আকারে এই শিল্পীর শিল্পকর্ম ও এর বিবরণ তুলে ধরা প্রয়োজন। যাতে বাংলাদেশের অন্যান্য বরেণ্য চিত্রশিল্পীর পাশাপাশি শশিভূষণ পালও যথাযথ মর্যাদা পান এবং সকলের মাঝে পরিচিত হন। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের জন্য পৃথক একটি ভবনের নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে শীঘ্রই এ ব্যাপারে ডিপিপি প্রস্তুতের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকত ইসলাম। আরও বক্তৃতা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তৃতা করেন মাহবুব-ই-খুদা প্রিয়ন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল আলমকে সম্মাননা প্রদান করা হয়। তিনি ভার্চ্যুয়ালি যুক্ত থাকা অবস্থায় তাঁর পক্ষে সম্মননা গ্রহণ করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। এছাড়া গতবছর ‘শশিভূষণ পাল ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবিরকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মাইশা বিনতে হাক্কানী ও হাফসা বিনতে আজাদ। অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ চারুকলার প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

খুবিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা মুখরিত থাকবে এটাই উচ্চশিক্ষার লক্ষ্য। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এতে মনে প্রফুল্ল আসে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নেওয়া প্রয়োজন। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং আয়োজক শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিশ্ব অলিম্পিকের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মশাল প্রজ্বালন করে মাঠ প্রদক্ষিণ করেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মোসাদ্দেক আল মামুদ ও শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিয়া মাহিন মিথী। শপথ বাক্য পাঠ করান শিক্ষা ডিসিপ্লিনের ইমাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভদীপ গোলদার ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী অনিন্দিতা বিশ্বাস।
এ প্রতিযোগিতা শেষে বিকাল ৫টায় ২০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিচারকমণ্ডলীর পক্ষ থেকে বক্তৃতা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
এবারের প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের দলগত ইভেন্টে শিক্ষা ডিসিপ্লিন, ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে শিক্ষা ডিসিপ্লিনের ইমাম হোসেন ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সুমন হোসেন এবং ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসবের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকাল ৯ টায় খুলনা পাবলিক কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা ও সদস্য, বোর্ড অব গভর্নরস, খুলনা পাবলিক কলেজ জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম।
প্রধান অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন এবং মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক জনাব শঙ্কর প্রসাদ ঘোষ। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

পাঁচ দফা দাবিতে খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি চলছে। এতে সকাল থেকে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, এমবিবিএস ও বিডিএসব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে, উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি ড্রাগ লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণসহ আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে, সকল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজসমূহ বন্ধ করে দিতে হবে এবং চিকিৎসকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস আসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. আরাফাত হোসেন বলেন, শেখ হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে; যা ছিলো সম্পূর্ণ বেআইনি ও আত্মঘাতি। আমরা ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিপ্লব সাধনের জন্য ৫ দফা দাবি পেশ করেছি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, উক্ত ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তারা আমাদের দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছে না। তাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অন্যান্য সকল মেডিক্যাল কলেজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় একটি ইস্যুতে কর্মবিরতি পালন করছে। তাদের এই দাবির যৌক্তিকতা রয়েছে। তবে কর্মবিরতির কারণে যাতে রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় এবং প্রত্যেক রোগী সুচিকিৎসা পায় তার জন্য আমরা মিড লেভেলের চিকিৎসক যেমন সহকারী রেজিস্ট্রার এবং অনারারি মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল অফিসারদের আরো কার্যকরভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছি।