Home আঞ্চলিক ‘পীর’ মিজান ও তার জামাতা গ্রেপ্তার

‘পীর’ মিজান ও তার জামাতা গ্রেপ্তার

13

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোচিত ‘পীর’ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার সকালে তাকে নিজ আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার জামাতা মো. আবু নাইমকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে। নিজেকে ওলি দাবি করে অসংখ্য মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।

মিজানকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে শুক্রবার তার আস্তানা গুড়িয়ে দিতে কয়েক’শ মানুষ আস্তানাঅভিমুখে পদযাত্রা করেন। তবে পুলিশ ও সেনাবাহিনী উত্তেজিত জনতাকে আটকে দেয়। এ সময় উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও উপজেলা ওলামা পরিষদের নেতারা মিজানকে আইনের আওতায় আনতে তিনদিনের সময় বেধে দেন।

মামলার বাদি সিদ্দিকুল ইসলাম জানান, মিজানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম ‘শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত’ নামে একটি বই বের করেন। ওই বাইয়ের বিভিন্ন অংশে আল্লাহ ও তার রাসূল (স.) এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন।

তিনি অভিযোগ করেন, মিজান অনেকের মত তার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। পরে টাকা চাইলে ‘মাওলা দিচ্ছে না’ জানিয়ে দিতে টালবাহানা শুরু করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা বলেন, মামলার আসামি হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। আবু নাইমের সম্পাদনায় প্রকাশিত ‘শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত’ নামের বইয়ের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাদের দু’জনের বিরুদ্ধে মামলা হয়।

এদিকে ‘পীর’ মিজানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরে আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।