Home Lead আগুন-ভাঙচুর আতংকে খুলনার আ.লীগ নেতা-কর্মীদের বাড়ির ভাড়াটিয়ারা

আগুন-ভাঙচুর আতংকে খুলনার আ.লীগ নেতা-কর্মীদের বাড়ির ভাড়াটিয়ারা

207
ফাইল ফটো


সৈয়দ রানা কবীর।।
এক সময়ে খুলনার আওয়ামী লীগের প্রভাবশালী ডজনখানেক সাবেক এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর ও ডজনখানেক পুলিশ কর্মকর্তা নিজ বাসাবাড়ি নিয়ে ভাঙচুর, আগুন আতংকে দিন কাটাচ্ছেন। আর একই সঙ্গে বিপাকে পড়েছেন ওই বাড়ির ভাড়াটিয়ারা। ইতিমধ্যেই অনেক ভাড়াটিয়া ওইসব ঝুঁকিপূর্ণ বাসা ছাড়তে শুরু করেছেন। আবার কেউ কেউ নতুন বাসা খুঁজছেন। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতার খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দেওয়ার পর বিভিন্ন স্থানে পতিত সরকারের সমর্থকদের বাড়িতেও আক্রমণের ঘটনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।


ঝুঁকিপূর্ণ বাসাবাড়িতে বসবাসরতরা জানিয়েছেন, তারা কোন অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থেকেও ঝুঁকিতে রয়েছেন। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় বড় ধরণের প্রাণহানি ঘটতে পারে।


খোঁজ নিয়ে জানাগেছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছরের দু:শাসনে মানুষ অতিষ্ঠ হয়েছিল। বিগত বছর ৪ ও ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে শেখ হাসিনা পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘদিনের ক্ষোভের শিকার হয় আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী, কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বাড়ি, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। জনরোষে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনীতিক ও দোসররা পালিয়ে রক্ষা পান। তারপর থেকে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনার ক্ষমতার কেন্দ্র বিন্দু শেখ বাড়ি, সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নারায়ন চন্দ্র চন্দসহবেশ কয়েকজন এমপি ও মন্ত্রীদের বাড়ি ফাঁকা পরেছিলো। কিন্তু কাউন্সিলর ও অন্যান্য নেতাদের বাড়িতে নেতারা না থাকলেও তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। কিন্তু শেখ হাসিনার ভাষণ কেন্দ্র করে ছয় মাস পর ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ।

তারই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ‘ খুলনার শেখ বাড়ি’। আর ওইদিন দিবাগত রাতে দোলখোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দেলোর বাড়ি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই বাড়িতে অধিকাংশই ভাড়াটিয়া আতংকিত হয়ে পড়েন। দ্রুত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে প্রাণে বাঁচেন ওই ভবনের অর্ধশতাধিক মানুষ। এছাড়া ৩১নং ওয়ার্ডে এক আওয়ামী লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর আতঙ্কে বাড়ছে খুলনার আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলে প্রভাবশালী আমলা ও পুলিশের কর্মকর্তাদের বাড়িতে বসবাস করা পরিবারের সদস্য ও ভাড়াটিয়াদের মধ্যে।


বুধবার সকালে দোলখোলা মোড়ে স্বেচ্ছাসেবক লীগের দেলোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ি থেকে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিগত আওয়ামী লীগ আমলে খুলনায় বাড়ি করা কয়েকজন প্রভাবশালী আমলা ও পুলিশ কর্মকর্তাদের বাড়িতে গিয়েও প্রায় একই চিত্র দেখা যায়।


ভুক্তভোগীরা নাম প্রকাশ না করে জানান, তারা ভাড়া থেকেও সেখানে বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন। তাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন।


অপরদিকে সব মিলিয়ে খুলনার আলোচিত ও সমালোচিত প্রায় একডজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও খুলনা বিভাগের ডজনখানেক পুলিশ কর্মকর্তা এখন চাকুরী হারানো ও গ্রেপ্তার আতংকে রয়েছেন।