মোংলায় বিএনপির সভা
মোংলা প্রতিনিধি
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কতিপয় লোকজন বিএনপিতে অনুপ্রবেশ করে মোংলার বিভিন্ন এলাকায় ঘের দখল ও চাঁদাবাজি করছে। এমন অরাজকতা কোনভাবেই কেউকে করতে দেয়া হবেনা উল্লেখ করে বিএনপি নেতা-কর্মীদের তা প্রতিহত ও নিজেদের সতর্ক থেকে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবাণ জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি সকাল থেকে বুড়িরডাঙ্গা, সুন্দরবন ও চিলা ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের পৃথক সমাবেশে যোগ দেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা আঃ মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি ও খানজাহান সরদার।
কেশবপুর বাজারে এখনো ছোলার দাম কমেনি
কেশবপুর প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, বাংলাদেশে ছোলার আমদানি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেলেও খুচরা বাজারে এর মূল্য হ্রাসের প্রবণতা কম। উল্টো, খুচরা পর্যায়ে ছোলার দাম কেশবপুর বাজারে কোথাও কোথাও বৃদ্ধি পাচ্ছে। কেশবপুরে সরজমিনে ঘুরে দেখা গেছে ত্রিমোহনী, সরসকাটি, চিংড়া বাজার, হাসানপুর বাজার, পাজিয়া বাজার ছোলার দাম অপরিবর্তিত রয়েছে, গত বছরের তুলনায় এ বছর ছোলার আমদানি পর্যাপ্ত পরিমাণে হলেও বাজারে ছোলার দাম কমতে এখন পর্যন্ত শুরু করেনি। রমজানের আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্যমতে ২০২৪ সালে ছোলা আমদানি হয়েছিল ১ লক্ষ ৬৬ হাজার মেট্রিক টন এবার লাগামহীন ছোলা আমদানির ফলে ২০২৫ সালে জানুয়ারি মাস পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ৯৭ হাজার ১৮১ মেট্রিক টন।
সেই তুলনায় কেশবপুর বাজারে অলোক সাহার দোকানে বর্তমান ছোলার মূল্য ১২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বাজারের পূর্ব পাশে বড় ব্যবসায়ী মেসার্স গণেশ পাল এন্ড ব্রাদার্স উনাদের দোকানে ছোলা ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমেশ পালের সাথে কথা বলে জানা যায়, সামনে রমজান মাস উপলক্ষে ছোলার দাম বাজারে কিছুটা কমতে পারে। পাইকারি তেল ও মুদি ব্যবসায়ী মনাসাহা মিল তাদের সাথে কথা বলে জানা যায় এখন পর্যন্ত ছোলা ক্রয় করেনি সামনে রমজান মাস উপলক্ষে তাহারা ছোলা ক্রয় করবে। যেহেতু মার্কেটে ছোলার দাম এখন একটু কমতির দিকে তাই দেখেশুনে ছোলা ক্রয় করবেন। কেশবপুরের জন সাধারণ এবং নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলে জানা যায়- বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য উচ্চমূল্যে ছোলা বিক্রি করছেন। বিশেষ করে রমজান মাসের আগে, যখন ছোলার চাহিদা বৃদ্ধি পায়। তাহারা আরো বলেন কেশবপুর বাজারে রমজান মাস উপলক্ষে দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত পরিমাণে তদারকি বৃদ্ধি করা এবং প্রশাসন প্রতিনিয়ত খোঁজখবর রাখা । অন্যথায় এই সরকারের আন্তরিক প্রচেষ্টা একেবারে বিলীন হয়ে যাবে ।
রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের সংবাদ সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপালে মন্দিরসহ ব্যাক্তি মালিকানা জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন নব্বই বছরের বৃদ্ধ বিল্ব রঞ্জন মন্ডল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব রামপালের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাগা বেতকাটা গ্রামের মৃত যোগেশ্বর মন্ডলের ছেলে বিল্ব রঞ্জন মন্ডল জানান, তার কোন ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। তারা শশুর বাড়িতে থাকেন। তিনিও অসুস্থতা জনিত কারণে বাগেরহাটে থাকেন। তার রামপাল থানাধীন ৭১ নং বেতকাটা মৌজার বিআরএস ১৬৩ নং খতিয়ানে ২১৬ দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ২১.৫০ শতাংশ জমিতে দুইটি মন্দির রয়েছে। গত ইং ১৫/১৬ বছর পূর্বে এলাকার হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা করার জন্য মন্দির দুইটা নির্মাণ করা হয়। কিছুদিন মন্দিরে পূজা অর্চনাদি করার পরে বিল্ব রঞ্জন অসুস্থ হন। পরে তিনি বাগেরহাট গিয়ে মেয়ের কাছে থাকেন। এমন অবস্থায় তার গ্রামের পার্শবর্তী প্রতিবেশী ভীম মন্ডল ও তার ছেলে উত্তম মন্ডল আওয়ামী লীগের কতিপয় লোকজন নিয়ে জমি ও মন্দির দখলের চেষ্টার অংশ হিসাবে জমি ঘিরে রাখে। ভীম মন্ডলকে জমি দেয়া হয়েছে। সে জমির দলিলে চিহ্নিত সব কিছু উল্লেখ আছে। তারপরেও ভীমের বাড়ির সামনের জমি মূল্যবান হওয়ায় সে দেবত্ব জমি দখলের পায়তারা করছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে (রামপাল) মিস ১০০৩/২১ নং একটি মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে তারা জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। জমি রামপাল থানায় তৎকালিন ওসি সোমেন দাসের মাধ্যমে শালিস বৈঠকে সমস্যার সমাধান করে দেয়া হলেও তারা মন্দিরসহ জায়গা ছাড়েনি। উল্টো বৃদ্ধ বিল্ব রঞ্জনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন। তিনি জায়গাটি দখলমুক্ত করে দেবত্ব ঘোষণা করে জমিটি দান করতে চান। ভুক্তভোগীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের জোর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ উত্তম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দুইটা ঘর আছে। আমরা ঘরসহ জমি কিনেছি। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে হয়রানি করছে। জমির সকল কাগজপত্র আমাদের আছে। তবে মন্দিরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
ফকিরহাটে জমাজমি সংক্রান্ত বিরোধে দিনমুজুরকে মারপিট
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোঃ বিল্লাল শেখ (৪৮) নামের এক দিনমুজুর গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এঘটনায় মুত্যুর সাথে পাঞ্জা লড়া মোঃ বিল্লাল শেখ এর ভাই মোঃ হালিম শেখ রবিবার (৯ ফেব্রয়ারি) সকালে আসামীদের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মরহুম মহার আলী শেখ এর পুত্র মোঃ বিল্লাল শেখ এর সাথে বসতবাড়ির জমাজমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মরহুম ইমান আলী’র পুত্র গহুর শেখ ও হান্নান শেখ এর সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের বিষয় নিয়ে মোঃ বিল্লাল শেখ বাগেরহাট বিজ্ঞ আদালতে ১টি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ২১ জানুয়ারি সকালে গহুর শেখ, হান্নান শেখ ও হাফিজুর রহমান সহ অজ্ঞাত ৭জনে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মোঃ বিল্লাল শেখ এর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমুর্য অবস্থায় তাঁকে উর্দ্ধার করে খুমেকে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘ ২৩দিন আইসিউতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এঘটনায় মোঃ বিল্লাল শেখ এর ভাই মোঃ হালিম শেখ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। পরে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসানসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছর অক্টোবর মাসের ২৬ তারিখে লোহাগড়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এ সম্মলেনে আমরা অংশগ্রহন করেছিলাম। আমাদের এই নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বন্দ্বী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী লীগারদের নিয়ে কমিটি গঠন হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী বৃন্দ প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের বর্তমান উপজেলা সভাপতি এস এস সি পাশ করে নাই তাহার জ্ঞানের অভাবে এই টাকার বিনিময়ে এই অন্যায় কাজ করেছে। বর্তমান কমিটির বেশির ভাগ সদস্যই পড়াশোনা জানে না। এই অশিক্ষিত লোকের জন্য দল ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই সকল অন্যায় কাজের প্রতিবাদ করছি। দাগি, খুনি, আসামী, চোরাচালানী ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসায় আমরা হতভম্ব হয়েছি। অনেক উচ্চ শিক্ষিত সিনিয়র ভিপি শফিকুল ইসলাম (সবুজ) এই কমিটিতে নাই। যিনি দীর্ঘ ৬ মাস কার বরন করেছিলেন। এ ছাড়া শ, ম লুৎফর রহমান আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু জাহিদুল ইসলাম সাহেব, খোকন সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশসহ অনেকে বর্তমান কমিটিতে নেই।আমরা দুঃখের সাথে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান পদ বঞ্চিত নেতা কর্মীরা, তা না হলে কঠোর আন্দলোনের হুশিয়ার দেন তারা। এদিন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব অভিযোগের বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ বলেন, কমিটি কখনো অবৈধ হয়না এবং এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগি নেতাকর্মীদের রাখা হয়েছে বলে জানান তিনি।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মিলন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান মিলন। তাঁর প্রার্থিতায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে অংশ নিয়ে মিলন বলেন, “নির্বাচন গণতন্ত্রের সৌন্দর্য। আমি নির্বাচিত হলে দলকে সুসংগঠিত করব।” ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মিলন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলন-সংগ্রামে প্রশংসিত হয়েছেন।
তার পিতা মরহুম আবুল কাশেম হাওলাদারও ছিলেন বিএনপির নেতা। বাবার আদর্শ অনুসরণ করে জনগণের সেবা করতে চান তিনি। সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি গণসংযোগ চালাচ্ছেন এবং নেতাকর্মীদের ব্যাপক সমর্থন পাচ্ছেন।
নেতাকর্মীরা মনে করছেন, তরুণ ও কর্মীবান্ধব নেতা হিসেবে আসাদুজ্জামান মিলন মোরেলগঞ্জ পৌর বিএনপিকে আরও সুসংগঠিত করতে সক্ষম হবেন।
সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য আহত
কালিয়া প্রতিনিধি
নড়াইল জেলার নড়াগাতীর থানার চাপাইল সেতু সংলগ্ন ইজিবাইক ষ্ট্যান্ডে অবৈধ ইট বোঝাই ট্রলি-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেনা সদস্য (অবঃ)মোঃ ওহিদ শেখ গুরুতর আহত ও তার বাম পায়ের উপর দিয়ে ট্রলির চাকা উঠে যায় বলে স্থানীয়রা জানায়,
রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে চাপাইল সেতুর সংলগ্ন নড়াইল পাড়ে হালিম শেখের দোকানের সামনে দ্রুতগামী ট্রলী এসে মোটরসাইকেল আরোহী ওহিদ শেখকে ধাক্কা দিলে তার বামপা গাড়ির চাকার তলে পড়ে দুমড়ে মুচড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা আহতকে নিকটস্থ গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন ও আহত ওহিদ শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা সিএমএস এ দ্রুত প্রেরন করেন, ঘাতক ট্রলি স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি, অভিযোগ এলে তদন্ত পূর্বক আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করব।
খাজরা ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের স্বস্তি
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার ৮নং খাজরা ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের স্বস্তি ফিরেছে। সেবা নিতে আসা মানুষের নিজ হাতে কাজ করে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বাচ্চু নিয়মিত পরিষদে বসে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে বিভিন্ন কাজ নিজ হাতে করে দিচ্ছেন এবং মানুষের সমস্যার কথা শুনে সমাধান দিচ্ছেন।
বৃহস্পতিবার পরিষদে গিয়ে দেখা যায়, কয়েকজন নতুন ভোটার, চাষী, বিভিন্ন কর্মের মানুষসহ সাধারন মানুষ ভিড় করে বসে আসেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান একের পর একজনকে পাশে নিয়ে তাদের কথা শুনছেন, প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিচ্ছেন। সমস্যা থাকলে পরামর্শ দিচ্ছেন। দাপ্তরিক কাজ থাকলে সংশ্লিষ্টদের ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলছেন। পরিষদে কাজে আসা বিভিন্ন পেশার মানুষ চেয়ারম্যানের ব্যবহার ও দ্রুত কাজ করে দেওয়ায় খুশি হচ্ছেন।
ইউনিয়নের মানুষের ভোগান্তি কমেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেনÑআমি পরিষদের দায়িত্ব পাওয়ার পর সঠিকভাবে কাজ করার চেষ্টা করি। ইউনিয়নের নতুন রাস্তাঘাট নির্মাণ কাজে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে তৎপর আছি। আমি যতদিন দায়িত্বে আছি সঠিকভাবে কাজ করে যাবো। এজন্য সকলের সহযোগিতা চাই।
কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কমিটি গঠন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ কমিটিতে মোঃ সামাদ আলীকে সভাপতি, সন্ধ্যা রানী সরকারকে সহ- সভাপতি ও ফরহাদ রেজাকে সাধারণ সম্পাদক করে মোট ৯ সদস্যের নির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটিতে অন্যান্যরা হলেন মোছাঃ খাদিজা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাম খাঁন প্রচার সম্পাদক, মোঃ আছের আলী কোষাধক্ষ্য, মোছাঃ বিথী নাসরিন নির্বাহী সদস্য, শিখা রানী সরকার নির্বাহী সদস্য ও মোঃ মাসুদ রায়হান নির্বাহী সদস্য। গতকাল অনুষ্ঠিত সংস্থার সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে গতকাল বেলা ১১টায় গঠিত সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির নামের তালিকা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। সুশিক্ষায় শিক্ষিত ২৬৬ জন সদস্য নিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে সংস্থাটির কার্যক্রম চলে আসছে। সদস্যদের সকলেই প্রতিবন্ধী, এদের মধ্যে ১৬০ জন ডিগ্রি পাশ, ১০০জন আইএ পাশ ও ৬ জন এস এসসি পাশ। ৪৬ জন দেশের বিভিন্ন সংস্থায় চাকুরীরত।
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষকে দর্শানোর নোটিশ
সাতক্ষীরা প্রতিনিধি
জালিয়াতি ও দুর্নীতিসহ ৬টি অভিযোগ প্রমানিত হওয়ায় কেন বেতন ভাতা বন্ধ হবে নাÑতার জবাব চেয়ে সাতক্ষীরা ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। গত ২ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্ত বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মাঈন উদ্দিন স্বাক্ষরিত একপত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) শেখ শরিফুল ইসলাম একই কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন।
এর প্রেক্ষিতে ৩৭.০০.০০০.০৯৫. ০৯৯.০০৮.২০২২-৬৩১ নং স্মারকে ১০ নভেম্বর ২৪ তারিখের নির্দেশনায় তদন্ত প্রতিবেদনের আলোকে ৬টি অভিযোগ প্রমানিত হওয়ায় কেন এ আর এম মোবাশ্বেরুল হককে বেতন ভাতাদি বন্ধ করা হবে নাÑমর্মে ৫ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানো এবং একই বিষয়ে মতামত প্রদানের জন্য সভাপতি, গভর্নিং বডিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবিষয়ে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এধরনের একটি কপি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি এখনো হাতে পাইনি।
কালিগঞ্জে মাছ ধরতে যেয়ে ১৫ দিন নিখোঁজ যুবক
সাতক্ষীরা প্রতিনিধি
মাছ ধরতে যেয়ে ১৫দিন যাবত নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক যুবক। তিনি উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ যুবকের মা হামিদা খাতুন (৬০)।
হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারী বিকেলে বাড়ির পাশর্^বর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারী দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করেছেন (নং ২৫৯)।
হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন তিনি।
নিখোঁজ সংক্রান্ত জিডির বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হযরত আলি জানান, ইসরাইল গাজীর সন্ধান পেতে কার্যক্রম শুরু করেছি। মোবাইল কললিস্ট পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চরম অচলাবস্থা; ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে অপসারণ না করায় বিদ্যালয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ সহ অচলাবস্থা দুর করার দাবি জানিয়ে। শিক্ষার্থী প্রতিনিধিরা রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট এসব দাবির কথা জানান। উল্লেখ্য বিগত ৯ মাস আগে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ভৈরবী রাণী রায়। যোগদানের পর হতে এখনও নিয়মিত কখনো স্কুলে আসেন না এবং স্কুলের কোন বিষয়ে তিনি নুন্যতম কোন দ্বায়িত্ব পালন করেন না। ফলে চরমভাবে ব্যাহত হয় লেখাপড়া সহ স্কুলের যাবতীয় কাজ। এ কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান শিক্ষকের অপসারণ সহ ১০ দফা দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওই সময় সরেজমিন এসে জানুয়ারির মধ্যে প্রধান শিক্ষককে সরিয়ে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত করা সহ সকল সমস্যা দুর করার আশ্বাস দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক। স্কুলের কার্যক্রম স্বাভাবিক রাখতে ওই সময় মৌখিক ভাবে সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব কে দায়িত্ব অর্পণ করা হয়। এদিকে দীর্ঘ এ সময়ের মধ্যে প্রধান শিক্ষক ভেরবী রাণী রায়কে অপসারণ না করায় এবং মৌখিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা থাকায় আবারো উপজেলা সদরের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। অচলাবস্থা দুর করতে শিক্ষার্থী প্রতিনিধিরা রোববার সকালে সাংবাদিকদের সামনে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় যোগদানের পর হতে বিগত ৯ মাস বিদ্যালয়ের কোন কাজ করছে না, তিনি মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ। তার স্বামী প্রকাশ অধিকারী বিদ্যালয়ের বিভিন্ন হস্তক্ষেপ করেন। শিক্ষার্থীরা দ্রুত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, শিক্ষা সফরের ব্যবস্থা করা, সেশন চার্জ বাবদ নেওয়া ৩৫০ টাকা ফেরত দেওয়া, প্রত্যেক শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি কার্ড, ডায়েরি ও সিলেবাস প্রদান করা, সুপেয় পানির সুব্যবস্থা করা, নতুন বহুতল ভবনে পাঠদান কার্যক্রম শুরু করা, ক্যান্টিনের ব্যবস্থা করা, লাইব্রেরি, আইসিটি ও সায়েন্স ল্যাব চালু করা, প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগ করা এবং প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে অপসারণ করে দ্রুত একজন সুস্থ স্বাভাবিক প্রধান শিক্ষক নিযুক্ত করার মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থা দুর করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষার্থী প্রতিনিধি ফারহানা ইসলাম ঋতু, আকসারা নেওয়াজ চাহাত, সৈয়দা তানহা জেরিন মৌ, অষ্মী নিঝুম, সাওরাত সামিরা মিতু, শেখ আয়েশা রহমান শশী, জারিন তৌফা এশা, তৃষা মন্ডল, মৃত্তিকা মন্ডল, সুরাইয়া ইয়াসমিন জিম, সুমাইয়া তাবাচ্ছুম ও রুপালী আনম রিমি।
পাইকগাছায় সরকারি খাসখাল ভরাট করে ঘর নির্মাণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড সরল গ্রামের ১০ পরিবারের লোকজন যাতায়াতের পথ নিয়ে বিপাকে পড়েছেন। একই এলাকার নির্মল মন্ডল ৪ ও ৯ নং ওয়ার্ডের পানি সরবরাহের বন্দোবস্ত প্রাপ্ত সরকারি খাস খালে মাটি ভরাট ঘর নির্মাণ করায় ওই পরিবার গুলো একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ বরাবর প্রতিপক্ষ শিবেরবাটী গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে মনিন্দ্র নাথ মন্ডল এবং সরল গ্রামের মৃত অর্জুন মন্ডলের ছেলে নির্মল মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পাইকগাছা পৌরসভার ৪ ও ৯ নং ওয়ার্ডের মধ্যে দিয়ে একটি সরকারি খাস খাল রয়েছে। এ খাল দিয়ে একদিকে এলাকার পানি নিষ্কাশন হয়। অপরদিকে খালের ধার দিয়ে সরল এলাকার অনেক গুলো পরিবার নবপল্লী সড়ক হয়ে যাতায়াত করে থাকে। খালটি মনিন্দ্র নাথ বন্দোবস্ত প্রাপ্ত হয়ে আংশিক নিকট আত্মীয় নির্মলের নিকট হস্তান্তর করে। নির্মল বর্তমানে যাতায়াতের পথ সহ খালের অনেকটা জায়গা ভরাট করে ঘেরাবেড়া দিয়ে ঘর নির্মাণ করছে। যার ফলে ওই এলাকার কমপক্ষে ১০ টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে।
এব্যাপারে সরল গ্রামের বাসিন্দা মৃত আনসার আলী গাজীর ছেলে লোকমান হাকিম বলেন, আমাদের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করে নির্মল গংরা ঘর নির্মাণ করছে। যার ফলে যাতায়াতের পথ নিয়ে পরিবার পরিজন মহা বিপাকে পড়েছি। এব্যাপারে তাদেরকে অনেকবার অনুরোধ করেছি কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছি।
আরেক বাসিন্দা আতিয়ার রহমান বলেন, একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের এখন প্লেনে ছাড়া যাতায়াতের কোন ব্যবস্থা নাই। পরিবার পরিজন নিয়ে কিভাবে যাতায়াত করবো এনিয়ে খুব সমস্যায় রয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, আমরা প্রাথমিকভাবে পৌরসভার সকল সরকারি খালগুলোর সীমানা নির্ধারণ কাজ শুরু করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কপিলমুনি ইউপি’র প্যানেল চেয়ারম্যান ইউনুছের সংবাদ সম্মেলন
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী সাবেক সচিব ও ইউপি চেয়ারম্যানের অনিয়ম তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুর ১ টায় ইউপি ভবনের কক্ষে কয়েক জন মেম্বরের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গণি গাজী কর্তৃক বিভিন্ন সময়ে নানা দূর্নীতি-অনিয়মের প্রতিবাদ ও পরিষদের আয়-ব্যায়ের হিসাব চাওয়ায় আমিসহ আমার পরিষদের সকল সদস্য-সদস্যাদের বিরুদ্ধে অসদাচারণ ও নানা বানোয়াট অনিয়মের অভিযোগ করেন। এমনকি পরিষদে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে খারাপ আচারণ শুরু করেন। তাদের সেবা দেওয়ার কথা বলে অর্থ লেন-দেন শুরু করেন। খাল খনন বাবদ ৫ লাখ ৬৩ হাজার টাকা আমিসহ আমার পরিষদের ৩ সদস্য কোন কাজ না করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে, প্রকৃত পক্ষে আমি কিংবা আমার অভিযুক্ত সদস্যদের কাউকে না জানিয়ে চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার সমুদয় টাকা আত্মসাৎ করে আমাদের উপর দায় চাপানোর অপচেষ্টা অব্যাহত রেখেছেন। অভিযোগে ২৭/১১/২৪ তারিখে প্রতাপকাটি দঃ পাড়া মসজিদ সংস্কার বাবদ ও হাউলী পূর্বপাড়া জামে মসজিদ বাবদ ৫১ হাজার টাকা সচিবের কাছ থেকে আমার স্বাক্ষর করে টাকা গ্রহনের কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে মসজিদের নামে কোন বরাদ্দই দেওয়া হয়নি। তাই টাকা গ্রহনের প্রশ্নই আসেনা। গত ৭/১২/২৪ তারিখে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা হতে ১ লাখ ২৫ হাজার টাকা, সরকার প্রদত্ত ৬০টি পানির ট্যাংকি বাবদ টাকা উত্তোলনের বিষয়গুলিও সঠিক নয়।
সংবাদ সম্মেলনের আয়োজক মুহাম্মদ ইউনুছ আলী আরো বলেন, আমার অনুগত ইউপি সদস্য বিশেষ করে ২নং ওয়ার্ড সদস্য শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রি ও টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে, যা ভিত্তিহীন। গাছ বিক্রি করেছেন ইউপি চেয়ারম্যান কওছার আলীর তত্ববধায়নে অভিযোগকারী হালিম মোড়ল। মূলত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হেয় প্রতিপন্ন করতে একের পর এক মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে। উপরোক্ত অভিযোগ সমূহ তারই ধারাবাহিকতায় বিভিন্ন দপ্তরে দাখিল করা হয়েছে।
প্যাটার্ন বহির্ভূত ভূগোলের প্রদর্শক নিয়োগের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্যাটার্ন বহির্ভূত ভূগোলের প্রদর্শক নিয়োগের অভিযোগ উঠেছে। তথ্য মতে জানা যায় তৎকালীন সভাপতি ডাক্তার মোখলেছুর রহমান ,অবৈধ পন্থায় নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ শিহাব উদ্দিন , সদস্য মোঃ রফিকুল ইসলাম সানা ও অন্যান্য কমিটির সদস্য মিলে মোটা অংকের টাকার বিনিময়ে গত ১২,১০,২০১৫ তারিখে জৈনক ইদ্রিস আলীকে ভূগোলের প্রদর্শক হিসাবে নিয়োগ দিয়ে থাকে যা সম্পূর্ণ অবৈধ ।গত তিন বছর পরে ১২/০৭/২০১৮তারিখে সরকারি এমপিও ভুক্ত হয় ইদ্রিস আলী। তাহার ইনডেক্স নং ৩০৯৭৩৮৭। কিন্তু জনবল নিয়োগ কাঠামো ৪ফেব্রুয়ারি ২০১০ এ প্রণীত মার্চ পর্যন্ত সংশোধনীতে ভূগোলের প্রদর্শক পদ বলে কোন পদ নেই।এ ব্যাপারে বাদী বড়দল সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম আনারুজ্জামান বলেন একদিন একটি দরকারে কলেজের প্যাটার্ন দেখলে সেখানে দেখতে পাই ভূগোলের প্রদর্শক পদ বলে কোন পদ নেই। তিনি আরো বলেন আমি দীর্ঘদিন অপেক্ষা করে দেশের পট পরিবর্তন হওয়ার ইদ্রিস আলীর এমপিওর বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেছি যেমন জেলা শিক্ষা অফিস সাতক্ষীরা, আঞ্চলিক অফিস খুলনা, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা।এ ব্যাপারে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি লোক মূখে শুনেছি যে একটি দরখাস্ত বিভিন্ন দপ্তরে জমা পড়েছে। আমার কাছে কোন লিখিত কোন কিছু আসে নাই। আসলে বিষয়টি খতিয়ে দেখবো।এ ব্যাপারে তৎকালীন সভাপতি ডাক্তার মোখলেছুর রহমান, অধ্যক্ষ শিহাব উদ্দিনের নিকট যোগাযোগ করলে তাদের মুঠোফোন রিসিভ করেননি। বাদি আরও বলেন বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সমস্ত প্রকার দুর্নীতি বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাতক্ষীরা সীমান্তের সুলতানপুর বিজিবির নতুন বিওপি উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির নবনির্মিত “সুলতানপুর বিওপি” উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নতুন এই বিওপি উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ুন কবির।
এসময় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিজিবি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপমহাপরিচালক মো: মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানা।
অতিরিক্ত মহাপরিচালক মো: হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয় বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে আরম্ভ হয়েছে।
সরকারি স্কুলে অনাগ্রহ, চাপ বাড়ছে কিন্ডারগার্টেনে
বেনাপোল প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে শিশুদের। অন্যান্য সুযোগ-সুবিধাও মেলে। অন্যদিকে কিন্ডারগার্টেনে পড়াশোনা করানো ব্যয়বহুল। তারপরও শিশু সন্তানদের পড়াশোনা করাতে কিন্ডারগার্টেনের দিকেই ঝুঁকছেন অভিভাবকরা। তারা বলছেন, কিন্ডারগার্টেনে পড়াশোনার মান ভালো। ফলে শিক্ষার্থী কমছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে।
যশোরের বেনাপোলে খোঁজ নিয়ে এমনই চিত্র দেখা গেছে। শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেনাপোল পৌরসভায় ও ইউনিয়নে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। আর কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় রয়েছে ২৭টির অধিক। যে কারণে এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকগুণ বেশি।
সরেজমিন দেখা যায়, বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। অন্য শ্রেণিগুলোও প্রায় ফাঁকা ছিল। শিক্ষকরা জানালেন, বিদ্যালয়ে এখন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। সব বইও এখনো বিতরণ করা হয়নি। এ কারণে উপস্থিতি কম।
একই চিত্র দেখা গেলো নারায়ণপুর নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। খবর নিয়ে জানা যায়, এ বিদ্যালয়ে নতুন ভর্তিসহ এখন শিক্ষার্থী সংখ্যা মাত্র ৯৪ জন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ছোট একটি গ্রামে অবস্থিত। এখানে এমনিতেই ছাত্রছাত্রী কম। তার ওপরে আছে কিন্ডারগার্টেনের চাপ। এখন নতুনভাবে চাপ তৈরি করছে ইসলামি কিন্ডারগার্টেনগুলো। সেখানে দ্বীনি শিক্ষার সঙ্গে ক্যাডেট চালু হওয়ায় অভিভাবকরা ওইদিকে যাচ্ছেন।
এ বিষয়ে অভিভাবকদের ভাষ্য, প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় তদারকির অভাব রয়েছে। এর বিপরীতে কিন্ডারগার্টেনে তদারকি ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আছে জবাবদিহিতার সুযোগ। এজন্য তারা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়তে দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সাইবুর রহমান নামের একজন অভিভাবক বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন আছে, খেলার মাঠ আছে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও আছেন। কিন্তু পড়ালেখার মানের প্রশ্নে অভিভাবকদের সন্তুষ্টির অভাব আছে। শিক্ষকরা নিয়মিত ও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না। ক্লাসে পাঠদানের বিষয়ে আন্তরিক ন। এসব কারণে কিন্ডারগার্টেনে আগ্রহ বাড়ছে।’
সোনিয়া খাতুন নামের আরেকজন বলেন, ‘কিন্ডারগার্টেনে যেভাবে যত্ন নিয়ে পড়ানো হয়, প্রাথমিকে বিদ্যালয়ে তা হয় না। এজন্য অভিভাবকরা প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে কিন্ডারগার্টেনে তাদের সন্তানদের পড়ান।’
তবে এ বিষয়ে দ্বিমত প্রকাশ করেন বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজ্জত আলী। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানের ওপর ব্যাপক তদারকি রয়েছে। শিক্ষা প্রশাসন এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করায় সার্বিক শিক্ষাব্যবস্থারও উন্নতি হচ্ছে।’
বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি সাজানো-গোছানো এবং পরিপাটি। বিদ্যালয়ের ছাত্রদের শৌচাগার পর্যন্ত ঝকঝক করছে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলও ভালো। তারপরও কেন শিক্ষার্থী বাড়ছে না এমন প্রশ্নের জবাবে সহকারী শিক্ষক আলাউদ্দিন বলেন, ‘কিন্ডারগার্টেনে অভিভাবকদের বেশি আগ্রহের কারণ সময়সূচি। কিন্ডারগার্টেনে ক্লাস টাইম দুই সর্বোচ্চ চার ঘন্টা। সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার থেকে ছয় ঘণ্টারও বেশি সময় পাঠদান করানো হয়। এটা শিশুদের জন্য কষ্টদায়ক। বেশিরভাগ সচেতন অভিভাবক এটা পছন্দ করেন না।’
গতবছর কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৩৩৭ জন। বছরের ব্যবধানেও এ বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী বাড়েনি। অথচ একই এলাকায় অবস্থিত কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থী বেড়েই চলেছে।
কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু শিক্ষার্থীদের কিন্ডারগার্টেনমুখী করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বেশিরভাগ অভিভাবকই মনে করেন, তাদের সন্তান কিন্ডারগার্টেনে না পড়লে তারা সমাজে সম্মানের সঙ্গে পরিচয় দিতে পারবেন না।’
এ বিষয়ে কথা হয় শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা প্রতিমাসেই পরিদর্শনে যাচ্ছি। তারপরও কিন্ডারগার্টেনের সঙ্গে অঘোষিত প্রতিযোগিতায় থাকতেই হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অনেক উন্নত হচ্ছে। বাচ্চাদের বইয়ের চাপ কম, যদিও সময় একটু বেশি নিয়ে পড়ানো হয়। তবে সামনের দিনে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করা হবে।
ঘন কুয়াশায় কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪শ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ট্রাকটি সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুরে পৌঁছালে ঘন কুয়াশায় চালক মিলন গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।
ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।
বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪০) নামের বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার বেলা ১১টার দিকে দৌলতখালী গ্রামে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
জানা যায়, গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি দৌলতখালী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হকসহ কয়েক শ এলাকাবাসী অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে ভুক্তভোগীর ভাতিজা আরিফ হোসেন বলেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি অন্যদের মত চলাফেরা ও সংসারের সব কাজ করতেন। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
শনিবার সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাতিজা আরিফ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন জাহানারা। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারতেন। তিনি মানুষের বাসা-বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।
তারা বলেন, আমরা সকালে খবর পাই বিবস্ত্র অবস্থায় তার মরদেহ গাছে ঝুলছে। গিয়ে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
আশাশুনিতে একসরা স্লুইস গেট সংলগ্ন দু’কিলোমিটার খাল উন্মুক্ত : জনমনে স্বস্তি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির আনুলিয়া ইউনিয়নের একসরা স্লুইসগেট সংলগ্ন খাল উন্মুক্ত করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ইউপি সদস্যদের সাথে নিয়ে অবৈধ নেট পাটা অপসারণ করে খাল উন্মুক্ত করেন। সাথে সাথে লবণ পানি উঠতে না পারে তার জন্য বাঁধ নির্মাণ করে আটকে দেওয়া হয়।
উল্লেখ্য লবন পানি উঠা বন্ধ হলে ২ কিলোমিটার দৈর্ঘ্য খালের পানি দিয়ে সাত মৌজার প্রায় ৩ হাজার বিঘা জমিতে বছরে দুবার ধান চাষ, সবজি চাষ করা সম্ভব হবে এবং জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসী মুক্তি পাবে বলে জানা গেছে।
বল্লবপুর গ্রামের কালাম ঢালী, সাধন দাস, দুলাল দাস, শফিকুল মোড়ল, কেরামত আলী জানান, এলাকার কিছু মানুষ একসরা খালে অবৈধভাবে নেট পাঠা বসিয়ে মাছ চাষ করে আসছিল। এছাড়া প্রতি বছর বৃষ্টির সময় গেটের মুখে বাঁধ আটকে দেওয়ার কারণে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হত। ফলে ১০ গ্রামের মানুষ আমন ধান চাষ থেকে বঞ্চিত হতো। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানোর পরেও কোন লাভ হয়নি। আজ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে খালের পাটা অপসারণ করা হলো। ইউপি সদস্য শহিদুল ইসলাম শহীদ ও কামাল হোসেন গাজী জানান, ইউনিয়নের একসরা, মির্জাপুর, বল্লভপুর, বাসুদেবপুর, পাইকপাড়া, রাজাপুর ও আনুলিয়া মৌজার তিন হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে আউশ, আমন ও বোরো ধান চাষ করা সম্ভব হচ্ছিলনা। এলাকার মানুষ ধান চাষ না করতে পেরে অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে বিভিন্ন ইট ভাটায় চলে গেছে। এলাকার অধিকাংশ পুরুষ মানুষ বাড়ি ছাড়া। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে যাতে ধানের পাশাপাশি সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে এজন্য খালটি উন্মুক্ত করা হয়েছে।
আনুলিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল কুদ্দুস জানান, একসরা খাল উন্মুক্ত করার দাবী দীর্ঘদিনের। এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার উপস্থাপন করেছি। উপজেলা নির্বাহী অফিসার আমাকে আশ্বাসও দিয়েছেন। তাই শত শত জনগণকে সাথে নিয়ে আজ নেট পাঠা অপসারণ ও গেটের মুখের পাট বন্ধ করে জনগণের জন্য খালটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। খালটি ২ কিলোমিটার দৈর্ঘ্য। যে দল যখন ক্ষমতায় আসে তখন এই খাল জবর দখল করে মাছ চাষ করে এসেছে। আমি ক্ষমতায় আসার পর জনগণের দিকে তাকিয়ে এটি উন্মুক্ত করেছি। যাতে মানুষ নিজের জমিতে ফসল লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তবে কেউ যদি পুনরায় দখল করে মাছ চাষের চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি জানান।
জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রস্তাব
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযানের প্রস্তাব করেন বক্তারা।
এছাড়া সাতক্ষীরার সীমান্ত এলাকায় কাঁচা রাস্তা সংস্কার, লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপন, অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক বন্ধ, চিকিৎসা সেবার মান উন্নয়ন, শহরে যানজট নিরসনে বিনেরপোতা-সুপারিঘাটা পর্যন্ত আলাদা বাইপাস সড়ক নির্মাণ করণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বেতনা নদীকে গতিশীল করতে ড্রেজিং ব্যবস্থা অব্যাহত রাখা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) আমিনুর রহমান, ৩৭ বীর সেনানিবাসের কমান্ডিং অফিসার মেজর মুশফিক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপি’র নব কমিটির আহবায়ক মো.রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, জেলা পাবলিক প্রসিকিউটর মো.আব্দুর সাত্তার প্রমুখ।
ব্রাদার্স ব্রিকসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা অফিস
সাতক্ষীরার, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের গা ঘেঁষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের কোন ছাড়পত্র ছাড়া গ্রামের লোকালয়ের ভিতরে কাগজপত্র বিহীন গড়ে ওঠা অবৈধ ব্রাদার্স ব্রিকস ওরফে সায়েম ব্রিকসে টায়ার জ্বালিয়ে তেল ও কাঠ পুড়িয়ে ভাটা পরিচালনা করায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় কোন প্রকার অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতের সাতক্ষীরা জেলার বন ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওই সময় ভাটা পরিচালনার জন্য কোন বৈধ কাগজপত্র এবং মালিক পক্ষের লোকজন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রণয় সরদার মোহাম্মদ আলী এবং আল মামুন নামে ২ ভাটা শ্রমিককে আটক করে নিয়ে যায় । জরিমানার ৫ লক্ষ টাকা অনাদয়ের ঘটনায় এ ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে বলে ভ্রমন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বন ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ আদালত পরিচালনা করেন। আটককৃত শ্রমিকরা হলেন পাবনা জেলার, কামালপুর গ্রামের, ঈশ্বরীপুর থানার মৃত আলমের পুত্র ভাটার চুল্লি শ্রমিক মোহাম্মদ আলী এবং সাতক্ষীরার ,শ্যামনগর উপজেলার, কাশিমাড়ী গ্রামের আবুল হোসেন সরদারের পুত্র ভাটা শ্রমিক আল মামুন। অবৈধভাবে লোকালয় গ্রামের ভিতরে শীতলপুর গ্রামের আব্দুল ওয়াদুদ এবং তার সোহদর সেলিম ওরফে বাবলু ব্রাদারস ব্রিকস নামে এই অবৈধ ভাটাটি দীর্ঘ দু, যুগের বেশি সময় ধরে চালিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জেলা এবং উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে ভাটাটি বন্ধ সিলগালা এবং ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়। সু- চতুর ভাটা মালিক বিষয়টিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নামে মহামান্য হাইকোর্টে মিথ্যা তথ্য দিয়ে রিটের কারণে অভিযান পরিচালনায় জেলা প্রশাসন আটকে যায়। এই সুযোগে একেবারে গ্রামের ভিতরে ভাটা পরিচালনার কারণে এলাকার পরিবেশ দূষণ ছাড়াও গ্রামের মধ্যে কোটি কোটি টাকায় নির্মিত রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ ছাড়াওয় টায়ারের গুড়া ও কাঠ পোড়ানোর কালো ধোয়ায় এলাকার শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের শ্বাসকষ্ট সহ শ্বাসকষ্ট জনিত নানান রোগ বালাই লেগেই থাকে। হাইকোর্টের রিটের কারণে জেলা ও উপজেলা প্রশাসনের হাত-পা বাঁধা অবস্থায় দীর্ঘদিন এই অবৈধ ভাটাটি পরিচালিত হয়ে আসলে ও কিছু করার নেই। ভাটা পরিচালনা করতে যেয়ে ব্রাদার্স ব্রিকসের মালিক আব্দুল ওদুদ এবং তার ভাই আব্দুস সেলিম ওরফে বাবলু ব্যাংক, কয়লা , শ্রমিকদের পাওনা টাকা দিতে না পারায় ভাটাটি বন্ধের উপক্রম হয়। ঐ সময় জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিকট থেকে কম দামে ইট দেওয়ার নামে ভাটার মৌসুম শুরুর আগে অগ্রিম শতশত মানুষের নিকট থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। সময় মতন ওই সমস্ত ভুক্তভোগীদের ইট না দেওয়ায় পাওনা টাকা আদায়ের জন্য শত শত ভুক্তভোগী আদালত সহ থানা এবং উপজেলা জেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেয় । এতে অবস্থা বেগতিক দেখে সনকা গ্রামের প্রবাসী আব্দুস সবুরের নিকট থেকে বছরে ২৫ লাখ টাকা করে অগ্রিম ৫০ লক্ষ টাকা গ্রহণ করে হারি/লিজ দেয়া । সেই থেকে প্রবাসে আব্দুর সবুর ভাটাটি অবৈধভাবে পরিচালনা করে আসছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এই সমস্ত ভুক্তভোগীরা ইট না পেয়ে উপজেলা প্রশাসন সহ থানায় লিখিত অভিযোগ জানায়। পরে প্রবাসী আব্দুল সবুর তার পুত্রের নামে সায়েম ব্রিকস নামে বর্তমান তার স্ত্রী রুনা খাতুনকে দিয়ে পরিচালনা করে আসলেও নেই কোন বৈধ কাগজপত্র। দীর্ঘদিন জেলা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে লাল কার্ড দেখিয়ে অবৈধভাবে বছরের পর বছর ভাটা পরিচালনা করে আসছে।
শার্শায় পরোয়ানাভুক্ত তিন আসামিসহ গ্রেপ্তার ৪
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত তিন আসামি ও এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যামে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার উলাশী গ্রামের ওমর আলীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি শেখ সোয়েব (৩২), সমন্ধকাঠী মাঝের পাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আবুজার সজিব (৩০) একই উপজেলার গিলাপোল গ্রামের সাত্তার শেখের ছেলে মধু (৩৭) ও রামচন্দ্রপুর গ্রামের শামসুর রহমান ঝন্টুর ছেলে মাদককারবারি সাজু (২৬)।
প্রেস বিজ্ঞাপ্তি জানানো হয়, গোপন সংবাদে পুলিশের একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদককারবারি সাজুকে নিজ বাড়ী থেকে আটক করে।
অপর আরেকটি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃতদের আজ বিকেলে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ীগেট কেডিএ খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব
খান জাহান আলী থানা প্রতিনিধি
ফুলবাড়ি গেট কেডিএ খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। কেডিএ খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে এবং নির্দেশনায় তারুণ্যের উৎসব প্রতিযোগিতা সম্পন্ন হয়। আয়োজিত কার্যক্রমের মধ্যে ছিল জুলাই বিপ্লবের আলোচনা, বিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, চিত্রাঅংকংন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুল হুদা, দুলাল চন্দ্র মন্ডল, সন্দীপ কুমার ঢালী, জি.এম মোশারফ হোসেন, কণিকা রানী দাস, জাহিদ হোসেন, অপূর্ব সরকার, মলয় কান্তি গাইন, রোকনুজ্জামান, ফরিদ উদ্দিন, লক্ষী রাণী বিশ্বাস, সালমা খাতুন, শাহিনুর ইসলাম, খন্দকার রিয়াদুজ্জামান, সুরাইয়া জাহান, নাজমুল খান, আকবর আলি, আশরাফুল ইসলাম, কিশোর সরকার, শহিদুল ইসলাম, সায়মা ফেরদৌসী এবং কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, সুমন হক, হৃদয় শেখ, মুক্তা খাতুন, দীপক ,ফাতেমা খাতুন সহ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ।
নগরীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি হলেন খালিশপুরের কাশিপুর এলাকার মৃত. জামাল ফকিরের ছেলে মো. জাহাঙ্গীর ফকির (৫০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে খালিশপুর উত্তর কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ১৪ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর ফকিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খুলনা জেলা কারাগারে হাজতির মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আক্তার শিকদার (৪৪)। তিনি জেলার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের কেরামত শিকদারের ছেলে।
খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে কারাগারে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হন আক্তার শিকদার।
পরে তাকে কারারক্ষীরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।











































