মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী সন্ন্যাসী-কলারন ফেরিঘাট আজ প্রায় দুই দশক ধরে অচলাবস্থার শিকার। পানগুছি নদীর ওপর দিয়ে যাত্রী এবং পণ্য পরিবহনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল এই ফেরিঘাট।
২০০৬ সালে ঘটা করে উদ্বোধন হলেও ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর ঘাটের এক প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। সেই থেকে আটকে আছে উন্নয়নের চাকা। সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ অবকাঠামো এবং অব্যবস্থাপনার চিত্র। নদী পারাপারে এখন একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ ট্রলার। বর্ষার মৌসুমে নদীর উঁচু ঢেউয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ।
বিশেষ করে নারী, শিশু, রোগী এবং শিক্ষার্থীদের জন্য এ যাত্রা হয়ে দাঁড়ায় দুঃস্বপ্নের মতো।স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম আক্ষেপ নিয়ে বলেন, “একটা ফেরিঘাট চালু রাখতে ১৮ বছর সময় লাগে, এটা কল্পনাও করা যায় না। আমাদের ঝুঁকিপূর্ণ যাত্রা আর দুর্ভোগ কারও নজরে আসে না।”এমপি থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও ফল মেলেনি। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই যেন দায় সারছেন।পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, “ফেরিঘাটটি পুনরায় চালু করতে আমরা কাজ করছি। তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি।”
স্থানীয়দের মতে, সন্ন্যাসী-কলারন ফেরিঘাট পুনরায় চালু হলে শুধু মোরেলগঞ্জ নয়, মোংলা, শরণখোলা, পিরোজপুর এবং আশপাশের জেলার মানুষও উপকৃত হবে। প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা সরকারের জরুরি হস্তক্ষেপ চান।
কথা শুধু আশ্বাসে নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটুক দ্রুত এটাই সন্ন্যাসী-কলারনবাসীর প্রাণের দাবি।











































