Home আঞ্চলিক ভূমি সেবার সার্ভার বন্ধ, সীমাহীন ভোগান্তি

ভূমি সেবার সার্ভার বন্ধ, সীমাহীন ভোগান্তি

135


মো: রাজু হাওলাদার।।
প্রায় দুই মাস ধরে সারাদেশে দেশে ভূমি সেবা অনলাইন সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লাখ লাখ সেবাপ্রার্থীরা। অনলাইন সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়েল তৈরি করে সরবরাহের কথা বলে এই সার্ভার বন্ধ রাখা হয়েছে। এমন অবস্থায় ই-নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। এতে শুধু গ্রাহকরাই নয়, সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে সারাদেশে এ অবস্থা বিরাজ করছে।


বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি নামজারিসহ যাবতীয় কার্যক্রম অনলাইন ভিত্তিক করতে অনলাইন সংস্কারের জন্য সার্ভার বন্ধ রাখা হয়। এতে প্রভাব পড়েছে ভূমি সংশ্লিষ্ট সকল অধিদপ্তরের। বিশেষ করে নামজারি ও খাজনার সকল কাজ বন্ধ থাকার কারণে নামজারি ও খাজনা গ্রাহকরা করতে পারছেন না। ফলে কমে গেছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। অনেকে তাদের প্রয়োজনে জমি বিক্রি করতে চাইলেও হালনাগাদ খাজনা ও মিউটেশনের কারণে রেজিস্ট্রি সম্পাদন করতে পারছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জমির মালিক ও জমি ব্যবসায়ীরা। তবে সার্ভার কবে নাগাদ সচল হবে সংশ্লিষ্ট দপ্তরের কেউ বলতে পারছেন না।


খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায় করা হয় প্রত্যেকটি রেজিস্ট্রি অফিস থেকে, যেখানে আগে ৭০-৮০ টি দলিল প্রতিদিন রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। কিন্তু হালনাগাদ খাজনা ও মিউটেশনের কারণে বর্তমানে প্রতিদিন ২০-২৫টি দলিল রেজিস্ট্রি সম্পাদন করা সম্ভব হচ্ছে। যাহার কারণে সরকারি রাজস্ব আদায় একদমই কমে যাচ্ছে।


খুলনার ডুমুরিয়া থুকড়া ভূমি অফিস সুত্রে জানা যায়, থুকড়া ভূমি অফিসে প্রতিদিন বহু মানুষ ভূমি সেবা পেতে যাতায়াত করে থাকেন। জমির মালিকদের কাগজপত্র ঠিক করা, ভূমি উন্নয়ন কর দেওয়া, ই-নামজারির কাজ করা, সিএস, এসএ ও আরএস খতিয়ান সেবা নিতে ভূমি অফিসে হাজারো মানুষ আসছেন। তারা অনলাইন সেবার দরখাস্ত করার জন্য বসে আছেন। কিন্তু বর্তমানে কোন কাজ করতে পারছেন না বলে হতাশ হয়ে অপেক্ষর প্রহর পেরিয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।


খুলনা সদর ভূমি অফিসে আসা রাজিয়া সুলতানা দৈনিক খুলনাঞ্চলকে বলেন, স্বল্প সময়ে চিকিৎসার তারিখ থাকায় নিজের শেষ সম্বল পৈত্রিক ভিটার বিক্রয় প্রয়োজনে নামজারির জন্য দীর্র্ঘদিন ধরে ঘুরাঘুরি করছি ভূমি অফিসে কিন্তু ব্যার্থ হয়ে চলে যেতে হচ্ছে আমাকে। কতদিন লাগবে কেউ বলতে পারছে না। আক্ষেপ করে তিনি আরোও বলেন, চিকিৎসা না পেয়েই মরতে হবে।


দৌলতপুর ভূমি অফিসে সেবা নিতে আসা আ. সাত্তার শেখ জানান, এই অফিসে আসতে আসতে অসুস্থ হয়ে গেছি; আমি আর আমার স্ত্রী নাজমা বেগম। ১৪৩১ সালের খাজনা না হইলে আমার জমিটি আমার সন্তানদের নামে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সকল কাগজপত্র সঠিক ও হাল নাগাদ না করে গেলে আমাদের সন্তানদের ভবিষ্যতে বিপতে পড়তে হবে।


রূপসা উপজেলার বাগমারা এলাকার আবু বকর সিদ্দিক তুর্য জানান, আমি এক বছর আগে জমির বিক্রয়ের উদ্দেশ্যে সেনহাটির মারিয়াম আরা সুমাইয়ার নিকট হইতে ২০ লক্ষ টাকা বায়না গ্রহন করি। কিন্তু এখন সম্পূর্ন টাকা আমাকে প্রদান করে জমির রেজিস্ট্রি চাপ প্রয়োগ করলে আমি খাজনা হালসনের রশিদ অনলাইনে করতে পারছি না বিধায়। আমাকে বিভিন্ন মামলার ভয়ভীতি প্রদান করতে থাকেন। আমি এখন সম্মান নিয়ে রাস্তা ঘাটে চলাচল করতে পারছি না।


খুলনা সদরের দলিল লেখক মঈন দৈনিক খুলনাঞ্চলকে বলেন, নামজারি ও হালনাগাদ খাজনা পরিশোধ না থাকায় জমি রেজিস্ট্রি কাজ ব্যহত হচ্ছে। সপ্তাহে যেখানে ৮-১০টি দলিল রেজিস্ট্রি হতো এখন সেখানে ২-৩টিও হচ্ছে না। কেউ জরুরি প্রয়োজনে দলিল করতে আসছেন, কেউ চিকিৎসা বা অন্য কোনো কাজে টাকার প্রয়োজন মেটাতে জমি বিক্রয় করতে আসছেন, কিন্তু রেজিস্ট্রি করতে না পেরে বারবার ফিরে যেতে হচ্ছে। এতে জমি ক্রেতা-বিক্রেতারা নাজেহাল ও সমস্যায় ভুগছেন। রেজিস্ট্রি অফিসের সঙ্গে জড়িতরা বিপদে পরছেন প্রতিনিয়ত।
অপরদিকে জমি বিক্রয়ের বড় প্লাট ফর্ম খুলনার প্রপার্টিজ গুলো, নিউ বিশ্বাস প্রপাটিজ এর মালিক তারেক বিশ্বাস বলেন, জমির বায়না নিয়ে ক্রেতাদের জমি রেজিস্ট্রি করে দিতে পারছি না। এমনকি আমরা যত জমি বায়না করেছি সেগুলোও রেজিস্ট্রি করে নিতে পারছি না হালনাগাদ খাজনার কারণে। সাধারণ ক্রেতারা আমাদের ভুল বুজছেন। জমি রেজিস্ট্রি কমে যাওয়ার বিপদে আছি।


তবে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে অনলাইন সার্ভার বন্ধ থাকায় ভূমির সকল সেবা প্রদান করতে পারছি না। এতে নামজারি ও রাজস্ব আদায় ব্যহত হচ্ছে। তবে এখনও ভার্সন-২ অনলাইন সার্ভিসটি চালু করতে সময় লাগছে। কিছুদিন পর থেকে উন্নত সেবার মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।