শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলা রায়েন্দা সদর ইউনিয়নে পাঁচরাস্তার মোড়ে সওজের জমিতে ফুটপাথ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহিন।
উচ্ছেদ হওয়া দোকানীরা হচ্ছেন, পশ্চিম কদমতলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে চা দোকানী শহিদুল হাওলাদার, রুস্তুম আলী খানের ছেলে চা দোকানী শামীম খান, উত্তর কদমতলা গ্রামের খালেক মোল্লার ছেলে পান দোকানী শামীম মোল্লা, কালাম তালুকদারের ছেলে ও ফল ব্যবসায়ী রুবেল তালুকদার এবং মধ্য কদমতলা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ও কনফেকশনারীর দোকানী রবিউল গাজী। এসব দোকানীরা বাদল হাওলাদার ও সাথীর নিকট থেকে দোকান ভাড়া নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারী পুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরী করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।











































