Home Uncategorized দুপুরে যুবদল নেতা হত্যা, সন্ধ্যায় আহত ছাত্রদলকর্মী : খুলনায় সাড়ে তিন মাসে...

দুপুরে যুবদল নেতা হত্যা, সন্ধ্যায় আহত ছাত্রদলকর্মী : খুলনায় সাড়ে তিন মাসে ৯ খুন

90

বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বুধবার

স্টাফ রিপোর্টার।।
খুলনায় সাড়ে তিন মাসে নয়টি খুনের ঘটনা ঘটেছে। আর প্রতিদিনই ঘটছে গুলি ও ধাঁড়ালো অস্ত্রদিয়ে কোঁপানোসহ নানা ঘটনা। সন্ধ্যায় নামলেই পুরো নগরী হয়ে উঠছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে নগরবাসী। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় প্রতিবাদ কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি। সর্বশেষ সোমবার দুর্বৃত্তদের অস্ত্রায়াতে মো. মানিক হাওলাদার (৩৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত মানিক নিউ রেল বোড কলোনীর মনসুর হাওলাদারের ছেলে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। নগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, মেহেদী, লালু মিলে পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।


খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত নারী তুলি বেগম ও তার ভাই সাজ্জাদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও ‘সকাল থেকে নগরের ২১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট এলাকায় ওএমএসের আটা বিক্রি চলছিল। সেখানে মানুষের দীর্ঘ লাইন ছিল। লাইনে দাঁড়ানোর তদারকি করছিলেন মানিক হাওলাদার। সকাল পৌনে ১১টার দিকে লাইন ভেঙে সামনে আসায় তুলি বেগমের সঙ্গে মানিকের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে তুলির ভাই মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে আসেন। তখন তাদের সঙ্গেও মানিকের বাগবিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে তারা মানিককে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক।’


একইদনি সন্ধ্যায় নগরীর কমার্স কলেজেরে পাশ^বর্তী রোডে নওফেল নামে এক ছাত্রদল কর্মীকে ধাঁড়ালো অস্ত্রদিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। সে নগরীর ২৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান লিটুর পুত্র।
এর আগে শনিবার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটলো। এর আগে আরো নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন শেখ (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে, একের পর এক সন্ত্রাসী হামলা, হত্যাসহ কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে উদ্বীগ্ন হয়ে উঠেছে নগরবাসী। গেল সাড়ে তিন মাসে নগরীসহ জেলার নয় উপজেলায় আটটি হত্যাসহ ঘটেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো যেমন এতে উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারাও নগরীর আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন।


নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোদ কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন আহবান করেছেন। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেছেন, রবিবারের সংবাদ সম্মেলনের বিষয়টি ইতোমধ্যেই গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে এমন ঘোষণার পরই ঘটলো আরো একজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা।


পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন শেখ শনিবার রাত ১০টার দিকে মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে পৌঁছালে ২০-২৫টি মোটরসাইকেলযোগে মুখে মাস্ক পরিহিত ৪০/৫০ জনের একটি অস্ত্রধারী দল আচমকা সেখানে গিয়ে দু’টি গুলি করে দ্রুত এলাকা ত্যাগ করে। যার একটি গুলি শাহিনের পিঠ থেকে ঢুকে বুকের সামনে গিয়ে আটকে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ শাহিনকে দ্রুত খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই তাকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। শাহীন নগরীর মিস্ত্রিপাড়া খালপার রোডের জনৈক আলি শেখের ছেলে।
সম্প্রতি খুলনার আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিগত সাড়ে তিন মাসে নগরীসহ জেলায় আটটি হত্যাকাণ্ডসহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে বলে পুলিশের রেকর্ড বলছে।


তাছাড়া খুলনার চরমপন্থীদের পরিকল্পনায় এক কাউন্সিলরকে খুলনা থেকে কক্সবাজারে নিয়ে পরিকল্পিত হত্যার ঘটনাও ঘটেছে গত ৯ জানুয়ারি। কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডটি খুলনায় না হলেও গ্রেপ্তারকৃত তিনজনই খুলনার বাসিন্দা এবং তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন পুলিশের কাছে। তবে গ্রেপ্তারকৃত ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু হত্যার সঙ্গে জড়িত কি না সেটি এখনো পুলিশ নিশ্চিত না হলেও তার বিরুদ্ধে রয়েছে অন্যান্য অভিযোগ ও মামলা।


খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি নগর বিএনপির আহবায়ক অ্যাড. এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন উদ্বেগ প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। গতকাল সোমবার সভায় কর্মসূচি দিয়েছে দলটি।
সভায় মহানগরীর আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসিনতায় নগরজুড়ে সন্ত্রাসীদের রাম রাজত্ব কায়েম হয়েছে। গত তিন মাসে নগরীতে ৯টি খুনসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছে কিন্তু বরাবরই সন্ত্রাসীরা থাকছে ধরা ছোয়ার বাইরে। ফলে তারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটনাতে দ্বিতীয়বার ভাবছে না। সর্বশেষ সোমবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার, এরআগে সন্ত্রাসী হামলায় ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা নিহত হয়। এছাড়া গত ১৯ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহিন ও সোমবার রাতে সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রদল কর্মী ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুর ছেলে নওফেল ধারালো অস্ত্রঘাতে আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা থেকে নগরীর আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়।


এদিকে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী পুলিশি ভূমিকায় ছাত্র-জনতার ক্ষুব্ধতার কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। এজন্য হয়তো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।


খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসীদের অপতৎরতা বেড়েছে এটি যেমন ঠিক তেমনি পুলিশি তৎপরতাও থেমে নেই। তবে মাদক বেচাকেনা-সংক্রান্ত বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।