Home আঞ্চলিক প্রকল্পে ছাগল আছে, বাস্তবে নেই !

প্রকল্পে ছাগল আছে, বাস্তবে নেই !

8

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে বিভিন্ন ইউনিয়নে গরিব দুস্থদের মাঝে ছাগল বিতরণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প থাকলেও বাস্তবে এই ছাগলের অস্তিত্ব মেলেনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলে ছাগল বিতরণের কোন তথ্য পাওয়া যায়নি।
২০১৯-২০ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত স্কিমে মণিরামপুরে ৪৭ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৮ নম্বর তালিকাটি ছাগল বিতরণ সম্পর্কিত। সেখানে বিভিন্ন ইউনিয়ে গরিব দুস্থদের মাঝে ছাগল বিতরণের জন্য দুই লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনের ৩১ তারিখে। দুই মাস আগে সময় শেষ হলেও আজও সেই ছাগল বিতরণ করা হয়নি।
এই সম্পর্কে জানতে উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে রোহিতা, কাশিমনগর, হরিদাসকাঠি, ঝাঁপা,
মশ্মিমনগর, শ্যামকুড়, চালুয়াহাটি ও নেহালপুর ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তারা কেউ ছাগল বিতরণ সম্পর্কে কিছুই জানেন না।
কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, ছাগল বিতরণ হয়েছে কিনা জানা নেই। এই নিয়ে উপজেলায় কোন মিটিং-এ আলোচনা হতে শুনিনি।
চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, আমার ইউনিয়নে উন্নয়ন বা সহায়তামূলক এডিপির কোন কাজ হলে তো সেটা আমার জানার কথা। ছাগল বিতরণ নিয়ে আমি কিছু জানি না।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমার ইউনিয়ের জন্য সরকারি বরাদ্দ ছাড়া ছাগলের ব্যাপারে এডিপির কোন বরাদ্দ হয়েছে কিনা জানা নেই।
কথা বলা বাকি চেয়ারম্যানদের সবার একই বক্তব্য।
ফলে এই প্রকল্পের বরাদ্দ দুই লাখ টাকা কাদের পকেটে ঢুকেছে সেটাই এখন বিবেচ্য।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম ছাগল কেনার প্রকল্প গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রকল্প কমিটি টাকা তুলে রেখেছেন। আগামী সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, উপস্থিত তিনি এই প্রকল্পের সভাপতির নাম জানাতে পারেননি।