Home খেলাধুলা সাকিব অধ্যায় শেষ

সাকিব অধ্যায় শেষ

23


ক্রীড়া প্রতিবেদক।।

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সাকিব আল হাসান তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন। বাংলাদেশের বিশ^সেরা এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেট নিয়ে বলেছিলেন- ‘মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্করণ থেকে তিনি বিদায় নিতে চান।’ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে বলেছিলেন- ‘আপাতত এই সংস্করণে তিনি আর খেলবেন না। ভবিষ্যতে (৬ মাস বা ১ বছর পর) বিসিবি যদি কখনও মনে করে, টি-টোয়েন্টিতে আমার অবদান রাখার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি।’ ওয়ানডে ক্রিকেট নিয়ে বলেছিলেন- চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার তার ইচ্ছে আছে। নিরাপত্তাঝুঁকিতে সাকিবের দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলা হয়নি। সম্ভবত তার আরও একটি ইচ্ছেপূরণ হচ্ছে না। ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের জন্য ১২ জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যে আইসিসিতে বাংলাদেশের দল পাঠাতে হবে বিসিবিকে। বিশ^স্ত সূত্রের খবর, সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে রাখা হয়নি।


সাকিব সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসনের প্রার্থী হয়েছিলেন। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এর পর সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা হয়েছে। সাকিব অবশ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসতে পারেননি। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন। নিরাপত্তাঝুঁকির কারণে সেখান থেকেই তাকে ফেরত যেতে হয়েছে। এরপর বাংলাদেশ দল দেশের বাইরে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেললেও সাকিবকে দলে রাখা হয়নি। অথচ সেই সময় তিনি বিশে^র বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন।

চলমান বিপিএলে চিটাগং কিংসের হয়ে সাকিবের খেলার কথা থাকলেও দেশে আসতে না পারায় তিনি খেলতে পারছেন না। চ্যাম্পিনস ট্রফির আসর পাকিস্তান ও দুবাই হওয়ায় সেখানে তার খেলতে কোনো বাধা থাকার কথা ছিল না। তবে সাকিবকে দলে রাখার সিদ্ধান্তটা শুধু বোর্ডের (বিসিবি) একার নয়, সরকারের তরফ থেকেও এ ক্ষেত্রে সবুজ সংকেত থাকতে হবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন- সাকিবকে দলে নেওয়ার বিষয়ে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। তিনি বলেছিলেন, ‘সাকিব এখনও অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তা হলে বলতাম ও আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’ গত বুধবার সিলেটে সাকিব ইস্যুতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, সাকিবের ব্যাপারে বোর্ডের তরফ থেকে তারা (নির্বাচক কমিটি) পুরোপুরি কোনো উত্তর পাননি। তিনি বলেন, ‘এটা আসলে আমরা নির্বাচকম-লীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি (সাকিব) আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কিনা। সেটি এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি।’ পাশাপাশি সাকিব কাউন্টি খেলতে গিয়ে অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন। ইংল্যান্ডের পর চেন্নাইয়ে পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। বোলিংয়ে নিষিদ্ধই থাকছেন সাকিব; খেলতে পারবেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তবে শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবের ফর্ম না থাকায় চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দলে তাকে না রেখেই দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছেন নির্বাচক কমিটি!

২০০৬ সাল থেকে বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন। ৭১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ৬০৯ রান তার; উইকেট নিয়েছেন ২৪৬টি। ওয়ানডেতে তিনি সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে। তার ৩৪৭ ম্যাচের ক্যারিয়ারে ৭ হাজার ৫৭০ রান ও ৩১৭ উইকেট রয়েছে। টি-টোয়েন্টিতে সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে। ১২৯ ম্যাচের ক্যারিয়ারে ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট তার শিকার। বাংলাদেশ দলের হয়ে তার অনেক অর্জন রয়েছে। তবে শেষটা রঙিন হলো না এই অলরাউন্ডারের। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটেই সাকিব অধ্যায়ের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে গেল!