খুলনাঞ্চল রিপোর্ট।।
সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটেও বড় নাম। সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা তৈরি করলে তার নামটা ওপরের দিকেই থাকবে। দীর্ঘ সময় ক্রিকেটের তিন সংস্করণেই ছিলেন অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে। ক্যারিয়ারজুড়েই আলোচনায় ছিলেন সাকিব। মাঠে ও মাঠের বাইরে দুদিকেই। সমালোচনাও কম হয়নি তাকে ঘিরে। সাকিব যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
বিশ^ ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশ যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেটির অন্যতম রূপকার সাকিব। বাঁহাতি অলরাউন্ডার কখনও কখনও ছিলেন দলেরও ঊর্ধ্বে। দলের চেয়ে খেলোয়াড় বড়- এমন উদাহরণ যদি দেওয়া হয়, তখন সাকিবকেই টেনে আনা হতে পারে। তাকে কখনও শৃঙ্খলার বেড়ি পরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যখন যা চেয়েছেন, সেটি করতে পেরেছেন। এর মাসুলও দিয়েছেন তিনি।
পুরো ক্যারিয়ারে সাকিবের যত কা- সেটি হয়তো গুণে শেষ করা কঠিন। আশ্চর্যজনকভাবে চাপ হিমালয়তুল্য হলেও বরাবরই তা ভেঙে চুরমার করে দিয়েছেন। যখনই কঠিন সময় আসত সাকিবের ব্যাট হয়ে উঠত তলোয়ার। শুধু ব্যাটার নয়, বোলার সাকিবও ভীষণ কার্যকর। যেটির সবচেয়ে ভালো উদাহরণ হতে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ^কাপ। ৮ ম্যাচে সাকিবের নামের পাশে ১১ উইকেট ও ৬০৬ রান।
বিশ^কাপের ইতিহাসে এক আসরে কোনো ক্রিকেটারের এমন পারফরম্যান্স আর নেই। এখানেই সাকিব অতুলনীয়। এমন অনেক রেকর্ডই তুলে ধরা যেতে পারে। সেটি যে কোনো সংস্করণেই হোক। সাকিব এ জন্যই গতানুগতিক ধারার বাইরের ক্রিকেটার। শুধু খেলোয়াড় নয়, দেড় যুগের বর্ণিল ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন একটা চরিত্র, যা সিনেমাকেও হার মানানোর সামর্থ্য রাখে।
আম্পায়ারের সঙ্গে অসাদচরণ করা, গ্যালারিতে গিয়ে দর্শক পেটানো, ভক্তের ফোন ভাঙা, মাঠে স্টাম্প ভাঙা, টিভি ক্যামেরায় অশালীন অঙ্গভঙ্গি, জাতীয় দলের অফিসিয়াল ফটোসেশন এড়িয়ে যাওয়া, অনুশীলন রেখে শুটিং বা বিজ্ঞাপনী বিপণনে অংশ নেওয়া, শোরুম উদ্বোধন করা, বিসিবির কেন্দ্রীয় চুক্তি ভঙ্গ করা, গুরুত্বপূর্ণ সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, শেয়ারবাজার কেলেঙ্কারি, মানিলন্ডারিংসহ এমন অনেক কা- ঘটিয়ে সাকিব গায়ে মেখেছেন বিতর্কের কালিমা।
সবচেয়ে বড় বিতর্কে জড়িয়েছিলেন ২০১৯ সালে। ওই বছরের প্রান্ত সাকিবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের পরোক্ষ অভিযোগ ওঠে। জুয়াড়ির প্রস্তাব গোপন করেছেন; পরে স্বীকারোক্তিও দিয়েছেন। পেয়েছেন এক বছরের নির্বাসন। নিষেধাজ্ঞা কাটিয়ে বীরদর্পেই ফিরে এসেছিলেন সাকিব। ওই নিষেধাজ্ঞার কিছু দিন আগে বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্বে।
২২ গজের পাশাপাশি রাজনীতির মাঠে নেমে সাকিব ক্যারিয়ারের সায়াহ্নে এসে পড়েন তুমুল বিতর্কে। গত ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। পরে হয়েছেন হত্যা মামলার আসামি। সাকিব অবশ্য তার আগেই দেশ ছেড়ে যান কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। ৩৭ বছর বয়সী মহাতারকা আর দেশে ফিরতে পারেননি। ভারত-পাকিস্তান সফরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
সাকিব চেয়েছিলেন দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলে অবসরে যেতে। কিন্তু বিদায়ী অর্ঘ্য পাননি। দেশান্তরী হওয়া সাকিব আরও একটা বড় ধাক্কা খেয়েছেন। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে নির্বাসন পান বোলার সাকিব। চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও লাভ হয়নি। ত্রুটিপূর্ণ অ্যাকশনের দায়ে তাকে বোলিংয়ে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন আইসিসিও। এই নিষেধাজ্ঞায় সাকিব দেখে ফেললেন নিজের শেষ পরিণতি। তার চ্যাম্পিয়নস ট্রফি খেলার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল। জাতীয় দলের অধ্যায়েরও ইতি হলো তাতে। বিশ^ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রের এমন পতন হতে পারে সেটি ছিল কল্পনারও বাইরে!











































