Home আন্তর্জাতিক ভারতে দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাস

ভারতে দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাস

55


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে দুই শিশুর শরীরে ‘হিউম্যান মেটা নিউমো ভাইরাস’ বা এইচএমপি ভাইরাস শনাক্ত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ফুসফুস সংক্রমণ নিয়ে রুটিন নজরদারির সময়েই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলেছে দুই শিশুর শরীরে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আজ সোমবার এক বিবৃতিতে কাউন্সিল জানায়, আক্রান্ত দুজন তিন মাসের এক মেয়ে শিশু এবং আট মাসের এক ছেলে শিশু। দুজনই বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি। তাদের ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়েছে।

জানা গেছে, চিকিৎসার পর তিন মাসের শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আট মাসের শিশুটির রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাকে হাসপাতালে রেখে এখনও চিকিৎসা চলছে।

দুই শিশুর মধ্যে কাউকেই সম্প্রতি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি। ফলে কী ভাবে তাদের শরীরে এই ভাইরাস ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘হিউম্যান মেটা নিউমো ভাইরাস’ বা (এইচএমপিভি)। করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে এই ভাইরাস। বিশ্বের অন্যান্য দেশেও এই ফুসফুস সংক্রমণের সঙ্গেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।