সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের অলিগলিতে এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন প্রায়ই দেখা মেলে লিঙ্গীয় হিজড়াদের। সমাজে প্রচলিত পুরুষ বা নারীর পরিচয়ের বাইরে থাকা এই মানুষগুলোকে রঙিন পোশাক, সাজগোজ এবং ভিন্নতর জীবনযাপনের জন্য অনেকেই অস্বাভাবিকভাবে দেখে। তাদের প্রতি হাসি-ঠাট্টা ও অবজ্ঞা সমাজের একাংশের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই রঙিন বাহ্যিকতার আড়ালে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা-সংগ্রাম, বঞ্চনা, আর অধিকার থেকে বঞ্চিত হওয়ার দীর্ঘ ইতিহাস।
নূপুর (ছদ্মনাম) সাতক্ষীরার এক হিজড়া। ছোটবেলায় অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করলেও কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে পরিবার ও সমাজের চোখে সে ‘ভিন্ন’ হিসেবে চিহ্নিত হয়। সহপাঠীদের বিদ্রূপ, পরিবারের চাপ এবং প্রতিবেশীদের কটূক্তি নূপুরের জীবনকে অসহনীয় করে তোলে। ‘স্কুলে যেতে পারতাম না। সবাই হাসাহাসি করত। একদিন এক সহপাঠীও বললেন, তুই কেন এখানে এসছিস? সেইদিনের পর আর স্কুলে যাইনি,’ বলছিলেন নূপুর। তার মতো সাতক্ষীরার অধিকাংশ লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ প্রাথমিক শিক্ষার পর থমকে যায়। জীবিকার জন্য কেউ বেছে নেয় বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠানে গান গাওয়া বা নাচ, আবার কেউ বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে।
রেশমী (ছদ্মনাম) বলেন, ‘কেউ আমাদের কাজ দেয় না। আমরা চাই পড়াশোনা করতে, ভালো চাকরি করতে। কিন্তু সমাজ আমাদের গ্রহণ করে না। বাধ্য হয়ে এই জীবন বেছে নিতে হয়। ‘শুধু কর্মসংস্থানই নয়, স্বাস্থ্যসেবাতেও তারা বঞ্চিত। অনেক সময় হাসপাতালে তারে আলাদা বসতে বলা হয় বা ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় না। ডাক্তারের কাছে গেলেও আমাদের ঠিকমতেেো খন না। অপমান করে চলে যান,’ জানালেন সাথী (ছদ্মনাম)।
তবে এত প্রতিকূলতার মধ্যেও কিছু হিজড়া মানুষ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন। রুবি (ছদ্মনাম) বলেন, ‘আমি সাজগোজ করি, কারণ এটি আমাকে শক্তি দেয়। তবে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে। একবার বাজারে গিয়ে শুনেছিলাম, ‘তুমি ছেলে না মেয়ে জানি না, কীভাবে সাজলে? সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি জানি, আমার সাজ আমার আত্মসম্মান এবং আত্মপরিচয়ের প্রতিফলন।’
সব বঞ্চনা ও অবজ্ঞার মাঝেও এই মানুষগুলোর চোখে রয়েছে স্বপ্ন। (ছদ্মনাম) মিথিলা বলেন, ‘আমরা মানুষ। আমাদেরও বাঁচার অধিকার আছে। একদিন হয়তো আমাদেরকেও মানুষ হিসেবে মেনে নেবে।’
সাতক্ষীরায় কিছু এনজিও এই জনগোষ্ঠীর জন্য কাজ করছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। তাদের জন্য প্রয়োজন আরো ব্যাপক এবং কার্যকর উদ্যোগ, যাতে তারা সমাজে একটি মর্যাদাপূর্ণ স্থান পায় এবং জীবনের সব সুযোগ-সুবিধা পেতে পারে।
এ প্রসঙ্গে কথা হয় এক শিক্ষকের সঙ্গে, নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, হিজড়াদের জন্য সাধারণ শিক্ষার্থীরে সঙ্গে একত্রে শিক্ষা গ্রহণের পরিবেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাদের অনেক সময় সামাজিক অবজ্ঞা, কটূক্তি এবং বৈষম্যের মুখোমুখি হতে হয়, যা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে বাধা দেয়। সহপাঠীরা কখনো তাদের নিয়ে হাসাহাসি করে, কখনোবা অশালীন মন্তব্য করে, যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাদের জন্য শ্রেণীকক্ষে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করা কঠিন করে তোলে। এছাড়া, কিছু ক্ষেত্রে শিক্ষক বা সহপাঠীদের মধ্যে সহানুভূতি বা সমর্থন নেই, যা লিঙ্গীয় বৈচিত্র্যের শিক্ষার্থীদের জন্য আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যখন শিক্ষকদের কাছ থেকে সঠিক সহায়তা বা দৃষ্টি পাওয়া যায় না, তখন তাদের শিক্ষার পথ আরো কঠিন হয়ে যায়। এ কারণে তাদের মধ্যে অনেকেরই মনে হয় তারা শ্রেণীকক্ষে স্বাভাবিকভাবে শিখতে পারছে না।
এক এনজিও প্রতিনিধি বলেন, আমরা জানি সাতক্ষীরায় হিজড়া সম্প্রদায়ের জীবন বেশ কঠিন। তারা সামাজিকভাবে অবহেলিত, নানা ধরনের বৈষম্যের শিকার এবং এমনকি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আমাদের এনজিও তাদের জন্য কাজ করে আসছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য কাজ করছি, কিন্তু আরও অনেক কিছু করতে হবে।











































