Home জাতীয় আপিল খারিজ তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

আপিল খারিজ তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

37


স্টাফ রিপোর্টার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে তারেক রহমানের চার মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল রইলো। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। অপরদিকে, তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও এডভোকেট মাকসুদ উল্লাহ। পরে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, হাইকোর্ট মামলাগুলো বাতিল করে রায় দিয়েছিলেন। এই বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি নিয়ে আদালত রাষ্ট্রপক্ষের আপিল ডিসমিসড (খারিজ) করে দিয়েছেন। তার মানে দাঁড়ালো হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় বহাল থাকলো। আইনজীবী কায়সার কামাল আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ এর আমলে দায়ের করা বেশিরভাগ মামলাই খারিজ হয়ে গেছে। এ ছাড়া শেখ হাসিনার সরকারের আমলে সারা দেশে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল। ইতিমধ্যে ৩৬টি মামলা খারিজ হয়ে গেছে। এখন সব মিলিয়ে ১৮ থেকে ১৯টি মামলা চলমান রয়েছে।

২০০৭ ও ২০০৮ সালে চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দু’টি থানায় দায়ের করা চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। গত ২৩শে অক্টোবর চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) ঘোষণা করে রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করেন।