স্পোর্টস ডেস্ক
জয় উঁকি দিতে শুরু করেছিল, কিন্তু ধরা যায়নি। আবার পুরোনো রোগ- ব্যাটিং বিপর্যয়েই হার দেখল বাংলাদেশ ক্রিকেট দল। ফলে টানা পঞ্চম টেস্ট হার সঙ্গী হলো তাদের। বোলারদের কল্যাণে অবশ্য চার টেস্ট পর জয়ের সম্ভাবনা জেগেছিল, কিন্তু ব্যাটিং বিপর্যয়ে সেই জয় আর ধরা দেয়নি।
অভিজ্ঞ মুমিনুল হক, লিটন দাস, মেহেদী মিরাজ থেকে শুরু করে তরুণ জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় কেউই ব্যাট হাতে থিতু হতে পারেননি। জাকের আলি কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানে হেরে টেস্ট সিরিজ শুরু করল টাইগাররা ।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ছিল ৩৩৩ রানের। মাত্র ১৩২ রানেই থেমে গেছে টাইগারদের দৌড়।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামেলক্ষ্য তাড়ায় গতকাল চতুর্থ দিন শেষ হওয়ার আগেই তারা ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। তখনও তারা উইন্ডিজদের চেয়ে ২২৪ রানে পিছিয়ে। ফলে স্বাগতিকদের সমীকরণই ছিল সহজ। আজ মঙ্গলবার পঞ্চম দিনে খেলতে নেমে ঘণ্টা পেরোনোর ভেঙে পড়ে ব্যাটাররা। শেষ উইকেটে ব্যাটে থাকা শরিফুল ইসলামের কাঁধে আঘাত করে আলজারি জোসেফের একটি বাউন্সার। ফিজিও এসে তাকে পরীক্ষা করলে রিটায়ার্ড হার্ট ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন ক্রিজে থাকা শরিফুল-তাসকিন। পঞ্চম দিনে অবশ্য হারই ছিল অবধারিত।
এর আগে চতুর্থ দিন তাসকিন আহমেদের পাঁচ শিকারে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজদের দ্বিতীয় ইনিংস। তখনই আসলে জয়ের আশা শুরু হয়। তবে প্রথম ইনিংস থেকেই ১৮১ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল ৯ উইকেটে ২৬৯ রান। পিছিয়ে থেকেও তাদের ইনিংস ঘোষণায় কিছুটা চমক জাগিয়েছিল। তবে বোলারদের পারফরম্যান্স সেটিকেই যেন প্রমাণ করছিল।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী মিরাজ। নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কত্ব সামলানো এই অলরাউন্ডারের পর উল্লেখযোগ্য কেবল ৩১ রান আসে জাকের আলির ব্যাটে। এ ছাড়া লিটন দাস ২২ এবং মুমিনুল ১১ রান করে আউট হন। তরুণ ক্রিকেটাররাও ছিলেন দুই ইনিংসজুড়েই ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার জয় ৬ ও জাকির ০ রানে আউট হন। শাহাদাত হোসেন দীপুর ব্যাটে আসে কেবল ৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জেইডেন সিলস। এ ছাড়া আলজারি ২ এবং শামার জোসেফ নেন ১ উইকেট। এর আগে উইন্ডিজদের অল্পতে গুটিয়ে দেওয়ার পথে তাসকিন ৬০ রানে নেন ৬ উইকেট। যা টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।











































