স্টাফ রিপোর্টার
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আলীনূর ডাবলুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় নাজিরঘাট এলাকায় তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে দুটি তলোয়ার, তিনটি গুপ্তি, একটি চাইনিজ কুড়াল, তিনটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, অস্ত্র বেচাকেনা, প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।











































