শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুন্দরবনঘেঁষা কয়েকটি গ্রামের শিশুদের একমাত্র বিদ্যাপীঠ। বিদ্যালয়ের দুটি ভবনের একটি ঝুঁকিপূর্ণ। অন্য ভবনের সাইক্লোন সেন্টারের পার্টিশনহীন হলরুমে একই সঙ্গে তিনটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। জানা যায়, ছয় দশক আগে কৈখালী ইউনিয়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে পূর্ব কৈখালীসহ পার্শ্ববর্তী সাপখালী, জয়াখালী, বৈশখালী গ্রামের শিশুরা পড়াশোনা করে। বিদ্যালয়ের দুটি ভবনের দ্বিতীয়টি পুরোপুরি ব্যবহার অনুপযোগী। ২০০৬ সালে পিইডিপি-২ প্রকল্পের আওতায় নির্মিত দ্বিতীয় ভবনের পিলার ও ছাদের মরচে পড়া রড উন্মুক্ত হয়ে গেছে। খসে পড়া পলেস্তারা থেকে শিক্ষকদের নিরাপত্তায় পাঠাগার ও অফিস কক্ষে টাঙানো হয়েছে শামিয়ানা। পাঠদানের কাজে ব্যবহার হচ্ছে কারিতাস নির্মিত ৩০ বছর পুরোনো সাইক্লোন শেল্টারের হলরুম। প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের একমাত্র কক্ষেই চলছে তিন শ্রেণির শিক্ষার্থীর পাঠদান।
সরেজমিন দেখা যায়, ওই বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের একমাত্র কক্ষের দক্ষিণ পাশে তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান চলছে। কক্ষের পশ্চিম পাশে দেয়াল ঘেঁষে চতুর্থ শ্রেণির ক্লাস হচ্ছে। একই সময়ে উত্তর পাশে হচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনিমা আক্তার রাইয়া, জাকিয়া খাতুন ও নাজমুল হাসান জানায়, একই কক্ষে পৃথক তিন শ্রেণির পাঠদানের কারণে তাদের পড়া বুঝতে সমস্যা হয়। বেশির ভাগ সময় তারা শিক্ষকের কথায় মনোযোগ দিতে পারে না। এ ছাড়া জরাজীর্ণ ভবনে তাদের সবসময় আতঙ্কে থাকতে হয়।
চতুর্থ শ্রেণির আছিয়া ও আয়েশা খাতুনের ভাষ্য, পাশাপাশি ক্লাসের কারণে শিক্ষকদের কথা তারা শুনতে পায় না। তাদের কথাও শিক্ষকরা বুঝতে না পেরে রেগে যান। সামছুর রহমান নামে এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের দুটি ভবনের একটি সম্পূর্ণ নষ্ট। অন্যটির পার্টিশনহীন একটিমাত্র কক্ষ। পরিবেশ না থাকায় অনেক ছাত্র-ছাত্রী ৪-৫ কিলোমিটার দূরের স্কুলে যেতে বাধ্য হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। স্কুলে ২০০৬ সালে নির্মিত ভবনটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হওয়ায় ১৯৯৪ নির্মিত এক কক্ষের ভবনে পাঠদানের কাজ চালাতে হচ্ছে। পার্টিশন না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সমস্যা মোকাবেলা করতে হয়। দুই বছর আগে আবেদন সত্ত্বেও এলজিইডি কর্তৃপক্ষ ব্যবহার অনুপযোগী ভবনকে এখন পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেনি। নতুন ভবনও বরাদ্দ দেয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ওই বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণার আবেদনের বিষয়ে তাঁর জানা নেই। তবে পার্টিশন ছাড়া একই কক্ষে তিন শ্রেণির পাঠদান খুবই কষ্টকর। বিষয়টি দ্রুতই নিরসনের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে ভবন পরিত্যক্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন ভবন বরাদ্দসহ পার্টিশন বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।











































