Home খেলাধুলা ‘সালাউদ্দিন কোচ’ আশরাফুলের কাছে ভালো সিদ্ধান্ত

‘সালাউদ্দিন কোচ’ আশরাফুলের কাছে ভালো সিদ্ধান্ত

17


স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের কোচিং প্যানেলে দেশি কোচদের খুব একটা জয়গা হচ্ছিল না। প্রধান কোচ সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভরসা রাখছিল বিদেশিদের ওপরই। তবে দেশের সরকার পরিবর্তনের পর বদলে গেছে অনেক কিছুই। বিশেষ করে ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন। নয়া সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তার কাছে তাই দেশি কোচদের আশাটাও ছিল ভীষণ।

অবশেষে তিনি মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে নিয়োগ দেন। দেশের এই অভিজ্ঞ কোচ দায়িত্ব পাওয়াতে অনেকের মধ্যেই স্বস্তি ফিরেছে। বিশেষ করে দেশি কোচরা এখন বড় স্বপ্ন দেখছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তারকা ক্রিকেটার খেলা ছেড়ে কোচ হিসেবে কাজ শুরু করেছেন। তিনি তার নতুন ইনিংস শুরু করেছেন ঢাকা প্রিমিয়ার লীগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের হয়ে। আসন্ন বিপিএলের আগেই বিপিএলের দলটি গ্লোবাল টি-টোয়েন্টি আসরে অংশ নিতে যাচ্ছে। সেখানেই আশরাফুল শুরু করবেন তার নতুন ক্যারিয়ার। যে কারণে তিনি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ করাকে ভালো সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’

পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি লীগের ৫টি দলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে এই আসর। রংপুর রাইডার্সকে বৈশ্বিক সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছেন কোচিং ক্যারিয়ার শুরু করা মোহাম্মদ আশরাফুল। এরই মধ্যে তিনি আইসিসি’র লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছেন। এবার মাঠে তিনি তার নতুন ইনিংসের ঝলক দেখাতে চান। নিজের নতুন এই পথ চলা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসীও তিনি। কারণটাও স্পষ্ট করে দুই যুগ তিনি মাঠেই কাটিয়েছেন। দেশের হয়ে খেলেছেন সব ফরম্যাটে। জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট সব জায়গাতেই তার অবদান। তিনি বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবি’র কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’


গতকাল মিরপুর শেরে বাংলামাঠে রংপুর রাইডার্স দলকে নিয়ে অনুশীলন করেন আশরাফুল। সেই অনুশীলন শেষে গণমাধ্যমকে জানান তিনি রাইডার্সকে নিয়ে নতুন মিশনে দারুণ কিছুরই আশা তার। তবে লক্ষ্য যে সহজ নয় সেটিও তিনি জানেন। তাই বাস্তবতা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘(লক্ষ্য) অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।’ তবে দেশের ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ বলেও জানান আশরাফুল। তিনি বলেন, ‘এটা একটা সুযোগ আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’

নিজের দল নিয়ে বেশ আশাবাদী রাইডার্সের তারকা কোচ। তিনি বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে সেরা তিন-চারটি দলের একটি। প্রচর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’