স্টাফ রিপোর্টার।।
খুলনায় স্বর্ণের ৮টি বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে সাচিবুনিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম আব্দুল আওয়াল (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামোড়া দক্ষিণপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে সাচিবুনিয়া মোড়ের খুলনা বিরিয়ানী হাউজের পাশে গফফারের বন্ধ চায়ের দোকানের সামনে তারা অভিযান চালায়। সেখান থেকে আব্দুল আওয়ালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার পায়ুপথে স্বর্ণের বার রাখার কথা স্বীকার করেন। পরে তিনি সেগুলো বের করে দেন। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ইমাদ পরিবহনের বাসের একটি টিকিট পাওয়া যায়। উদ্ধার করা আটটি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৯.৮১ গ্রাম, যার মূল্য প্রায় এক কোটি ১১ লাখ ৩ হাজার ৮৯৮ টাকা।
এ ঘটনায় এসআই প্রদীপ বৈদ্য বাদী হয়ে লবণচরা থানায় মামলা করেছেন। স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানায়।











































