Home খেলাধুলা বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্রিকেট ক্যাম্প শুরু

বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্রিকেট ক্যাম্প শুরু

11

ক্রীড়া প্রতিবেদক

পরিস্থিতি স্বাভাবিক থাকলে অনূর্ধ্ব-১৯ দলটি হয়তো এখন কোথাও ক্রিকেট সিরিজে ব্যস্ত থাকতো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর এই দলটিকে নিয়ে বিসিবি ভিন্নমুখী পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সব পরিকল্পনা আপাতত শিকেয় তোলা! তবে করোনাকালের এই সময়টায়ও ধীরে ধীরে ক্রিকেট মাঠে ফিরছে। ক্রিকেটাররা অনুশীলনে ফেরা শুরু করেছেন। জাতীয় দলের মতো অনুশীলনের সেই পথে হাঁটছে এখন অনূর্ধ্ব-১৯ দলও। বিসিবি এই দলটির জন্য বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের আয়োজন করেছে। সেই ক্যাম্পের প্রথমদিন ছিল গতকাল সোমবার।
এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে আছেন মেহরাব হোসেন অপি। জাতীয় দলের সাবেক এই ওপেনার জানান, ‘এই ক্যাম্পকে প্রথমত তিনভাগে ভাগ করা হয়েছে। স্কিল ক্যাম্পে পেস বোলার, ব্যাটসম্যান এবং স্পিনারদের জন্য পাঁচদিনের অনুশীলন রাখা হয়েছে। এখানে বোলাররা নিজেদের স্কিলের উন্নতি সাধনের জন্য অংশ নেবে। প্রতিটি বিভাগে এখানে ক্রিকেটাররা তাদের স্কিলের সমস্যাগুলোর সমাধান খুঁজবে। এরপরের আটদিনও ব্যাটসম্যান এবং বোলাররা টানা অনুশীলনে তাদের স্কিল আরো ঝাঁলিয়ে নিতে পারবেন। শেষ পর্যায়ে থাকছে ম্যাচ প্রাকটিস। ক্যাম্পের ৪৫ জন খেলোয়াড়কে তিন ভাগে ভাগ করে ম্যাচ অনুশীলনের ব্যবস্থা করা হবে। এসব প্রাকটিস ম্যাচ থেকেই দল গঠনের জন্য খেলোয়াড়দের বাছাই করা হবে।’
ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটাররা এমন আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানান। ক্যাম্পের ক্রিকেটার রিহাদ খান বলছিলেন- ‘এমন ক্যাম্পে সবচেয়ে বড় সুবিধা হলো নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো হাতে কলমে ঠিক করার সুযোগ পাওয়া যায়। কোচরা আছেন। কোন সমস্যা হলে তাদের সঙ্গে আলাপ করে সমাধান খুঁজে পাওয়া যাবে।’
দলের আরেক ক্রিকেটার প্রামানিক নওরেজ নাবিল জানান, ‘অনেকদিন পরে মাঠে ফিরে সত্যিই ভাল লাগছে। মন টানছিল অনেকদিন ধরে মাঠে ফেরার জন্য। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেটা সম্ভবপর হচ্ছিল না। বিসিবিকে ধন্যবাদ কঠিন এই সময়টায়ও তারা আমাদের এমন এক্সকুসিভ অনুশীলনের আয়োজন করতে পেরেছে। ট্রেনার, কোচ সতীর্থ সবাইকে একসঙ্গে পেয়ে ক্রিকেটীয় এই ফ্যাসিলিটিসের মধ্যে নিজেদের সমস্যার সমাধান করতে পারছি আমরা। বেশ ভাল লাগছে। লম্বা সময় অনুশীলনে না থাকায় আমরা সবাই একটু পিছিয়ে গিয়েছি। আশা করছি এই ক্যাম্পের মাধ্যমে সেই সমস্যা থেকে সবাই বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।’

নেইমারদের কাঁদিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

হলো না। ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্বপ্ন ছোঁয়া হলো না। নেইমার-এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। লিসবনে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মত চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলল জার্মান জায়ান্টরা।
শুরু থেকেই পিএসজি-বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। ১৯ মিনিটে গোলটা হয়েই যেতে পারতো পিএসজির। কপালটা খারাপ বলতে হয় নেইমারের। এমবাপের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে জালে জড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের ওই শট বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার এক পা ধরে দিয়ে কোনোমতে ফেরান। পরমুহূর্তেই টাচলাইন থেকে ফের বলটা আলতো ছুঁয়ে তুলেছিলেন নেইমার, এবারও ন্যুয়ারে রক্ষা। ২২ মিনিটে দুর্ভাগ্য বায়ার্নের। রবার্ট লেভানডোস্কির ডি বক্সের মধ্য থেকে নেয়া মাটি কামড়ানো শট লেগে যায় পোস্টে। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফের সুযোগ ছিল পিএসজির। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৩২ মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি নস্যাৎ করেন কেইলর নাভাস। জিনাব্রির ক্রস থেকে ডি বক্সে উড়ে আসা বল গোলরক্ষকের একদম সামনে থেকে হেড করেছিলেন লেভানডোস্কি, নাভাস ঠিকই বলটা ধরে ফেলেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজির সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। আন্দার এরেরার পাস থেকে মাত্র ১০ গজ দূরে বল পেয়েও গোলরক্ষক বরাবর মেরে দেন ফরাসি স্ট্রাইকার। ০-০ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে চড়াও হয়ে খেলতে থাকে বায়ার্ন। ৫৯ মিনিটে পেয়ে যায় কাঙ্খিত গোলের দেখাও। ২০ গজ দূর থেকে জশোয়া কিমিচের ক্রস থেকে দারুণ নিচু হেডে ডান দিকের পোস্ট দিয়ে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করে। ৬৬ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন এমবাপে। ডি মারিয়ার বাড়ানো বলটায় পা লাগাতে পারলেই গোলটা হয়ে যেতে পারতো। তিন মিনিট পর মার্কিনহোসের মাটি কামড়ানো শট পা দিয়ে ঠেকিয়ে দেন ন্যুয়ার। ৮৩ মিনিটে পিএসজি রক্ষণ ভেঙে বক্সের ভেতর ঢুকে পড়ছিলেন লেভানদোস্কি। একা গোলরক্ষককে বিপদ থেকে বাঁচাতে পোলিশ স্ট্রাইকারকে পা ধরে দেন ডিয়েগো সিলভা, দেখেন হলুদ কার্ড। বক্সের খুব কাছে থেকে স্পট কিক নিয়ে পোস্টের বাইরে বল পাঠান কৌতিনহো।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লেভানদোস্কি পিএসজির বক্সে পড়ে গেলেও পেনাল্টি দেননি রেফারি। পাল্টা আক্রমণে বরং গোল শোধের দারুণ এক সুযোগ পেয়েছিল পিএসজি। বক্সের মধ্যে দারুণভাবে বলটা নিয়ন্ত্রণে রেখেছিলেন নেইমার, রক্ষণের চাপের মধ্যেও কোনোমতে বাঁকানো শট নেন। সেটি একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ বাঁশির আগে সেটাই ছিল পিএসজির শেষ সুযোগ।

একজন ব্যাটিং কোচ চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে ও তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি। তবে হঠাৎ করেই নিজ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় পদটি শুন্য হয়।
সীমিত ওভারের পাশাপাশি বাংলাদেশ টেস্ট দলের সাথে কিছু টেস্ট সিরিজেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। কিন্তু টেস্ট ফরম্যাটের জন্য বাংলাদেশের নিয়মিত ব্যাটিং কোচ ছিলেন না তিনি। হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। করোনাভাইরাসের কারনে পরিবার থেকে দূরে থাকতে পারবেন না জানিয়ে এই দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান তিনি। কিন্তু শ্রীলংকা সফর এগিয়ে আসার কারনে দ্রুতই ব্যাটিং কোচ নিয়োগকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এমনটাই বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। ইতোমধ্যে এই পদের জন্য কিছু কোচের তালিকাও করেছে বিসিবি।

তায়কোয়ানদো ফেডারেশনে অ্যাডহক কমিটি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি অ্যাক্ট ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যমান কমিটি বাতিল করে ৬ মাসের জন্য ২৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থাটি।
কমিটির সদস্যরা হলেন সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সহসভাপতি অহিদুজ্জামান মজুমদার, ইসতিয়াক আহমেদ চৌধুরী, মশিউর রহমান ও নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন ও সুমন দে, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সদস্য আবদুর শাকুর চৌধুরী, বিমল সমাদ্দার, রুজিনা সুলতানা, মাসুদ রানা, রাশেদুজ্জামান, রাসেল উদ্দিন মজুমদার, কাজী আবুল খায়ের, শাহিনুল হক মার্শাল, মো. পলাশ মিয়া, মো. ইকবাল, খন্দকার মোহাম্মদ রেজা, নুরুল ইসলাম, মনজুর হোসেন বেপারী, কামরুজ্জামান চঞ্চল, আবদুর রব দুলাল, শাহ মোহাম্মদ এমরান, মো. এমদাদুর রহমান ও এম এম এ শাহজাহান।
অ্যাডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মহিউদ্দিন করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) করোনাভাইরাস হানা দিয়েছে আগেই। আক্রান্ত হয়েছেন সহ-সভাপতি বাদল রায়, নির্বাহী কমিটির দুই সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাবুল। এবার করোনায় সংক্রমিত হয়েছেন আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। গতকাল সোমবার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন এই সংগঠক।
বর্তমানে বাফুফের এই কর্মকর্তা বাসাতেই অবস্থান করছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। মহিউদ্দিন আহমেদ বলেছেন, ‘থেমে থেমে একটু জ্বর আসছে। এছাড়া ঠা-াভাবও আছে। বড় কোনও সমস্যা নেই। রবিবার করোনা পরীক্ষা করালে আজই তার ফল পেয়েছি। আপাতত বাসায় আছি। ওষুধ সেবনও শুরু করে দিয়েছি।’

ফলো-অনে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

জ্যাক ক্রলি ডাবল সেঞ্চুরি হাঁকান। তার ২৬৭ রানের সঙ্গে জস বাটলার থামেন ১৫২ রানে। ব্যস, পাকিস্তানকে রান চাপা দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। ৮ উইকেটে ৫৮৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড সেটাই করে দেখিয়েছে।
রান চাপা খেয়ে উঠে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে সমান তালে লড়াইটা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু জেমস অ্যান্ডারসন একাই পাঁচ উইকেট নিয়ে তা হতে দিলেন কোথায়! আজহার আলির (১৪১*) অধিনায়কোচিত হার না মানা দাপুটে সেঞ্চুরিও পারেনি দলকে বড় স্কোর এনে দিতে। পারেনি ফলো-অন এড়াতে। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের (৫৩) সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপও গড়ে ছিলেন আজহার আলি। কিন্তু তারপরও কোনো লাভ হয়নি। সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৭৩ রানে। সাউদ্যাম্পটনে এখানেই শেষ হয় তৃতীয় ও সিরিজের ফাইনাল টেস্টের তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিন সকালে ফের ব্যাটিং করতে নামবে পাকিস্তান। জ্যাক ক্রলির দ্বিশতক আর জস বাটলারের শতকে জো রুটরা আসলে জয়ের হাতছানি পেয়ে গিয়েছিল আগেই। আর প্রথম ইনিংসে ৩১০ রানের লিড নিয়ে ম্যাচ জয়ের সুবাসটা যেন এখন একটু বেশি করে নিতে পারছে ইংল্যান্ড। সঙ্গে সিরিজ ট্রফি ছিনিয়ে নেওয়ার স্বপ্নও বুনে চলেছে স্বাগতিকরা।
এ নিয়ে ২৯বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন অ্যান্ডারসন। আর ৬০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র দুই উইকেট দূরে এ তারকা ইংলিশ পেসার।

গোলকিপিংকে নয়্যার অনন্য উচ্চতায়

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের শিরোপা জিতেছে জার্মান কাব বায়ার্ন মিউনিখ। কিংসলে কোম্যানের করা একমাত্র গোলে ফ্রেঞ্চ কাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন।
তাদের শিরোপা জয়ে বড় অবদান ছিল গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। পুরো ম্যাচে নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কুইনহোসদের একের পর এক আক্রমণ অসামান্য দক্ষতায় ঠেকিয়েছেন নয়্যার। এর মধ্যে নেইমার ও এমবাপে একা পেয়েও পরাস্ত করতে পারেননি নয়্যারকে। ম্যাচ শেষে পিএসজি কোচ থমাস টুখেল এক বাক্যে মেনে নিয়েছেন নয়্যারের শ্রেষ্ঠত্ব। স্বীকার করেছেন, গোলকিপিংকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জার্মানির এ গোলরক্ষক। টুখেলের দলে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক কেইলর নাভাস। তবে নয়্যার তাকেও ছাপিয়ে গেছেন বলে মন্তব্য পিএসজি কোচের।

পাঁচ বছর পর সঙ্গী পেলেন মেসিরা

ক্রীড়া প্রতিবেদক

সুযোগ ছিল দুই দলের সামনেই। রবিবার রাতের ফাইনালে যারাই জিততো, পেতো ট্রেবলের স্বাদ। জার্মান কাব বায়ার্ন মিউনিখের জন্য বিষয়টা নতুন নয়। তারা আগেও জিতেছে ট্রেবল। কিন্তু ফ্রেঞ্চ কাব প্যারিস সেইন্ট জার্মেই ট্রেবল দূরে, কখনও চ্যাম্পিয়নস লিগ শিরোপাই জেতেনি। ফলে তাদের সামনে এটি ছিল সুবর্ণ সুযোগ।
কিন্তু তা কাজে লাগাতে পারেননি নেইমার, এমবাপেরা। একের পর এক গোল মিসের মহড়ায় হারতে হয়েছে ১-০ গোলে। তাও কি না স্বদেশি মিডফিল্ডার কিংসলে কোম্যানের গোলে। ম্যাচের ৫৯ মিনিটে এই ফ্রেঞ্চ মিডফিল্ডারের গোলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় ট্রেবল জিতেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান কাব ফুটবলের একই মৌসুমে ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং চ্যাম্পিয়নস লিগ (তৎকালীন ইউরোপিয়ান কাপ) জিতলে সেটিকে ট্রেবল হিসেবে আখ্যায়িত। এ কাজটি এতোটাই কঠিন যে ইউরোপের সফলতম কাব রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত একবারও পারেনি ট্রেবল জিততে। তবে স্প্যানিশ কাব বার্সেলোনা এবং জার্মান কাব বায়ার্ন মিউনিখ এই ট্রেবল জিতেছে দুইবার করে। ইতিহাসের প্রথম কাব হিসেবে ২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয় ট্রেবল জেতার গৌরব অর্জন করেছিল বার্সেলোনা। গত পাঁচ বছর ধরে তারা একাই ছিল দুই ট্রেবলজয়ী কাবে।

বার্সেলোনায় ফিরছেন কুতিনিয়ো

ক্রীড়া প্রতিবেদক

একেই বলে ভাগ্য! বার্সেলোনা যে দলটার কাছে ৮-২ গোলে হেরেছে, সেই বায়ার্ন মিউনিখের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ফিলিপে কুতিনিয়ো। ‘ভাগ্য’ প্রসঙ্গ কেন টেনে আনা হচ্ছে? ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ‘অরিজিনাল’ কাব তো এই বার্সেলোনাই। ধারে জার্মান কাবটিতে খেলতে গিয়ে কাব ফুটবলের সর্বোচ্চ সাফল্যই সঙ্গী হয়েছে তার। আপাতত তার বায়ার্ন-অধ্যায় শেষ। এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে কুতিনিয়ো ফিরতে যাচ্ছেন কাতালান কাবটিতে।
ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়া বার্সেলোনায় কোচ বদল হয়েছে। কিকে সেতিয়েনকে ছেঁটে দায়িত্ব দেওয়া হয়েছে রোনান্ড কোম্যানকে। কুতিনিয়োর বার্সেলোনা ভবিষ্যৎ নির্ভর করছে তার হাতেই। তাতে চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকার ভবিষ্যৎ আরেকবার ভাসতে শুরু করেছে বাতাসে। বায়ার্নের ত্রিমুকুট জয়ী দলের সদস্য কুতিনিয়ো। খুব বেশি অবদান না থাকলেও বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। যদিও আলিয়েঞ্জ অ্যারেনায় তার থাকা হচ্ছে না। কেননা ম্যানচেস্টার সিটি থেকে লেরয় সানেকে নিয়ে আসায় সামনের মৌসুমে বায়ার্ন কোচ হান্স-ডিয়েটার ফিকের পরিকল্পনায় তিনি নেই। ন্যু ক্যাম্পেই তাই ফিরতে হচ্ছে সাবেক লিভারপুল মিডফিল্ডারকে।

দুই তারকাকে বিক্রি করতে চায় বার্সা

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই হারের পর কাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু ঘোষণা দিয়েছিলেন বড়সড় পরিবর্তন আনা হবে কাবে। যার অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে হেড কোচ কিকে সেতিয়েন ও টিম ডিরেক্টর এরিক আবিদালকে।
শুধু টিম স্টাফ নয়, বার্সেলোনার নজর রয়েছে খেলোয়াড়দের ওপরও। বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করে দিতে চায় কাবটি। এমনও শোনা গিয়েছে, কাবের বেশিরভাগ পরিচালকই চান দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছেড়ে দিতে। তবে এখনের খবর হলো, বিক্রি করার তালিকায় সবার আগে রয়েছে দুই তারকা লুইস সুয়ারেজ ও ইভান রাকিটিচের নাম।

করোনায় আক্রান্ত পিয়ানিচ

ক্রীড়া প্রতিবেদক

অদল-বদল চুক্তিতে জুভেন্টাস থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন মিরালেম পিয়ানিচ। চুক্তিটাও হয়েছে প্রায় মাস দুয়েক হতে চললো। কাবটিতে তাকে আনুষ্ঠানিকভাবে হাজির করার আগেই দুঃসংবাদ দিয়েছেন এই মিডফিল্ডার। করোনা পজিটিভ হয়েছেন তিনি।
এর ফলে দুই সপ্তাহের জন্য বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিতে থাকা হবে না পিয়ানিচের। বার্সা জানিয়েছে, খানিকটা অসুস্থ বোধ করলে পরীক্ষা করান তিনি। রবিবারই তার ফল পজিটিভ আসে। করোনা সংক্রমণের পর থেকে ঘরেই আইসোলেশনে আছেন। যদিও তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয় বলেই জানিয়েছে বার্সেলোনা।

নেইমার-এমবাপ্পের দোষ দেখেন না কোচ

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার সুযোগটা হাতছাড়া করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যাদের হাত ধরে শিরোপার এত কাছাকাছি, সেই নেইমার-এমবাপ্পেই কিনা ফাইনালে গোলের দেখা পাননি! পিএসজি কোচ টমাস টুখেল অবশ্য তাদের দোষ দেখছেন না।
তাদের ওপর প্রত্যাশার পারদ চড়ানোও ভুল ছিল না। পেট্রো ডলারে ভেজা দলটি শিরোপা জয়ের আশায় স্ট্রাইকার নেইমার-এমবাপ্পের ওপরই খরচ করেছে মোট ৪০০ মিলিয়ন ইউরো! সেই দুজনই লিসবনে গোলের চেষ্টায় শট নিয়েছিলেন ২৩টি। অথচ জালের ঠিকানা খুঁজে পায়নি একটিও।
ম্যাচের পর তাদের হয়েই ঢাল হয়ে দাঁড়ালেন টুখেল, ‘পুরো টুর্নামেন্টে নেইমার অসাধারণ ছিল। তবে একটা মানুষ কিন্তু সব কিছু করতে পারে না। এমবাপ্পের বেলায় বলবো, এটা অবিশ্বাস্য যে গোড়ালির চোটের পরেও সে আমাদের সঙ্গে খেলতে পেরেছে।’

পগবাকে বিক্রি করবে না ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

এই গ্রীষ্মে পল পগবাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারের সঙ্গে রেড ডেভিলরা শিগগিরই নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসবে জানিয়েছে তার অ্যাজেন্ট।
২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ২৭ বছর বয়সী তারকা। ২০১৯/২০ মৌসুমটা তার কেটেছে চোটে। তবে মাঠে ফেরার পর ঠিকই দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠতে সাহায্য করেন পগবা।

পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

ক্রীড়া প্রতিবেদক

প্যারিস সেন্ত জার্মেইয়ে (পিএসজি) ক্যারিয়ারের ইতি টানলেন থিয়াগো সিলভা। রবিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়ে ফ্রান্সের দলটির হয়ে শেষ ম্যাচ খেলেন থিয়াগো।
থিয়াগোর পরবর্তী ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। আগামী মৌসুমের শুরুতেই এ ব্রাজিলিয়ান যোগ দেবেন অলব্লুজ শিবিরে। ৩৫ বছর বয়সি এ ডিফেন্ডার এক মৌসুমের চুক্তিতে চেলসি যাচ্ছেন। ২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে এসেছিলেন সিলভা। আট বছর সফলতার সঙ্গে ফ্রান্সে ক্যারিয়ার গড়ার পর ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন। এ আট বছরে পিএসজির হয়ে সাতবার লিগ ওয়ান কাপ জিতেছেন তিনি। তবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। সেই আক্ষেপ যাবার বেলাও থেকে গেল।

রেকর্ড গড়া রশিদের চোখ আরও উঁচুতে

ক্রীড়া প্রতিবেদক

বয়স ২২ ছুঁই ছুঁই। অথচ এই বয়সে বিশ্ব ক্রিকেটের হট কেক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বৃহস্পতিবার সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ছুঁয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক। সবচেয়ে কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন রশিদ। একইদিন দুটি রেকর্ড গড়া রশিদের চোখ আরও উঁচুতে। আরও অনেক কিছু অর্জন করতে চান এই লেগ স্পিনার।
এবারের সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন রশিদ খান। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নেওয়ার পথে স্পর্শ করেছেন ৩০০ টি-টোয়েন্টি উইকেট। অষ্টম বোলার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার পথে ক্যারিবিয়ান বোলার সুনীল নারাইনের রেকর্ড ভেঙে নিজের করে নিয়েছেন রশিদ। ২০১৭ সালে ২৯ বছর ১৭৫ দিন বয়সে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন নারাইন। আর রশিদ ৩০০ উইকেট পূর্ণ করলেন ২১ বছর ৩৩৫ দিন বয়সে। এছাড়াও এর আগে দ্রুততম ৩০০ উইকেটের মাইলফলক ছিল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙার। ২২২ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী এই লঙ্কান পেসার। রশিদ খান ২১৩ ম্যাচে ৩০০ টি-টোয়েন্টি উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন তাকেও।

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল পিএসজি সমর্থকরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নিয়ে বেশ উৎফুল্লই ছিল প্যারিস সেইন্ট জার্মেইন সমর্থকরা। ইতিহাস গড়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারলে হয়তো আনন্দ উৎসবের মাত্রাটা বৃদ্ধি পেতো। কিন্তু লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-০ গোলের হারের হতাশা থেকেই ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি সমর্থকরা। এ সময়ে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন তারা।
অনেক বাঁধা অতিক্রম করে কাব ইতিহাসের প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঠাঁই করে নেয় নেইমার-এমবাপেরা। শিরোপা নিয়ে ঘরে ফেরার আশায় বুক বেঁধেছিল পিএসজির সমর্থকরা। তবে বায়ার্নের সঙ্গে ১-০ গোলের হারের পর হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের। এ সময় তারা ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুপক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ।

এক লেগের নকআউট পর্ব পছন্দ উয়েফার

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবর্তনটা আনতে হয়েছিল বাধ্য হয়েই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে এক লেগের ফরম্যাট যে রোমাঞ্চ ছড়িয়েছে, তাতে মুগ্ধ উয়েফা প্রধান আলেকসান্দের চেফেরিন। তার বেশ মনে ধরেছে এই বদল। জানালেন, এই ফরম্যাট তাদের ভাবনায় থাকবে।
কোভিড-১৯ মহামারীর কারণে এই মৌসুমে শেষ আট থেকে ম্যাচগুলো প্রথাগত দুই লেগের বদলে এক লেগে নামিয়ে আনে উয়েফা। নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগের এই অংশ হয় পর্তুগালের রাজধানী লিসবনে। একই শহরে আট দলের ‘মিনি-টুর্নামেন্ট’কে অনেকে বিশ্বকাপের সঙ্গেও তুলনা করেছেন। চেফেরিন বলেন, তারাও এর মাঝে ‘নতুন কিছু’ খুঁজে পেয়েছেন। ফিরতি লেগ না থাকায় দুই দলই গোলের জন্য মরিয়া থাকে বলে মনে করেন তিনি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভিএআর

ক্রীড়া প্রতিবেদক

ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) ২০২০ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্যবহার করা হবে বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি)। ভিএআর ব্যবহারের বিষয়টি গতকাল সোমবার জানিয়েছে এএফসি।
এএফসির প্রতিযোগিতায় এ প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয়েছিল গত বছর এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে। প্রতিযোগিতাটি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচেই ভিএআর ব্যবহৃত হয়। এবার প্রথমবারের মতো প্রযুক্তিটি এএফসির কাবভিত্তিক প্রতিযোগিতায় ব্যবহৃত হতে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে স্থগিত থাকা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পশ্চিম এশিয়া অঞ্চলের খেলা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কাতারে এবং পূর্ব এশিয়া অঞ্চলের খেলা ১৬ অক্টোবর থেকে মালয়েশিয়াতে শুরু হবে।

ছয়শর অপেক্ষায় অ্যান্ডারসন

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট উইকেট সংখ্যায় বেশ আগেই গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। এবার ৫ উইকেট শিকারির তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে স্পর্শ করলেন ইংলিশ গ্রেট। আরেকটি মাইলফলক থেকে এখন মাত্র দুই ধাপ পেছনে অ্যান্ডারসন। ৬০০ টেস্ট উইকেটের ইতিহাস গড়তে তার প্রয়োজন আর কেবল দুটি উইকেট।
সাউথ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনে রবিবার পাকিস্তানের শেষ উইকেটটি নিয়ে অ্যান্ডারসন পূর্ণ করেছেন ৫ উইকেট। এই নিয়ে ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি ২৯ বার। ২৯ বার ৫ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রাও। টেস্টে এই রেকর্ডে পেসারদের মধ্যে তারা এখন যৌথভাবে দ্বিতীয়। ৩৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের সবার ওপরে নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি। প্রতিবারই হতাশায় মাথা নুইয়ে বসে পড়েছিলেন অ্যান্ডারসন। ৫ উইকেট পাওয়া নিয়েই তখন শঙ্কা। শেষ পর্যন্ত স্লিপেই ক্যাচ নিতে পারলেন ডমিনিক সিবলি। শেষ উইকেটটি নিয়ে অ্যান্ডারসন পান ৫ উইকেটের স্বাদ।
ওই ৫ উইকেটের পর ৩৮ বছর বয়সী পেসারের ক্যারিয়ার উইকেট এখন ৫৯৮টি। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার খুব কাছে তিনি। আলোকস্বল্পতায় খেলা বন্ধ না হলে সুযোগটা পেতেন তৃতীয় দিনেই। আবহাওয়া ভালো থাকলে সোমবার চতুর্থ দিনে তিনি মাঠে নামবেন আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায়।

উয়েফা সুপার কাপে মুখোমুখি বায়ার্ন-সেভিয়া

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারিয়ে শিরোপা জয় করায় আগামী সেপ্টেম্বরে উয়েফা সুপার কাপের আকর্ষণীয় লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা সেভিয়ার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আগামী ২৪ সেপ্টেম্বর বুদাপেস্টে অনুষ্ঠিত হবে সুপার কাপের লড়াই। ২০০৬ সালে বার্সেলোনাকে পরাজিত করে শিরোপাজয়ী সেভিয়া তাদের দ্বিতীয় সুপার কাপের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
গত ১৯ আগস্ট উয়েফা তাদের ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের সাধরণ সম্পাদকদের নিয়ে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিল। সেখানে সুপার কাপে পরীক্ষামূলক ভাবে দর্শকদের উপস্থিতির অনুমতির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে সুপার কাপের মাধ্যমে ফুটবল মাঠে দর্শক ফিরতে পারে। যদিও পুরো বিষয়টি আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর নির্ভর করছে। এই দুটি দল এর আগে একবারই একে অপরের মোকাবেলা করেছিল। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন ২-১ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে ওঠে।