স্পোর্টস ডেস্ক
টানা দুইবার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জয় শেষে গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বাংলাদেশ দল। সে সময় ড. ইউনূসের কাছে একটি অনুরোধ করেন দলের একজন সদস্য। যা পূরণ করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে ড. ইউনূসের কাছে সাফজয়ী বাংলাদেশ দলের উইঙ্গার কৃষ্ণা রানি সরকারের একটি অনুরোধ ছিল, এশিয়ার বাইরে তাদের জন্য যেন একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। বিশেষ করে, মেয়েদের সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নারী দলের সঙ্গে বাংলাদেশ নারী দলের একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা যাতে প্রধান উপদেষ্টা করে দেন।
বার্সেলোনার সঙ্গে ম্যাচের ব্যবস্থা করে দিতে না পারলেও ইউরোপের কোনো ক্লাব যাতে বাংলাদেশে এসে সাবিনা খাতুনদের সঙ্গে খেলে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের কাছে সেই অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।
আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি প্রধান মাইকেল মিলার।
সাক্ষাতে অধ্যাপক ইউনূস ইউরোপীয় ইউনিয়নের প্রতি বাংলাদেশের যুবসমাজের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং দক্ষিণ এশীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাম্প্রতিক অর্জনের কথা তুলে ধরেন।
ইউরোপীয় এই প্রতিনিধিকে ড. ইউনূস বলেন, ‘তারা খেলতে গেছে এবং জয় করেছে, একবার নয়, বরং দু’বার।’ তিনি আরও অনুরোধ করেন যে ইউরোপীয় ইউনিয়ন যেন একটি ইউরোপীয় ফুটবল দল পাঠায় যা বাংলাদেশের মেয়েদের অনুপ্রাণিত করবে।











































