স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের তোপে পাওয়ার প্লের ১০ ওভারেই মাত্র ৩৬ রান দিয়ে তুলে নেয় ৪ উইকেট। ৭১ রানের মাথায় আরও একটি উইকেট হারায় আফগানরা। তবে এরপর দুর্দান্ত এক জুটি গড়েছেন আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।
৩৪ ওভার খেলে বর্তমানে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানে ব্যাট করছে আফগানিস্তান। হাশমতউল্লাহ-নবি জুটি থেকে এখনো পর্যন্ত এসেছে ৭০ রান।
দীর্ঘ প্রায় ৭ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই আঁটসাঁট বোলিং করেন তাসকিন ও শরিফুল। দ্বিতীয় ওভারেই টাইগারদের সাফল্য এনে দেন তাসকিন। গুরবাজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার। তিনে নেমে থিতু হওয়ার চেষ্টা করেও পারেননি রহমত। ১৩ বলে ২ রান করার পর তাকে সেই উইকেটের পেছনেই ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ।
ইমার্জিং এশিয়া কাপে দুরন্ত ফর্ম নিয়ে আফগানিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন সেদিকুল্লাহ আতাল। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচেও দারুণ ব্যাট করছিলেন তিনি। তবে মোস্তাফিজের বোলিংয়ে তার সেই ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩০ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানিস্তান আর ৫ রান যোগ করতেই আতালকে হারায়। দশম ওভারের দ্বিতীয় বলে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। ৩০ বলে ৩টি চারে ২১ রান আসে এই ওপেনারের ব্যাটে। একই ওভারে আবারও দ্য ফিজের আঘাত। ওভারের পঞ্চম বলে আজমাতুল্লাহ ওমারজাই উইকেটের পেছনেই মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন। ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদ বাড়ে আফগানদের।
বিপদে পড়া আফগানিস্তানকে প্রাথমিকভাবে উদ্ধার করেন হাশমতউল্লাহ ও গুলবাদিন নাইব। পঞ্চম উইকেটে ৩৬ রান যোগ করেন এই দুজন। দলীয় ৭১ রানে আবারও তাসকিনের আঘাত। ৩২ বলে ২২ রান করে ফেরত যান গুলবাদিন। এরপর অধিনায়কের সঙ্গে জুটি বাঁধতে নামেন নবি। হাশমতউল্লাহ কিছুটা রয়েসয়ে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন নবি।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডে। সেই সিরিজে ও বর্তমান বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন হয়েছে আগেই। ফলে একাদশেও পরিবর্তন অনুমিতই ছিল। চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।











































