স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে রোহিত শর্মা ভালো খেলতে না পারলে টিম ইন্ডিয়াকে অবশ্যই তাঁর উত্তরসূরির খোঁজ শুরু করতে হবে। এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার ধারণা, রোহিত অকারণে বোঝা হয়ে দলের সঙ্গে জুড়ে থাকবেন না। তার বিশ্বাস, পরপর ব্যর্থ হলে রোহিত নিজেই দায়িত্ব ছেড়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন।
এর আগে গত জুনে রোহিত ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি দেওয়ার পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ৩৭ বছর বয়সী হিটম্যান খ্যাত এই তারকা টেস্টে ফর্মে ফেরার লড়াই চালাচ্ছেন এবং নিউজিল্যান্ডের কাছে ৩-০ হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে তার নেতৃত্বের ঘাটতির কথা স্বীকার করেছেন।
এদিকে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ভারতকে বর্ডার-গাভাস ট্রফিতে তাদের পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে জিততে হবে। তবে ব্যক্তিগত কারণে ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে মাঠে নাও নামতে পারেন রোহিত। সেক্ষেত্রে হিটম্যানকা ছাড়াই সিরিজের প্রথম টেস্ট খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে।
শ্রীকান্ত এই প্রসঙ্গে বলেন, ‘আপনাকে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ভালো না খেলে, আমার মনে হয় সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। সেক্ষেত্রে ও শুধু ওয়ান ডে খেলবে। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছে ও। আমাদের মনে রাখতে হবে, ওর বয়স বাড়ছে।’











































