স্পোর্টস ডেস্ক
ভারি বৃষ্টির কারণে রেফারির নির্দেশে মাঠ ছাড়ছিলেন ফুটবলাররা। কিন্তু সে সময়ই বজ্রপাত হয়। আর তাতে এক ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হল। পাশাপাশি আহত আরও চার জন। গত রবিবার পেরুতে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দেশটির ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।
হুয়ানকায়ো শহরে ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গেছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।
পরে ফুটবলাররা ড্রেসিংরুমে ফেরার সময়েই বজ্রপাত হয়। যেখানে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার উপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।
এ নিয়ে স্থানীয় পুলিশকর্মকর্তা সিজার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪-য় একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।











































