Home খেলাধুলা জাদেজা-অশ্বিনের স্পিনে হোয়াইওয়াশ এড়ানোর পথে ভারত

জাদেজা-অশ্বিনের স্পিনে হোয়াইওয়াশ এড়ানোর পথে ভারত

20


স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের কাছে এরই মধ্যে প্রথম দুই টেস্টে হেরেছে ভারত। বেঙ্গালুরু ও পুনেতে কিউইদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তাই তৃতীয় ও শেষ এই ম্যাচটি তাই রোহিত শর্মার দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। তবে মুম্বাইয়ে চলমান তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের ওপর ভর করে জয়ের কক্ষপথেই আছে ভারত।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত নিজেদের ইনিংস শেষ করে ২৬৩ রান করে। ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। পরে ৯ উইকেটে ১৭১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে কিউইরা। ভারতের থেকে সফরকারীরা এগিয়ে মাত্র ১৪৩ রানে, হাতে ১ উইকেট।

আগের দিনের ৪ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। দুই অপরাজিত ব্যাটার শুভমান গিল ও রিশাভ পান্ত সকালটা দুর্দান্তভাবে শুরু করেন। কোনো বিপদ ঘটতে না দিয়েই দলের রান নিয়ে যান ১৮০ পর্যন্ত। এরপর আবার সেই চেনা ধস। গিল ও পান্ত আউট হওয়ার পর জাদেজা, সরফরাজ খান ও অশ্বিনরাও ব্যর্থ হলে তিন শ’র আশা ছাড়তে হয় স্বাগতিকদের। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করলে লিড পায় ভারত।

প্রথম ইনিংসে ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি গিল। ১৪৬ বলে ৯০ রানের ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়। তার আগে পান্ত ৫৯ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। মূলত, পান্ত আউট হওয়ার পর আর তেমন যোগ্য সঙ্গী পাননি গিল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্পিন তোপে পড়ে নিউজিল্যান্ড। যদিও টম ল্যাথামের উইকেট দিয়ে উৎসব শুরু করেন পেসার আকাশ দীপ। বাকি কাজ সারেন তিন স্পিনার অশ্বিন, জাদেজা ও ওয়াশিংটন। ৫২ রানে ৪ উইকেট জাডেজার। ৬৩ রানে ৩ উইকেট অশ্বিনের। ৩০ রানে ১ উইকেট নেন ওয়াশিংটন। এক উইল ইয়ং ছাড়া আর কোনো কিউই ব্যাটারই সুবিধা করতে পারেননি। ৫১ রান এসেছে ইয়ংয়ের ব্যাট থেকে। তৃতীয় দিনে ভারতের চাওয়া থাকবে দ্রুতই কিউইদের বাকি উইকেটটি নিয়ে লক্ষ্য দেড়শ’র মধ্যে রাখা।