Home আঞ্চলিক খুলনায় ফের অপরাধ প্রবণতা বেড়েছে : গ্রুপ করে অপরাধ ঘটাচ্ছে উঠতি বয়সী...

খুলনায় ফের অপরাধ প্রবণতা বেড়েছে : গ্রুপ করে অপরাধ ঘটাচ্ছে উঠতি বয়সী তরুণরা

24

স্টাফ রিপোর্টার:

খুলনায় করোনার মধ্যেই ফের অপরাধ প্রবণতা বেড়েছে। চাঞ্চল্যকর মশিয়ালী হত্যার রেশ না কাটতেই নগরীর খালিশপুরে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট রাতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ১০/১৫ জন যুবক মুখে কাপড় ও মাস্ক বেঁধে কফি শপের মধ্যে হাসিবুর রহমান (২৫) নামের যুবককে কুপিয়ে হত্যা করে। এ সময় জুবায়ের ও রানা নামের আরও দুজন গুরুতর জখম হন। এর আগে ১২ আগস্ট অস্ত্র ঠেকিয়ে মাছ ব্যবসায়ীর প্রায় ১৩ লাখ টাকা ছিনতাই ও ১৮ আগস্ট রাতে নগরীর গল্লামারী এলাকায় গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। ১৬ জুলাই রাতে খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালীদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী হত্যাকারীর আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি। এ ছাড়া ৬ আগস্ট নগরীর হরিণটানা বাইপাসে টুটুল মোল্লা ও ১০ আগস্ট লবণচরা     সুড়িখাল এলাকা থেকে রাজু আহমেদ নামের দুই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

অপরাধ বিশ্লেষকরা বলছে, পুলিশের নজরদারির অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গ্রুপ করে উঠতি বয়সী তরুণরা অপরাধে যুক্ত হচ্ছেন। এর পেছনে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাজনৈতিক ছত্রছায়া বড় কারণ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে পুলিশের নজরদারি কিছুটা কমেছে। এ কারণে থানায় মামলা-অভিযোগও নেওয়া হয় না। মনিটরিং না থাকায় গ্রুপ করে বিভিন্ন স্থানে অপরাধীরা আড্ডা দিচ্ছেন। তিনি বলেন, যেসব অপরাধী জামিনে বের হয়েছেন, তারা নতুন করে সংগঠিত হচ্ছেন কিনা তা পুলিশকে খুঁজে বের করতে হবে।

তবে কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, নিরবচ্ছিন্ন পুলিশি কার্যক্রম ও নজরদারিতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে খালিশপুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে|