ঢাকা অফিস।।
সস্ত্রীক অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ‘দেশের অবস্থা কেমন দেখছেন’ -বিমানবন্দরে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেশ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো হবে।
বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
দেড় মাস আগেই মেয়ের কাছে যান মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তাকে নিয়েই দেশে ফিরলেন বিএনপি মহাসচিব। গত ১০ অক্টোবর বড় মেয়ে ডা. শামারুহ মির্জাকে দেখতে ক্যানভেরায় যান মির্জা ফখরুল। বড় মেয়ে পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। মির্জা ফখরুল দম্পতির দুই মেয়ে। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।











































