নিজস্ব প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি খাল দখলে নিয়ে কৃষকের কাছে খালের পানি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বাগালি ইউনিয়নের নারায়ণপুর দোয়ানি খাল জাহাঙ্গীর আলম নামে এক যুবলীগ নেতা গত কয়েক বছর ধরে দখলে রেখেছেন। ওই খালে বাঁধ দিয়ে মাছ চাষের পাশাপাশি কৃষককে সেচকাজে অর্থের বিনিময়ে পানি সরবরাহ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির মূল ইজারাদার গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি। মাছ চাষের জন্য ২০২০ সালে সরকারের কাছ থেকে ৬ বছরের জন্য (বাংলা ১৪২৭-’৩২ সাল) খালের ইজারা পায় ওই সমিতি। জাহাঙ্গীর আলমের চাচা আব্দুস সামাদ গাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাগালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ প্রভাবকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ইজারাদার গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে সাবলিজ নেন উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর। সে সময় কৃষকদের খালের পানি ব্যবহারে টাকা দিতে হতো না। পরে ২০২২ সালে ইজারাদারকে হটিয়ে খালটি দখলে নেওয়ার পর থেকে কৃষকদের কাছে খালের পানি বিক্রি শুরু করেন তিনি।
খালটির দুই পাড়ে প্রায় ৫ হাজার কৃষক তাদের জমিতে বোরো, আমনসহ মৌসুমি ফসল চাষাবাদ করেন। শুষ্ক মৌসুমে ফসলের ক্ষেতে সেচ দিতে খালের পানির ওপর ভরসা করেন তারা। এ সুযোগকে কাজে লাগিয়ে সেচ কাজে পানি দিতে কৃষকদের অর্থ দিতে বাধ্য করেন জাহাঙ্গীর। প্রথম দিকে বিঘা প্রতি দেড় হাজার টাকা করে নেওয়া হতো। পানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিঘা প্রতি ৩-৪ হাজার নেওয়া শুরু করেন। কৃষকরা প্রতিবাদ করলে জাহাঙ্গীর তার লোকজন দিয়ে পানি সরবরাহ বন্ধ করে দেন। পরে চাষাবাদের স্বার্থে জাহাঙ্গীরের দাবি মতো টাকা দিতে বাধ্য হয় কৃষক। এভাবে কৃষকদের জিম্মি করে বছরের পর বছর অর্থ আদায় করা হচ্ছে।
বাগালি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুর রহিম বলেন, খালটি মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়ে থাকে। ইজারার শর্ত অনুযায়ী, সেচ কাজে কৃষকদের খালের পানি ব্যবহারে বাধা দেওয়া যাবে না। অথচ দখলদার জাহাঙ্গীর কৃষকদের কাছে ওই খালের পানি বিক্রি করে বছরে কোটি টাকা আদায় করেন। পানির টাকা আদায়ে তিনি আলাদা বাহিনীও গড়ে তুলেছেন। ওই বাহিনীর হাতে নিগৃহীত হচ্ছেন কৃষক। খালটি দখলমুক্ত করে কৃষকের স্বার্থ পুনরুদ্ধারের দাবি জানান তিনি। বগা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ভাষ্য, আমন আবাদে তেমন সমস্যা না হলেও শুষ্ক মৌসুমে চাষাবাদে খালের পানি ব্যবহার করতে হয়। তখন খাল দখলদারের চাহিদামতো টাকা দিতে হয়। না হলে দখলদারের বাহিনী এসে পানি বন্ধ করে দেয়।
খালপাড়ের বাসিন্দা কলেজ শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, ‘বাড়ির পাশের খাল হলেও সেখানে আমাগের কোনো অধিকার নেই। বাড়ির আঙিনায় তরকারি লাগাতে পানির দরকার হলেও দখলদার বাহিনীকে টাকা দিতে হয়। অনুমতি ছাড়া পানি নেওয়া হলে জাহাঙ্গীরের বাহিনী এসে নির্যাতন চালায়।’
স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী বলেন, আর কিছুদিন পরে বোরো আবাদ শুরু করবে কৃষক। তার আগে খালটি দখলমুক্ত না হলে পানির জন্য দুর্ভোগে পড়বে তারা।
খালের মূল ইজারাদার মুজিবার রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সেই প্রভাবে জাহাঙ্গীর খালটি দখলে নেন। বর্তমানে স্থানীয় এক বিএনপি নেতার প্রভাবে দখলে রেখেছেন। অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, তিনি বৈধভাবে খাল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। খালের পানি বিক্রি করার অভিযোগ সঠিক নয়। বোরো আবাদের সময় কৃষকরা কিছু টাকা দেন সত্যি। তবে যেভাবে বলা হচ্ছে, তেমন কিছু না।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।











































