স্টাফ রিপোর্টার
খুলনায় পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙন দেখা দেয়। পরে রোববার সকালে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে। তখন শতশত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। জানা যায়, বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লাখ লাখ টাকার মাছ ও ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ধান।
অর্ঘ্য মল্লিক নামে এক স্থানীয় বাসিন্দা জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। রাস্তাটির ভাঙন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল। শনিবার রাত ১২টার দিকে সেখানে ভাঙন দেখা দেয়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ির ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪-৫টি বসতবাড়ি। এখন ১১টি গ্রামের মানুষ আতঙ্কে আছেন।
পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে। আমরা বাঁশ, জিও-ব্যাগ সরবরাহ করেছি।











































