Home খেলাধুলা সাকিবের দেশের মাটিতে বিদায় নিতে না পারা নিয়ে যা বললেন শান্ত

সাকিবের দেশের মাটিতে বিদায় নিতে না পারা নিয়ে যা বললেন শান্ত

32


স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দলে ডাক পেয়ে নিউইয়র্ক থেকে দেশের পথেও রওনা দিয়েছিলেন তিনি। চলে এসেছিলেন দুবাই পর্যন্ত। তবে তার আগমনের বিরোধিতায় মিরপুরে শেরে বাংলা স্টেডিয়াম এলাকাসহ কয়েক জায়গায় বিক্ষোভ হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সাকিবকে আসতে মানা করে দেয় সরকারের উচ্চ মহল।

আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে ফের সাকিব প্রসঙ্গ। যেখানে দেশের মাটিতে সাকিবের বিদায় না নিতে পারাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন শান্ত।

অধিনায়ক বলেন, ‘আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

তিনি আরও বলেন, ‘আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’-যোগ করেন শান্ত।