ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে একটি মুরগির দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ নতুন বাজারের মুরগি ব্যবসায়ী কামরুজ্জামান রনোর ব্যবসা প্রতিষ্ঠানটি জোর করে দখল করে নেন বিল্লাল হোসেন ও মামুন হোসেন নামের বিএনপির দুই সমর্থক।
দখলের সময় কামরুজ্জামান রনোকে দোকান থেকে বের করে দিয়ে মামুনকে বসিয়ে দেওয়া হয়। বিল্লাল ও মামুন স্থানীয় বিএনপির একাংশের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুরগি ব্যবসায়ী কামরুজ্জামান রনো বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে এখানে মুরগি ও ছাগলের মাংসের ব্যবসা করছি। জেলা পরিষদ থেকে নিয়ম অনুযায়ী বরাদ্দ নেওয়া। নিয়মিত ভাড়া পরিশোধ করি। আমি সক্রিয়ভাবে কোনো দলের সঙ্গে জড়িত নই। রোববার সন্ধ্যায় বিল্লাল ও মামুন এসে আমার প্রতিষ্ঠানের মুরগির একটি খাঁচা বের করে দেয়। এরপর আরেকটি খাঁচা তুলে দিয়ে মামুন দোকানে উঠে দখলে নেয়। এরপর তারা বলে, এখন থেকে এই দোকানের মালিক মামুন। মামুন আড়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।’
স্থানীয় বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক পৌর কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, ‘আমরা ফিরোজের সঙ্গে রাজনীতি করি। আমাদের আজও মিটিং হয়েছে যে, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। বিল্লাল এবং মামুন আমাদের সঙ্গেই দল করে। কিন্তু তারা যেটা করেছে, সেটা হঠকারিতা। আমরা এর বিপক্ষে, আমরা এটা চাই না।’
এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দোকান দখলের কোনো বিষয় না। আওয়ামী লীগ সরকার থাকতে ওখানে কামরুজ্জামান জায়গাটি দখল করে মুরগির দোকান দেয়। গতকাল বিল্লাল হোসেনরা গিয়ে একটি খাঁচা উঠায় নেয় আর বলা হয়, সামাজিকভাবে আলোচনা করে এখানে ব্যবসা করতে হবে। বিষয়টি নিয়ে নিউজ করার দরকার নেই বলেও জানান তিনি।
জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











































